‘দৃশ্যম’-এর তাণ্ডব, তিন দিনেই ১৭২ কোটি রুপি
Advertisement
আনন্দনগর ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বক্স অফিসে যেন থামতেই চাইছে না অজয় দেবগনের ‘দৃশ্যম : দ্য কনক্লুশন’। মুক্তির প্রথম দিন থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে থাকা সিনেমাটি প্রথম সপ্তাহান্তেই তুলে নিয়েছে প্রায় ১৭২ কোটি ভারতীয় রুপি। প্রথম তিন দিনের এই আয় ভারতীয় বক্স অফিস ইতিহাসে জায়গা করে নিয়েছে সর্বকালের তৃতীয় সর্বোচ্চ হিসাবে।
তিন দিনের আয়ের তালিকায় ‘দৃশ্যম’-এর ওপরে রয়েছে শুধু ‘ধুরন্ধর : দ্য রিভেঞ্জ’, যার প্রথম তিন দিনের আয় ২৮৩ কোটি ৫০ লাখ রুপি এবং শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’, যার আয় ছিল ১৭৭ কোটি ৫০ লাখ রুপি। হিন্দি সংস্করণে ‘পুষ্পা ২’-এর ১৮০ কোটি রুপির আয়ও সামান্য এগিয়ে রয়েছে।
‘দৃশ্যম : দ্য কনক্লুশন’-এর আয় অবশ্য দিনভেদে কিছুটা ওঠানামা করেছে। মুক্তির প্রথম দিন, শুক্রবার, সিনেমাটি আয় করে ৬১ কোটি রুপি। শনিবার আয় কমে দাঁড়ায় ৫২ কোটিতে। কিন্তু রোববার ফের ঘুরে দাঁড়ায় সিনেমাটি। তৃতীয় দিনে আয় করে প্রায় ৫৯ কোটি রুপি।
রোববারের এ উত্থান বিশেষভাবে নজর কেড়েছে। শনিবারের তুলনায় ভারতের বিভিন্ন অঞ্চলে ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ব্যবসা বেড়েছে। উত্তর, মধ্য ও পূর্বাঞ্চলের পাশাপাশি গুজরাটেও দেখা গেছে দর্শক-আগ্রহের বড় উত্থান। ছুটির দিনের উদ্বোধনী ব্যবসার পর শনিবার যেখানে কিছুটা ধাক্কা খেয়েছিল সিনেমাটি, রোববার সেই ঘাটতি অনেকটাই পুষিয়ে নেয়।
তবে সবচেয়ে চমকপ্রদ পারফরম্যান্স এসেছে মহারাষ্ট্র থেকে। ইতোমধ্যে বড় অঙ্কের ব্যবসা করার পরও রোববার সেখানে আয় আরও বেড়েছে। এমনকি প্রথম দিনের ব্যবসাকেও ছাড়িয়ে গেছে। অজয় দেবগনের সিনেমার জন্য মহারাষ্ট্র বরাবরই শক্তিশালী বাজার। বিশেষ করে তিনি যখন মারাঠা চরিত্রে অভিনয় করেন, তখন দর্শকদের আগ্রহ আরও বেড়ে যায়। ‘সিংহাম’, ‘তানহাজি’ কিংবা ‘দৃশ্যম’-এর বিজয় সালগাঁওকর-প্রতিটি চরিত্রেই যার প্রমাণ মিলেছে।
তিন দিনেই ১৭২ কোটি রুপি-এ পরিসংখ্যান বলছে, ‘দৃশ্যম : দ্য কনক্লুশন’ ইতোমধ্যেই ব্লকবাস্টারের তকমা পেয়ে গেছে। এখন প্রশ্ন একটাই-শেষ পর্যন্ত কত বড় হিট হতে যাচ্ছে সিনেমাটি?
সেই উত্তর মিলবে মূলত কর্মদিবসের ব্যবসায়। প্রথম সপ্তাহান্তের উন্মাদনা ধরে রাখতে পারলে অজয় দেবগনের এ সিনেমা বক্স অফিসে নতুন মাইলফলক তৈরি করতে পারে।
