টুকরো খবর
হুমায়ূন আহমেদকে নিয়ে মিমের স্মৃতিচারণা
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকাই সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মিম। ক্যারিয়ারের শুরুতে প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সঙ্গে কাজ করেছেন তিনি। ওটা ছিল একটা নাটক। নাম ‘রহস্য’। বিপরীতে ছিলেন জাহিদ হাসান। এ নাটকে অভিনয় করে মিম পেয়েছিলেন পাঁচ হাজার টাকা। ওটাই ছিল তার প্রথম আয়। সম্প্রতি এ নিয়ে স্মৃতিচারণা করেছেন এ নায়িকা। বলেছেন, প্রথম সম্মানির টাকাটা তুলে দিয়েছিলেন মায়ের হাতে। তিনি বলেন, ‘হুমায়ূন আহমেদ স্যারের কাছ থেকে পাওয়া আমার প্রথম সম্মানি ছিল এটি। তাই এর স্মৃতি আমার কাছে অন্যরকম’। ২০০৭ সালে সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হয়ে আলোচনায় আসেন মিম। এর আগে প্রায় দুবছর কাজের সুযোগ খুঁজেছেন। মিম জানান, তখন প্রস্তাব এলেও তিনি নায়িকার চরিত্রেই কাজ করতে চেয়েছিলেন। তিনি বলেন, ‘তখন ছোট চরিত্রে কাজ করার প্রস্তাব পেতাম, কিন্তু আমি নায়িকা হতে চাইতাম।’ এ কারণে জাহিদ হাসানের বোনের চরিত্রের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। পরে প্রথম নাটকেই সেই জাহিদ হাসানের সঙ্গে কাজ করেন। এরপর ২০০৮ সালে হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ দিয়ে বড় পর্দায় আসেন মিম। এ সিনেমাকে তিনি জীবনের বাঁকবদল মনে করেন। তিনি বলেন, ‘শুরুতেই এমন একজন নির্মাতার সঙ্গে কাজ করায় আমার আত্মবিশ্বাস অনেক বেড়ে গিয়েছিল।’
