রামায়ণ-এর উত্তেজনার মধ্যে মাতৃভূমি নিয়ে হাজির হচ্ছেন সালমান
আনন্দনগর ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বলিউডে এখন আলোচনার কেন্দ্রে রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’। সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহের মধ্যেই নতুন চমক নিয়ে হাজির হতে পারেন সালমান খান। তার বহুল প্রতীক্ষিত যুদ্ধভিত্তিক সিনেমা ‘মাতৃভূমি : মে ওয়ার রেস্ট ইন পিস’-এর ট্রেলার মুক্তি পেতে পারে আজ। এমনই খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম। জানা গেছে, মুম্বাইয়ে জমকালো এক আয়োজনের মধ্যদিয়ে ট্রেলারটি প্রকাশের পরিকল্পনা করছেন সিনেমার নির্মাতারা। তবে এ বিষয়ে এখনো প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। ফলে ট্রেলার প্রকাশের দিনক্ষণ নিয়ে আপাতত অপেক্ষায় থাকতে হচ্ছে সালমানভক্তদের।
‘রামায়ণ’ প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকদের মধ্যে যে উন্মাদনা তৈরি হয়েছে, সেই আবহকে কাজে লাগিয়েই ‘মাতৃভূমি’র প্রচারণা শুরু করতে চাইছেন নির্মাতারা। একই সময় দুই বড় বাজেটের সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হলে সালমানের সিনেমাটিও বাড়তি আলোচনায় আসবে বলে মনে করা হচ্ছে।
এর আগে ২০২৫ সালের জুলাইয়ে ‘ব্যাটল অব গালওয়ান’ নামে সিনেমাটির ঘোষণা দেওয়া হয়েছিল। পরে ২০২৬ সালের মার্চে এর নাম পরিবর্তন করে রাখা হয় ‘মাতৃভূমি’। ২০২০ সালের ১৫ জুন গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘটিত সংঘর্ষের ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে ভারতীয় সেনা কর্মকর্তা কর্নেল বিকুমল্লা সন্তোষের আদলে একজন সেনা কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন সালমান।
অপূর্ব লাখিয়ার পরিচালনায় এ সিনেমায় সালমানের বিপরীতে রয়েছেন চিত্রাঙ্গদা সিং। আরও অভিনয় করেছেন প্রশান্ত তামাং। এদিকে সালমানের মুম্বাইয়ের বাড়িতে গুলির ঘটনায় অভিযুক্ত বিকিকুমার গুপ্তকে সম্প্রতি সাময়িক জামিন দেয়নি আদালত। আগামী ১ ও ২ ডিসেম্বর বিহারের পশ্চিম চম্পারণে নিজের ভাইয়ের বিয়েতে অংশ নিতে সাময়িক মুক্তি চেয়েছিলেন বিকিকুমার। কিন্তু তার আবেদন খারিজ করে দেন বিচারক এস নাভান্দার।
