Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়

ছয় বছর পর স্বর্ণপদক পাচ্ছেন ৪৬৯ শিক্ষার্থী

Advertisement

হুমায়ুন কবির

হুমায়ুন কবির

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ছয় বছর পর স্বর্ণপদক পাচ্ছেন ৪৬৯ শিক্ষার্থী

Advertisement

উচ্চশিক্ষায় অসাধারণ কৃতিত্ব ও মেধার স্বীকৃতি হিসাবে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪৬৯ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক। দীর্ঘ সাড়ে ৬ বছর পর একসঙ্গে ২০১৯, ২০২০ ও ২০২১ সালের জন্য এ পদক দেওয়া হচ্ছে। এবার ৩৬টি সরকারি ও পাঁচটি বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ মোট ৪১টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এ সম্মাননা পাচ্ছেন।

ইউনিভার্সিটি মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী, ২০১৯ সালে ১৭৮, ২০২০ সালে ১৪১ এবং ২০২১ সালে ১৫০ শিক্ষার্থীকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। নীতিমালা অনুযায়ী, প্রত্যেক শিক্ষার্থীকে ২২ ক্যারেট মানের ৪ দশমিক ৫ গ্রাম স্বর্ণ ও ১০ গ্রাম রৌপ্য দিয়ে তৈরি একটি পদক এবং সম্মাননাপত্র দেওয়া হবে। ইউজিসি সূত্র জানিয়েছে, পদক প্রদান অনুষ্ঠানের তারিখ চেয়ে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। তবে এখনো অনুষ্ঠানের চূড়ান্ত তারিখ নির্ধারণ হয়নি।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনোযোগী করা এবং ভালো ফল অর্জনে উৎসাহিত করতে ২০০৫ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্বর্ণপদক চালু করেন। শুরুতে শুধু সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ পুরস্কারের আওতায় ছিলেন। পরে ২০১৮ সালে নীতিমালা সংশোধন করে স্থায়ী সনদপ্রাপ্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকেও এর আওতায় আনা হয়।

ইউজিসির নিয়ম অনুযায়ী, অনার্স পর্যায়ে বিভিন্ন অনুষদে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের এ পদকের জন্য মনোনীত করা হয়। বিশ্ববিদ্যালয়গুলো প্রাথমিকভাবে শিক্ষার্থীদের মনোনয়ন দেয়। পরে ইউজিসি যাচাই-বাছাই করে চূড়ান্ত তালিকা প্রকাশ করে। সর্বশেষ ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮ দেওয়া হয়েছিল। এরপর আর কোনো আয়োজন না হওয়ায় ২০১৯, ২০২০ ও ২০২১ সালের পদক একসঙ্গে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এবারের তালিকায় ঢাকা, রাজশাহী, বাংলাদেশ কৃষি, বাংলাদেশ প্রকৌশল, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, ইসলামী, জগন্নাথ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি, খুলনা, জাতীয়, বাংলাদেশ উন্মুক্ত, বাংলাদেশ মেডিকেল, গাজীপুর কৃষি, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি, শেরেবাংলা কৃষি, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি, কুমিল্লা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস, সিলেট কৃষি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি, বেগম রোকেয়া, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি, বাংলাদেশ টেক্সটাইল, বরিশাল, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি, ইস্ট ওয়েস্ট, প্রিমিয়ার, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি এবং বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি।

যেসব বছরে শিক্ষার্থীরা মনোনীত হলেন :

২০১৯ সালে ৩৭টি বিশ্ববিদ্যালয়ের ১৭৮ শিক্ষার্থী মনোনীত হন। ওই তালিকায় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি, প্রিমিয়ার, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি এবং বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির কোনো শিক্ষার্থী ছিলেন না।

২০২০ সালে ৩৪টি বিশ্ববিদ্যালয়ের ১৪১ শিক্ষার্থী মনোনীত হন। ওই বছর জাতীয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি, ইসলামী আরবি এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী তালিকায় ছিলেন না। তবে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নতুন করে তালিকায় যুক্ত হয়। ২০২১ সালে ৩৭টি বিশ্ববিদ্যালয়ের ১৫০ শিক্ষার্থী মনোনীত হন। এ বছর গাজীপুর কৃষি, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী তালিকায় স্থান পাননি। অন্যদিকে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি প্রিমিয়ার, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি এবং বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা তালিকায় জায়গা পান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন যুগান্তরকে বলেন, যথাযথ প্রক্রিয়ায় যাচাই-বাছাই করে শিক্ষার্থীদের তালিকা দেওয়া হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয় থেকে ১৬ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন। এ ধরনের স্বীকৃতি শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন করে স্বর্ণপদক দেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা। এর মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও একাডেমিক কৃতিত্বের যথাযথ মূল্যায়ন হবে। প্রতিবছর এ ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন তিনি।

ইউজিসি জানিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোর মনোনীত প্রার্থীদের আবেদন যাচাই-বাছাই করে প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর মাধ্যমে পুনরায় যাচাইয়ের পর ৪৬৯ শিক্ষার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা নিয়ে কোনো আপত্তি বা মতামত থাকলে প্রয়োজনীয় প্রমাণসহ ৩১ অক্টোবরের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ইউজিসির রিসার্চ গ্রান্টস অ্যান্ড অ্যাওয়ার্ড বিভাগের পরিচালক বরাবর লিখিতভাবে বা নির্ধারিত ই-মেইলে জানাতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের পর কোনো অভিযোগ গ্রহণ করা হবে না।

ইউজিসির রিসার্চ গ্রান্টস অ্যান্ড অ্যাওয়ার্ড বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. ওমর ফারুখ বলেন, স্বর্ণপদক অনুষ্ঠানের সময় এখনো নির্ধারণ করা হয়নি। তবে জানুয়ারি শেষে বা ফেব্রুয়ারির শুরুতে অনুষ্ঠান আয়োজন করা হবে। একই সঙ্গে পরবর্তী আরও তিন বছরের জন্য যারা স্বর্ণপদকের যোগ্য, তাদের তালিকা তৈরির কাজ চলছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রমজানে স্বস্তি দিতে প্রস্তুতি দেশেই চিনি উৎপাদন বাড়ানোর উদ্যোগ

দেশেই চিনি উৎপাদন বাড়ানোর উদ্যোগ

গরুর খামার-কেঁচো সার উৎপাদন স্বাবলম্বী হাসিব মিয়া উৎসাহিত অন্যরাও

স্বাবলম্বী হাসিব মিয়া উৎসাহিত অন্যরাও

দরিদ্র মানুষের পুষ্টিতেও মূল্যবৃদ্ধির থাবা

দরিদ্র মানুষের পুষ্টিতেও মূল্যবৃদ্ধির থাবা

দশমিনায় আবেদন ছাড়াই সার ডিলার নিয়োগ ‘ডিলার দিলে আমিই পামু ডাইরেক্ট ভিপি নুর দিতাসে’

‘ডিলার দিলে আমিই পামু ডাইরেক্ট ভিপি নুর দিতাসে’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম