দশমিনায় আবেদন ছাড়াই সার ডিলার নিয়োগ
‘ডিলার দিলে আমিই পামু ডাইরেক্ট ভিপি নুর দিতাসে’
আ.লীগের নেতাকর্মীদের ডিলারশিপ, ক্ষুব্ধ বিএনপি জামায়াত * যশোরে সংবাদ সম্মেলন, ঝিনাইদহে মানববন্ধনের ঘোষণা
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দেশের বিভিন্ন এলাকায় সার ডিলার নিয়োগ নিয়ে অনিয়ম, স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। কোথাও আওয়ামী লীগ নেতাকর্মী ও সুবিধাভোগীদের ডিলারশিপ দেওয়ার অভিযোগ তুলেছে বিএনপি, কোথাও নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে জামায়াতে ইসলামী। পটুয়াখালীর দশমিনায় আবেদন না করেও একজনের ডিলার নিয়োগ পাওয়ার অভিযোগ উঠেছে। বেতাগী-সানকিপুর ইউনিয়নের ডিলার কামাল হোসেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তাকে বলতে শোনা যায়, ‘ডিলার দিলে আমিই পামু’, ‘ডাইরেক্ট ভিপি নুর দিতাসে’।
যশোরের বাঘারপাড়ায় বঞ্চিত এক ব্যবসায়ী সংবাদ সম্মেলন করে নিয়োগের তদন্ত দাবি করেছেন। ঝিনাইদহে অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত। বাগেরহাটের চিতলমারীতেও ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। তবে সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা বলছেন, সরকারি নীতিমালা অনুসরণ করেই নিয়োগের জন্য তালিকা পাঠানো হয়েছে।
‘ডিলার দিলে আমিই পামু’, ‘ডাইরেক্ট ভিপি নুর দিতাসে’ : পটুয়াখালীর দশমিনায় সারের ডিলার নিয়োগ নিয়ে গণঅধিকার পরিষদ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের পদে থাকা কয়েকজন সাবেক আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মী ডিলারশিপ পেয়েছেন। অথচ দীর্ঘদিন দলের সঙ্গে যুক্ত থেকেও অনেকে বঞ্চিত হয়েছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা চলছে। মার্চের শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় ওয়ার্ডভিত্তিক ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি দেয়। রনগোপালদী ইউনিয়নের জন্য জুনাইদ ট্রেডার্সের বিপরীতে মাইদুল ইসলাম আবেদন করেন। তিনি বর্তমানে ইউনিয়ন যুবঅধিকার পরিষদের সভাপতি। অভিযোগ, আগে তিনি যুবলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। আবেদন না করলেও তাকে দশমিনা সদর ইউনিয়নের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। তবে ওই ইউনিয়নে বিজ্ঞপ্তিতে কোনো শূন্য পদ ছিল না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
চরবোরহান ইউনিয়নে যুবঅধিকার পরিষদের সভাপতি মো. মহিবুল্লাহর বিরুদ্ধে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। তিনি তা অস্বীকার করে বলেছেন, প্রথম থেকেই গণঅধিকারের সঙ্গে যুক্ত এবং বৈধ কাগজপত্রের ভিত্তিতে ডিলার হয়েছেন। উপজেলা সৈনিক লীগের সাবেক নেতা ও গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. মিলন মাতুব্বরের ছোট ভাই কামাল হোসেনের নামে বাঁশবাড়িয়ায় ডিলারশিপ নেওয়ার অভিযোগ রয়েছে। আলীপুরায়ও আওয়ামী লীগসংশ্লিষ্ট পরিবারের মো. তারেক রহমান ডিলার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বেতাগী-সানকিপুর ইউনিয়নের ডিলার কামাল হোসেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তাকে বলতে শোনা যায়, ‘ডিলার একটা দিলে আমিই পামু’, ‘ডাইরেক্ট ভিপি নুর দিতাসে’। পরে ওই ইউনিয়নে মেসার্স সততা ফিড ট্রেডার্সের বিপরীতে তিনি ডিলার নিয়োগ পান। উপজেলা বিএনপির সদস্য সচিব শাহ আলম শানুর অভিযোগ, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ডিলারশিপ পেলেও বিএনপির ত্যাগী নেতাকর্মীরা বঞ্চিত হয়েছেন। এতে ভবিষ্যতে কৃত্রিম সার সংকট তৈরির আশঙ্কা রয়েছে। তবে গণঅধিকার পরিষদের কার্যকরী সদস্য ও ভিপি নুরুল হক নুরের ভগিনীপতি মো. মিজান হাওলাদার জানান, ছয়জনের নাম প্রস্তাব করে একজন নিয়োগ পেয়েছেন; অন্যদের নিয়োগের প্রক্রিয়া তার জানা নেই।
বাঘারপাড়ায় ‘বিশেষ সুবিধা’ নিয়ে ডিলার নিয়োগ : ‘বিশেষ সুবিধা’ নিয়ে যশোরের বাঘারপাড়ায় দোহাকুলা ইউনিয়নে আব্দুর রশিদকে ডিলার নিয়োগ দেওয়ার প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা আব্দুস সাত্তার। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২৮ বছর ধরে সার ও কীটনাশকের ব্যবসা করলেও আবেদন করে ডিলারশিপ পাননি। তার অভিযোগ, আব্দুর রশিদ সাবেক সংসদ-সদস্য রণজিত রায়ের গাড়িচালকের ভাই এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি নিয়োগ প্রক্রিয়া তদন্তের দাবি জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালি সরকার বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে রেজুলেশন করে তালিকা পাঠানো হয়েছে।
ঝিনাইদহে দুর্নীতির অভিযোগ জামায়াতের : ঝিনাইদহে সার ডিলার নিয়োগে দলীয়করণ, স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ-২ আসনের সংসদ-সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি রোববার জেলা শহরে এবং সোমবার সব উপজেলায় মানববন্ধনের ঘোষণা দেন। তার অভিযোগ, আওয়ামী লীগ নেতাকর্মীরাও ডিলারশিপ পেয়েছেন, অথচ জামায়াতের কোনো প্রতিনিধি পাননি। শিক্ষক বদলিতেও অর্থ লেনদেনের অভিযোগ করেন তিনি।
চিতলমারীতে বিক্ষোভ মানববন্ধন বিএনপির : বাগেরহাটের চিতলমারীতে সাত ইউনিয়নে ডিলার নিয়োগে অর্থ লেনদেন ও স্বজনপ্রীতির অভিযোগে বৃহস্পতিবার বিক্ষোভ, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাদের দাবি, প্রকৃত ব্যবসায়ীদের বাদ দিয়ে আওয়ামী লীগসংশ্লিষ্ট ব্যক্তিদের ডিলারশিপ দেওয়া হয়েছে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার ও উপজেলা কৃষি কর্মকর্তা সিফাত-আল-মারুফ জানান, সরকারি নীতিমালা অনুযায়ী বড় গোডাউন থাকা এবং সংশ্লিষ্টদের সুপারিশের ভিত্তিতে তালিকা জেলায় পাঠানো হয়েছে।
ময়মনসিংহ জেলা প্রশাসকের কাছে অভিযোগ : ময়মনসিংহের ফুলপুরে ভাইটকান্দি ইউনিয়নে সাদিকা ট্রেডার্সের স্বত্বাধিকারী সাখাওয়াত হোসেনকে ডিলার নিয়োগের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেছেন বিএনপি নেতা আবুল হাসিম। তার অভিযোগ, সাখাওয়াত আওয়ামী লীগের সুবিধাভোগী কর্মী। তবে বুধবার রাতে সাখাওয়াত সংবাদ সম্মেলনে নিজেকে বিএনপির কর্মী বলে দাবি করেছেন।
[ প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট এলাকার ব্যুরো ও প্রতিনিধিরা ]
