যশোর পৌরসভা
৭০ শতাংশ সড়কই বেহাল ভোগান্তি চরমে
সড়কের তালিকা করা হয়েছে, অর্থ বরাদ্দ পেলে দ্রুত মেরামত: প্রশাসক
Advertisement
ইন্দ্রজিৎ রায়, যশোর
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সংস্কারের অভাবে যশোর পৌরসভার প্রায় ৭০ শতাংশ সড়ক খানাখন্দে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতেই জমে যায় পানি। চরম দুর্ভোগে দিন কাটছে নাগরিকদের। পৌরবাসীর অভিযোগ, কয়েক বছর ধরে সংস্কার না হওয়ায় সড়কের বেহাল দশা হয়েছে। নিয়মিত কর পরিশোধ করলেও কাঙ্ক্ষিত সেবা মিলছে না। তবে টেকসই পরিকল্পনার মাধ্যমে দ্রুত সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের আশ্বাস পৌর কর্তৃপক্ষের।
যশোর পৌরসভা সূত্র জানায়, পৌর এলাকায় মোট ২৮৭ কিলোমিটার সড়কের মধ্যে বিটুমিনের কার্পেটিং ১৭৬ কিলোমিটার, কংক্রিটের ৩০, ইটের ৫১ ও মাটির কাঁচা রাস্তা ৩০ কিলোমিটার। এছাড়া সড়কের সঙ্গে পয়ঃনিষ্কাশন ড্রেন রয়েছে মোট ২৫২ কিলোমিটার। সংশ্লিষ্টদের দাবি, পৌর এলাকার মোট সড়কের প্রায় ৭০ শতাংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘদিন সংস্কার না করায় এসব সড়কে ভোগান্তি বেড়েছে।
সরেজমিন দেখা গেছে, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ঢাকা রোড মসজিদ থেকে আমতলা মোড়, আমতলা মোড় থেকে ফুলতলা মোড়, নীলগঞ্জ শাহাপাড়া রোড এবং পূর্ব বারান্দী মেইন রোড থেকে লিচুতলা ব্রিজ পর্যন্ত সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ২ নম্বর ওয়ার্ডে পশ্চিম বারান্দী মেইন রোড, খালধার রোড ও কাঠেরপুল ব্রিজের দুপাশের অংশ রয়েছে। ৩ নম্বর ওয়ার্ডে পিলুখান রোড, ঘোপ সেন্ট্রাল রোড ও ঘোপ নওয়াপাড়া রোড এবং ৪ নম্বর ওয়ার্ডে আব্দুল আজিজ রোডের আবু নাসের ক্লাব থেকে ডায়মন্ড প্রেস পর্যন্ত অংশ, আবু তালেব সড়ক, পালবাড়ি-খয়েরতলা রোড থেকে পাগলাদাহ মোড় পর্যন্ত সড়ক ও ঘোষপাড়া মেইন রোড ক্ষতিগ্রস্ত হয়েছে। ৫ নম্বর ওয়ার্ডে হজরত বোরহান শাহ সড়ক, মিশনপাড়া রোড, মুন্সি মেহেরুল্লাহ সড়ক থেকে জজকোর্ট মোড়, মুক্তিযোদ্ধা আলী হোসেন সড়ক, খড়কির বামনপাড়া, ধোপাপাড়া, স্টেডিয়ামপাড়া, আপনমোড় ও কবরস্থান রোডে খানাখন্দে ভরা। ৬ নম্বর ওয়ার্ডের এমএম আলী রোড, নিরালা হল থেকে হরিনাথদত্ত রোড, কেশবলাল সড়ক, ভোলাট্যাংক রোড ও ডালমিল সড়ক, ৭ নম্বর ওয়ার্ডের আশ্রম রোড ও ইসহাক সড়ক, ৮ নম্বর ওয়ার্ডের পিয়ারী মোহন রোড, বেজপাড়া মেইন রোড, রেল রোড, বেজপাড়া নিউ এক্সটেনশন রোড এবং বিহারিপাড়া রোড থেকে গোলগুল্লা মোড় পর্যন্ত সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ৯ নম্বর ওয়ার্ডে কোল্ড স্টোর মোড় থেকে নতুন বাস টার্মিনাল পর্যন্ত সড়ক ও নীলগঞ্জ তাঁতিপাড়া সড়কের অবস্থা নাজুক।
শহরের নীলগঞ্জ তাঁতিপাড়া এলাকার বাসিন্দা মোবারক হোসেন বলেন, দীর্ঘদিন ধরে সড়কের অবস্থা বেহাল। সড়কে বড় বড় গর্ত তৈরি হয়েছে। কিন্তু সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ নেই। শহরের রেলস্টেশন এলাকার বাসিন্দা জাহিদ হোসেন টগর বলেন, বিগত আওয়ামী আমলে দুর্নীতিবাজ মেয়র সড়ক সংস্কারের কাজ করেননি। উন্নয়ন বরাদ্দ লুটপাট করেছে। চাঁচড়া রায়পাড়া এলাকার বাসিন্দা শিকদার মোহাম্মদ রনি বলেন, বৃষ্টিতে সড়ক মরণফাঁদে পরিণত হচ্ছে। পৌর কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই। যশোর পৌরসভার নির্বাহী প্রকৌশলী এসএম শরীফ হাসান বলেন, পৌর এলাকার অধিকাংশ সড়কের অবস্থা বেহাল। বর্ষা শেষ হলে সড়ক সংস্কারকাজ শুরু হবে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে টেকসই উন্নয়ন প্রকল্পের আওতায় সড়ক সংস্কার করা হবে। যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান বলেন, ক্ষতিগ্রস্ত সড়কের তালিকা তৈরি করা হয়েছে। অর্থ বরাদ্দ পেলে দ্রুত মেরামতকাজ শুরু করা হবে।
