Logo
Logo
×

Advertisement

সম্পাদকীয়

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা

চাই গুজব প্রতিরোধ ও কঠোর নজরদারি

Icon

সম্পাদকীয়

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা

Advertisement

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও বর্তমানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্বাভাবিকভাবেই যা জনমনে নতুন করে উদ্বেগ ও আতঙ্ক তৈরি করেছে। ফলে সাধারণ নাগরিকদের পাশাপাশি অভিভাবকরাও তাদের সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠাতে নিরাপত্তাহীনতায় ভুগছেন। বলা বাহুল্য, দেশের অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার স্বার্থে যে কোনো ধরনের নাশকতা ও জনভীতি সৃষ্টির অপচেষ্টা অত্যন্ত নিন্দনীয় এবং তা কোনোভাবেই কাম্য নয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিরো টলারেন্স নীতি নিঃসন্দেহে ইতিবাচক পদক্ষেপ। ডিএমপি ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) বিশেষ অভিযানে ককটেল ও নাশকতায় জড়িতদের গ্রেফতার, শিল্পাঞ্চলে বিজিবি মোতায়েন এবং ড্রোন ও স্মার্ট ট্র্যাকিং সিস্টেমের মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার জনমনে স্বস্তি ফেরাতে সহায়ক হবে। তবে কেবল অভিযান পরিচালনা করাই যথেষ্ট নয়; সাইবার জগতে ছড়ানো গুজব ও অপপ্রচারের বিরুদ্ধেও দ্রুত ও কার্যকর তথ্যনির্ভর জবাব দিতে হবে। পাশাপাশি, নিরপরাধ কোনো নাগরিক যেন তল্লাশি বা অভিযানের নামে অহেতুক হয়রানির শিকার না হন, সেদিকেও প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

এই অস্থিরতার নেপথ্যে কূটনৈতিক অস্বচ্ছতার বিষয়টিও বিশেষভাবে আলোচনার দাবি রাখে। কূটনৈতিক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূতদের মতে, শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু এবং দিল্লিতে তার ভার্চুয়াল বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সম্পর্কে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, তা জনমনের আতঙ্ককে আরও উসকে দিচ্ছে। দুই দেশের সরকারের পক্ষ থেকে আসা ভিন্ন ভিন্ন বক্তব্য এই অস্পষ্টতাকে বাড়িয়ে তুলেছে। প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ও প্রত্যর্পণ প্রক্রিয়ার বাস্তবতা কী, তা জাতির সামনে স্বচ্ছভাবে তুলে ধরা জরুরি, যাতে কোনো মহল গুজব ছড়িয়ে ঘোলা পানিতে মাছ শিকারের সুযোগ না পায়। রাষ্ট্রের প্রধান দায়িত্ব হলো নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান টহল ও গোয়েন্দা তৎপরতার পাশাপাশি রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনের অস্পষ্টতা দূর করতে সরকারকে আরও প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় দিতে হবে। সরকার এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেবে, এটাই প্রত্যাশা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা

পোশাক খাতে অস্থিরতা

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা

ডায়াবেটিস ঝুঁকিতে তরুণরা

ডায়াবেটিস ঝুঁকিতে তরুণরা

শিশু-কিশোরদের পাপরাজ্য

শিশু-কিশোরদের পাপরাজ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম