ডায়াবেটিস ঝুঁকিতে তরুণরা
ধূমপান বর্জনসহ স্বাস্থ্যকর জীবনযাপনে গুরুত্ব দিতে হবে
সম্পাদকীয়
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ডায়াবেটিস এখন আর শুধু বয়স্কদের রোগ নয়, তরুণ প্রজন্মের মধ্যেও তা উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে। বিশেষজ্ঞদের সাম্প্রতিক পর্যবেক্ষণ বলছে, ৩০ থেকে ৩৫ বছর বয়সি তরুণদের মধ্যে ধূমপানের কারণে ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে। এটি উদ্বেগজনক। কারণ, যে বয়সে একজন মানুষের কর্মক্ষমতা, সৃজনশীলতা ও উৎপাদনশীলতা সর্বোচ্চ পর্যায়ে থাকার কথা, সে বয়সেই নানা জটিল রোগের ঝুঁকিতে পড়ছেন অনেকে।
গতকাল পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস। এ উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান ও তথ্য-উপাত্ত আমাদের জন্য নানা সতর্কবার্তা দিয়েছে। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ১ কোটি ৩৯ লাখের বেশি, যাদের প্রায় অর্ধেকই জানেন না তারা এ রোগে আক্রান্ত। অর্থাৎ বিপুলসংখ্যক মানুষ রোগ শনাক্তকরণ ও চিকিৎসার বাইরে রয়েছেন। তরুণদের মধ্যেও ডায়াবেটিস ও প্রি-ডায়াবেটিসের উপস্থিতি উদ্বেগজনক। গবেষণায় দেখা গেছে, ধূমপান ও তামাক ব্যবহারকারীদের ডায়াবেটিসের ঝুঁকি অধূমপায়ীদের তুলনায় কয়েকগুণ বেশি। কাজেই তরুণদের ধূমপান থেকে বিরত রাখা এখন জনস্বাস্থ্যের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।
ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধির পেছনে শুধু ধূমপানই দায়ী নয়। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, ফাস্টফুড ও চর্বিযুক্ত খাবারের প্রতি আসক্তি, শারীরিক পরিশ্রমের অভাব, অতিরিক্ত ওজন এবং পেটের মেদ এ রোগের অন্যতম কারণ। নগরজীবনে হাঁটাচলা ও খেলাধুলার সুযোগ কমে যাওয়া, দীর্ঘ সময় বসে কাজ করা এবং অস্বাস্থ্যকর জীবনযাপনের প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এর সঙ্গে রয়েছে ধোঁয়াবিহীন তামাকের ব্যবহার। এসব ঝুঁকি মোকাবিলায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক ও রাষ্ট্রীয় উদ্যোগও জরুরি। সবচেয়ে উদ্বেগের বিষয়, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থেকে হৃদরোগ, স্ট্রোক, কিডনি বিকল, অন্ধত্ব ও অঙ্গহানির মতো ভয়াবহ জটিলতা দেখা দিতে পারে। ডায়াবেটিসের সঙ্গে দাঁত ও মাড়ির রোগেরও সম্পর্ক রয়েছে। অনেক ক্ষেত্রে মাড়ির সমস্যা ডায়াবেটিসের সতর্কসংকেত হিসাবে দেখা দেয়। তাই মুখের স্বাস্থ্যকেও অবহেলা করা যাবে না।
ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রথমেই প্রয়োজন জীবনযাপনে ইতিবাচক পরিবর্তন। ধূমপান ও সব ধরনের তামাক বর্জন, সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত হাঁটা ও শরীরচর্চা এবং ওজন নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দিতে হবে। ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা করানো জরুরি। বিশেষ করে যাদের পরিবারে ডায়াবেটিসের ইতিহাস রয়েছে, তাদের বাড়তি সতর্কতা প্রয়োজন। উপসর্গ দেখা দেওয়ার অপেক্ষা না করে আগেভাগেই রোগ শনাক্ত করতে হবে।
ডায়াবেটিসের চিকিৎসা সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখা জরুরি। উপজেলা ও প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোয় নিয়মিত পরীক্ষা, পরামর্শ, ওষুধ ও ইনসুলিনের প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। দরিদ্র ও নিম্ন-আয়ের মানুষের জন্য চিকিৎসাসেবা সাশ্রয়ী করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। ডায়াবেটিস সম্পর্কে শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও গণমাধ্যমে ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রমও প্রয়োজন।
মনে রাখতে হবে, ডায়াবেটিস একবার হলে তা দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের বিষয়। স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে টাইপ-২ ডায়াবেটিসের বড় একটি অংশ প্রতিরোধ করা সম্ভব। বিশেষ করে তরুণ প্রজন্মকে ধূমপান ও তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে হবে। ডায়াবেটিসের ঝুঁকি মোকাবিলায় প্রয়োজন কার্যকর ও সমন্বিত পদক্ষেপ।
