Logo
Logo
×

Advertisement

সম্পাদকীয়

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি

বাজার নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ কাম্য

Icon

সম্পাদকীয়

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি

ফাইল ছবি

Advertisement

নিত্যপণ্য, গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং বাসাভাড়া, চিকিৎসা, শিক্ষা ও পরিবহণসহ প্রতিটি খাতে ব্যয় বৃদ্ধির কারণে সাধারণ মানুষের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। শুক্রবার যুগান্তরের প্রতিবেদনে উঠে এসেছে, আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য রাখতে না পেরে বহু পরিবার ঋণ করছে, সঞ্চয় ভাঙছে কিংবা খাবারের তালিকা ছোট করছে। জীবনযাত্রার মান নিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ জরিপ বলছে, দেশের ৪৭ দশমিক ৪২ শতাংশ পরিবার সংসারের ব্যয় মেটাতে ঋণ করতে বাধ্য হয়েছে। একটি পরিবারের গড় মাসিক ব্যয় তার গড় আয়ের চেয়ে বেশি। ফলে এই ঘাটতি পূরণ করতে গিয়ে ঋণের বোঝা বাড়ছে, বিশেষ করে মধ্যবিত্তের। যাদের সঞ্চয় নেই এবং যাদের ধার দেওয়ারও কেউ নেই, তাদের অবস্থা আরও কঠিন।

বিবিএসের তথ্যমতে, অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৭ শতাংশে নেমেছে, তবে একই সময়ে মজুরি বৃদ্ধির হার ৭ দশমিক ৬৩ শতাংশে নেমে এসেছে। মূল্যস্ফীতি কমা স্বস্তির খবর হলেও আয় এখনো দামের গতির সঙ্গে তাল মেলাতে পারেনি। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাড়ানো হলেও বেসরকারি চাকরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর ও অনানুষ্ঠানিক খাতের শ্রমজীবীদের আয় বাড়ার কোনো নিশ্চয়তা নেই। বেসরকারি খাতের কর্মীদের বেতন সমন্বয়ের কার্যকর ব্যবস্থাও নেই। ফলে এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের খাবার, চিকিৎসা ও পরিবহণ ব্যয়ের ওপর। অনেক পরিবার মাছ-মাংস, দুধ ও ফলের মতো পুষ্টিকর খাবার কমিয়ে দিচ্ছে, কেউ কেউ চিকিৎসা পিছিয়ে দিচ্ছে। বলা বাহুল্য, জীবনযাত্রার মান কমলে এর প্রভাব পরিবারের সদস্যদের স্বাস্থ্য ও শিক্ষার ওপরও পড়ে।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ক্ষেত্রে বড় ধরনের প্রভাব রয়েছে জ্বালানির দাম বৃদ্ধির। ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম তো বেড়েছেই, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম আগের মাসের চেয়ে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। স্বাভাবিকভাবেই জ্বালানির বাড়তি খরচ পরিবহণ, কৃষি ও শিল্প ঘুরে শেষ পর্যন্ত ভোক্তার ওপরই পড়ে। আশার কথা, সরকার সংকট মোকাবিলায় উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছে। বাণিজ্যমন্ত্রী যুগান্তরকে বলেছেন, আমদানি ব্যয় কমানো, শুল্ক যৌক্তিকীকরণ, ব্যাংক ঋণের সুদ কমানো এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। মজুতদারি, কৃত্রিম সংকট ও অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে বাজার তদারকিও জোরদার করা হচ্ছে।

এসব উদ্যোগ যদি সঠিক পথে চলে, সেক্ষেত্রে সুফল মিলবে বলে আশা করা যায়। তবে তা নির্ভর করবে বাস্তবায়নের ওপর। এক্ষেত্রে তদারকি যেমন হতে হবে নিয়মিত ও দৃশ্যমান, তেমনি শুল্ক কমানোর সুফল যেন বাজারে প্রতিফলিত হয়, তাও নিশ্চিত করতে হবে। অবশ্য বাজার নিয়ন্ত্রণ জরুরি হলেও এটিই একমাত্র সমাধান নয় বলে মনে করি আমরা। বেসরকারি খাতের মজুরি সমন্বয়ে নিয়োগকর্তা, শ্রমিক ও সরকারের আলোচনার ভিত্তিতে একটি কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। একইসঙ্গে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা স্বচ্ছভাবে প্রকৃত দরিদ্র ও ঝুঁকিতে থাকা পরিবারের কাছে পৌঁছাতে হবে। তবে সর্বাগ্রে দ্রব্যমূল্যের লাগাম টানায় মনোযোগ দিতে হবে। সিন্ডিকেট ও কৃত্রিম সংকট ঠেকিয়ে নিত্যপণ্যের দাম মানুষের নাগালে আনতে সরকার কার্যকর পদক্ষেপ নেবে, এটাই প্রত্যাশা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি

খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি

খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি

জলবায়ু অর্থায়ন ও ন্যায়বিচার

জলবায়ু অর্থায়ন ও ন্যায়বিচার

নজরুলচর্চা হোক মনের গভীরে

নজরুলচর্চা হোক মনের গভীরে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম