Logo
Logo
×

Advertisement

সম্পাদকীয়

খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি

অপরাধ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ জরুরি

Icon

সম্পাদকীয়

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি

Advertisement

খুলনা মহানগরী ও জেলাজুড়ে অপরাধ যেভাবে লাগামহীন রূপ নিয়েছে, তাতে সেখানকার জননিরাপত্তা চরম সংকটে পড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত সন্ত্রাসী ও একাধিক অপরাধী চক্রের বেপরোয়া কর্মকাণ্ডে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে অভিজাত প্রতিষ্ঠানের মালিকরা প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটাচ্ছেন। চাঁদাবাজি, অস্ত্রবাজি, প্রকাশ্য গুলি ও আধিপত্য বিস্তারের রক্তক্ষয়ী লড়াইয়ে নগরীজুড়ে এক ভীতিকর পরিবেশ বিরাজ করছে, যা দীর্ঘমেয়াদে একটি জনপদের স্বাভাবিক গতিশীলতাকে পুরোপুরি স্থবির করে দিতে পারে। অভিযোগ আছে, বিভিন্ন রাজনৈতিক দলের একাংশের প্রত্যক্ষ বা পরোক্ষ ছত্রছায়া এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে অপরাধীরা আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে।

পুলিশের তথ্য বলছে, চলতি বছরের ১০ মাসে খুলনা মহানগরী ও জেলায় ৭৫টি হত্যাকাণ্ড ঘটেছে, যার ২৫টিই ঘটানো হয়েছে আগ্নেয়াস্ত্রের মাধ্যমে। যুগান্তরের অনুসন্ধানে উঠে এসেছে, আটটি সন্ত্রাসী গ্রুপ এ অপরাধজগৎ নিয়ন্ত্রণ করছে। কোনো কোনো দল মাদক ছেড়ে এখন ব্যবসায়ীদের চাঁদার ওপর ভর করছে, যা পরিস্থিতিকে করে তুলেছে আরও ভয়াবহ। অথচ কেএমপির হাতে সন্ত্রাসী, মাদক বিক্রেতা ও চাঁদাবাজের তালিকা থাকলেও তাদের গ্রেফতারে দৃশ্যমান উদ্যোগ নেই। এ পরিস্থিতিতে দায় এড়ানোর প্রবণতা সবচেয়ে উদ্বেগজনক। রাজনৈতিক নেতারা পুলিশকে দুষছেন; আর পুলিশ বলছে, রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসতে হবে। অথচ আশ্রয়-প্রশ্রয়ের অভিযোগ উঠছে উভয় পক্ষের বিরুদ্ধেই। কেএমপির তালিকাভুক্ত ১২৮ সন্ত্রাসীর মধ্যে ৭৩ জন ছয় মাস থেকে এক বছরের মধ্যে জামিনে বেরিয়ে আবার অপরাধে জড়িয়েছেন। আইনজীবীদের মতে, ত্রুটিপূর্ণ এজাহার ও দুর্বল অভিযোগ এর অন্যতম কারণ। ফলস্বরূপ, চাঁদাবাজির আতঙ্কে অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন।

এমতাবস্থায়, খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির স্থায়ী উন্নয়নে সুনির্দিষ্ট ও কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের বিকল্প নেই। তালিকাভুক্ত সন্ত্রাসীদের দ্রুত জামিন রোধে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং পুলিশ বাহিনীর দৃশ্যমান টহল বাড়াতে হবে। পাশাপাশি জনসচেতনতাও বৃদ্ধি করা জরুরি। সর্বোপরি, সব ধরনের দলীয় ও রাজনৈতিক সংকীর্ণতা পরিহার করে খুলনার শান্তিপ্রিয় মানুষের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একযোগে এগিয়ে আসতে হবে, যাতে এ অঞ্চল পুনরায় শান্ত ও স্বাভাবিক ধারায় ফিরে আসে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি

খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি

খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি

জলবায়ু অর্থায়ন ও ন্যায়বিচার

জলবায়ু অর্থায়ন ও ন্যায়বিচার

নজরুলচর্চা হোক মনের গভীরে

নজরুলচর্চা হোক মনের গভীরে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম