Logo
Logo
×

Advertisement

সম্পাদকীয়

নজরুলচর্চা হোক মনের গভীরে

সাহিত্য সংরক্ষণ ও গবেষণায় গুরুত্ব দেওয়ার তাগিদ

Icon

সম্পাদকীয়

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নজরুলচর্চা হোক মনের গভীরে

ছবি: সংগৃহীত

Advertisement

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের স্বাধীনতা সংগ্রাম, বৈষম্যবিরোধী চেতনা এবং অসাম্প্রদায়িক বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। বায়ান্ন, ছেষট্টি ও একাত্তর থেকে শুরু করে নব্বই ও চব্বিশের গণ-অভ্যুত্থানেও তার কবিতা ও গান ছিল মুক্তির অন্যতম প্রেরণা। বুধবার যুগান্তর আয়োজিত ‘জাতীয় জীবনে নজরুলচর্চার অপরিহার্যতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মসহ বিশিষ্ট চিন্তাবিদ, গবেষক ও শিল্পীদের আলোচনায় একটি হতাশাজনক সত্য উঠে এসেছে : নজরুলচর্চা আজ অনেকাংশেই আনুষ্ঠানিকতার গণ্ডিতে সীমাবদ্ধ। প্রতিমন্ত্রী নিজেই বলেছেন, নজরুলের নামে একাধিক প্রতিষ্ঠান ও স্থাপনা থাকলেও সেখানকার শিক্ষার্থীদের মধ্যে তার সাহিত্য ও সংস্কৃতির চর্চা আশানুরূপ নয়।

প্রতিমন্ত্রী আরও বলেছেন, নজরুলকে শুধু আনুষ্ঠানিকতায় আটকে রাখলে চলবে না; তাকে মানুষের মনোজগতে প্রতিষ্ঠা করতে হবে। তিনি উল্লেখ করেন, দীর্ঘদিনের অবহেলা, পৃষ্ঠপোষকতার অভাব, দুর্নীতি, পরিকল্পনাহীনতা ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো প্রত্যাশিত ভূমিকা রাখতে পারছে না। বক্তাদের অনেকে মনে করেন, নজরুলের লেখা রক্ষা করাই আমাদের প্রথম কর্তব্য; এখনো তার অনেক কাজের অনুসন্ধান ও সংরক্ষণ দরকার। শিল্পীদের প্রতি দৃষ্টিভঙ্গিতে বৈষম্যের অভিযোগও উঠেছে। একজন বক্তা বলেছেন, নজরুলকে কখনো হিন্দুত্ববাদী বয়ানে, কখনো মুসলিম সেন্টিমেন্টের সংকীর্ণ গণ্ডিতে বন্দি করে নিজস্ব রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে। সংস্কৃতিকে যে রাজনীতির সঙ্গে গুলিয়ে ফেলা উচিত নয়, প্রতিমন্ত্রীর এ কথা নজরুলের ক্ষেত্রেও প্রযোজ্য।

বৈঠকে নজরুলচর্চাকে বিস্তৃত ও কার্যকর করতে বেশকিছু প্রস্তাব এসেছে। এর মধ্যে রয়েছে জাতীয় শিক্ষাক্রমে নজরুলের সাহিত্য রাখা, ডিজিটাল আর্কাইভ নির্মাণ, বিশ্ববিদ্যালয়ে ‘নজরুল গবেষণা চেয়ার’ পুনঃস্থাপন, বিদেশের দূতাবাসে ‘নজরুলচর্চা কেন্দ্র’ স্থাপন এবং নজরুল সংগীতকে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তির উদ্যোগ। গণমাধ্যমের নৈতিক আচরণবিধিতে নজরুলের সত্যনিষ্ঠ সাংবাদিকতার আদর্শ যুক্ত করা এবং প্রশাসনিক প্রশিক্ষণে তার রচনা অন্তর্ভুক্তির বিষয়টিও উঠে এসেছে। প্রতিমন্ত্রী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে জাতীয় সাংস্কৃতিক উৎসব আয়োজনের পরিকল্পনার কথাও জানিয়েছেন। তবে উৎসব কিংবা প্রস্তাব, কোনোটিই আনুষ্ঠানিকতায় আটকে গেলে লাভ হবে না। শিল্পীদের যথাযথ মর্যাদা ও কাজের সুযোগ নিশ্চিত করা এবং সংস্কৃতিকে রাজনীতির ঊর্ধ্বে রাখা রাষ্ট্রের দায়িত্ব। ‘নজরুল বর্ষ’ যেন কেবল সরকারি কর্মসূচির ফাইলে সীমাবদ্ধ না থাকে। বরং নজরুলের সাম্য, মানবতা ও বিদ্রোহের দর্শন আমাদের প্রাত্যহিক জীবনবোধ ও মননে প্রোথিত হোক, এটাই প্রত্যাশা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

জলবায়ু অর্থায়ন ও ন্যায়বিচার

জলবায়ু অর্থায়ন ও ন্যায়বিচার

নজরুলচর্চা হোক মনের গভীরে

নজরুলচর্চা হোক মনের গভীরে

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক

নাশকতায় আতঙ্কিত দেশ

নাশকতায় আতঙ্কিত দেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম