Logo
Logo
×

Advertisement

সম্পাদকীয়

জলবায়ু অর্থায়ন ও ন্যায়বিচার

ক্ষতিপূরণ আদায়ে বাংলাদেশের কূটনৈতিক চ্যালেঞ্জ

Icon

সম্পাদকীয়

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জলবায়ু অর্থায়ন ও ন্যায়বিচার

ছবি: সংগৃহীত

Advertisement

তুরস্কের আনতালিয়ায় শুরু হওয়া জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর লিডার্স সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ জলবায়ু কূটনীতিতে দেশের সক্রিয় অবস্থানেরই প্রতিফলন। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় অর্থায়ন, প্রযুক্তিগত সহযোগিতা এবং আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদার করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ এ সম্মেলনে যোগ দিয়েছে। বৈশ্বিক উষ্ণায়নের জন্য নামমাত্র দায়ী হয়েও বাংলাদেশ সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। ফলে এ সম্মেলনে দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো জোরালোভাবে তুলে ধরা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় করার যে সুযোগ তৈরি হয়েছে, তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এবারের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বক্তব্য উন্নয়নশীল ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর দীর্ঘদিনের দাবিকেই নতুন করে প্রতিধ্বনিত করেছে। তিনি জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলোর অতিরিক্ত মুনাফার ওপর কর আরোপের যে প্রস্তাব দিয়েছেন, তা হতে পারে ‘জলবায়ু ন্যায়বিচার’ প্রতিষ্ঠার পথে একটি অত্যন্ত যৌক্তিক পদক্ষেপ। ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’-মহাসচিবের এই স্পষ্ট অবস্থান উন্নত বিশ্বের নৈতিক দায়বদ্ধতাকে স্মরণ করিয়ে দেয়। একদিকে তেল-গ্যাস কোম্পানিগুলো বিপুল মুনাফা লুটছে, অন্যদিকে জলবায়ু বিপর্যয়ের শিকার দরিদ্র দেশগুলো প্রয়োজনীয় অর্থায়ন থেকে বঞ্চিত হচ্ছে। এই চরম বৈষম্য নিরসনে ২০৩৫ সালের মধ্যে উন্নত দেশগুলোর পক্ষ থেকে বছরে অন্তত ৩০০ বিলিয়ন ডলার অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা তিনগুণ করার আহ্বান সময়োপযোগী।

তবে কপ-৩১-এর সাফল্য ও কার্যকারিতা নিয়ে বড় ধরনের সংশয় তৈরি করেছে বিশ্বের শীর্ষ কার্বন নিঃসরণকারী ও প্রভাবশালী দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের অনুপস্থিতি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা ও জাপানের শীর্ষ নেতাদের অনুপস্থিতি বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় তাদের রাজনৈতিক সদিচ্ছার অভাবকেই স্পষ্ট করে। যেখানে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক শক্তিগুলোই মূল দূষণকারী, সেখানে তাদের শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতি সম্মেলনের সিদ্ধান্ত বাস্তবায়নকে অনিশ্চয়তার মুখে ফেলে দেয়। পাশাপাশি, জলবায়ু অধিকারকর্মী গ্রেটা থুনবার্গের তীব্র সমালোচনাও উপেক্ষা করার মতো নয়। সম্মেলনে জীবাশ্ম জ্বালানি লবিস্টদের প্রভাব এবং ধনী দেশগুলোর প্রতিশ্রুতি ভঙ্গের সংস্কৃতি একে সত্যিই ‘ভণ্ডামির’ পর্যায়ে নিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি করেছে।

এমন এক জটিল বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য কপ-৩১ কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং অস্তিত্ব রক্ষার লড়াই। উপকূলীয় অঞ্চলের লবণাক্ততা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, বন্যা ও নদীভাঙনের মতো দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের নিজস্ব সক্ষমতার পাশাপাশি বিপুল অঙ্কের আন্তর্জাতিক অর্থায়ন ও আধুনিক প্রযুক্তি প্রয়োজন। ‘লস অ্যান্ড ড্যামেজ’ বা ক্ষয়ক্ষতি তহবিল থেকে অর্থছাড় নিশ্চিত করা এবং অভিযোজন খাতে অনুদানভিত্তিক অর্থায়ন আদায় করাই এখন বাংলাদেশের প্রধান কূটনৈতিক লক্ষ্য হওয়া উচিত।

জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের কোনো আশঙ্কা নয়, এটি বাংলাদেশের প্রতিদিনের বাস্তবতা। উন্নত দেশগুলোর উদাসীনতা ও গড়িমসির বিরুদ্ধে সোচ্চার হয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঐক্যবদ্ধ করতে বাংলাদেশকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কপ-৩১-এ প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল শক্তিশালী কূটনৈতিক তৎপরতার মাধ্যমে জলবায়ু ন্যায়বিচার এবং ন্যায্য ক্ষতিপূরণ আদায়ে সফল হবে, এটাই কাম্য।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ক্ষতি মোকাবিলায় তরুণদের সবুজ কর্মসংস্থানে গুরুত্ব

জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী ক্ষতি মোকাবিলায় তরুণদের সবুজ কর্মসংস্থানে গুরুত্ব

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কপ-৩১ সম্মেলন বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ইরানে ১৫ লাখ টন কার্বন ছড়িয়েছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

কপ-৩১-এ পেজেশকিয়ান ইরানে ১৫ লাখ টন কার্বন ছড়িয়েছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হবে: জোবায়দা রহমান

বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হবে: জোবায়দা রহমান

আরও পড়ুন

জলবায়ু অর্থায়ন ও ন্যায়বিচার

জলবায়ু অর্থায়ন ও ন্যায়বিচার

নজরুলচর্চা হোক মনের গভীরে

নজরুলচর্চা হোক মনের গভীরে

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক

নাশকতায় আতঙ্কিত দেশ

নাশকতায় আতঙ্কিত দেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম