শুধু রক্তে শর্করা নিয়ন্ত্রণ নয়, ডায়াবেটিস চিকিৎসার লক্ষ্য রাখতে হবে আরও যেসব বিষয়
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ডায়াবেটিসের চিকিৎসা এখন আর শুধু রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে সীমাবদ্ধ নেই। হৃদ্যন্ত্র, কিডনি ও যকৃতের সুরক্ষা, রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ, শারীরিক সক্ষমতা বজায় রাখা এবং জীবনযাত্রার মান উন্নত করাও আধুনিক চিকিৎসার গুরুত্বপূর্ণ লক্ষ্য হয়ে উঠেছে।
দীর্ঘদিন ধরে ডায়াবেটিস নিয়ন্ত্রণের সাফল্য মূলত এইচবিএ১সি পরীক্ষার ফল দিয়ে মূল্যায়ন করা হতো। এই পরীক্ষায় গত প্রায় তিন মাসের গড় রক্তে শর্করার মাত্রা সম্পর্কে ধারণা পাওয়া যায়। এখনো এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ সূচক। তবে শুধু এই একটি পরীক্ষার ফল দিয়ে রোগীর সামগ্রিক স্বাস্থ্যঝুঁকি বোঝা সম্ভব নয়।
সম্প্রতি ভারতের ম্যাক্স হাসপাতালের সাকেত শাখার এন্ডোক্রিনোলজি ও ডায়াবেটোলজি বিভাগের গ্রুপ চেয়ারম্যান চিকিৎসক অম্বরীশ মিথাল এক নিবন্ধে ডায়াবেটিস চিকিৎসার পরিবর্তিত ধারণা তুলে ধরেছেন।
রক্তে শর্করা কমানোর পাশাপাশি হৃদ্যন্ত্র ও কিডনির সুরক্ষা
ডায়াবেটিস চিকিৎসায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হলো এমন কিছু ওষুধের ব্যবহার, যেগুলো রক্তে শর্করা কমানোর পাশাপাশি হৃদ্যন্ত্র ও কিডনির সুরক্ষায়ও ভূমিকা রাখে। এসব ওষুধের মধ্যে রয়েছে এসজিএলটি-২ ইনহিবিটর এবং জিএলপি-১ রিসেপ্টর অ্যাগোনিস্ট শ্রেণির ওষুধ।
বিশেষ করে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত যেসব রোগীর আগে থেকেই হৃদ্রোগ, হার্ট ফেইলিউর বা দীর্ঘমেয়াদি কিডনি রোগ রয়েছে কিংবা এসব রোগের ঝুঁকি বেশি, তাদের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু ওষুধ উল্লেখযোগ্য উপকার দিতে পারে।
এ কারণে এখন শুধু এইচবিএ১সি পরীক্ষার ফল নয়, রোগীর সামগ্রিক স্বাস্থ্য, হৃদ্রোগ ও কিডনির ঝুঁকি বিবেচনা করেও চিকিৎসা নির্ধারণ করা হচ্ছে। তবে এসব ওষুধ সবার জন্য উপযুক্ত নয়। রোগীর অবস্থা বিবেচনা করে চিকিৎসককে ওষুধ নির্বাচন করতে হয়।
রক্তচাপ ও কোলেস্টেরলও সমান গুরুত্বপূর্ণ
ডায়াবেটিসে আক্রান্ত দুজন ব্যক্তির রক্তে শর্করার মাত্রা একই হলেও হৃদ্রোগ বা স্ট্রোকের ঝুঁকি ভিন্ন হতে পারে। এর অন্যতম কারণ উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরলের মাত্রা।
ডায়াবেটিস রোগীদের মধ্যে উচ্চ রক্তচাপের প্রবণতা বেশি। এটি হৃদ্রোগ, স্ট্রোক, হার্ট ফেইলিউর ও কিডনি ক্ষতির ঝুঁকি বাড়ায়। তাই নিয়মিত রক্তচাপ পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা নেওয়া জরুরি।
কোলেস্টেরলের ক্ষেত্রেও সতর্ক থাকা প্রয়োজন। ক্ষতিকর এলডিএল কোলেস্টেরলের মাত্রা খুব বেশি না হলেও ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির হৃদ্রোগের ঝুঁকি উল্লেখযোগ্য হতে পারে। ঝুঁকি বেশি থাকা অনেক রোগীর ক্ষেত্রে কোলেস্টেরল নিয়ন্ত্রণে স্ট্যাটিন শ্রেণির ওষুধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সবার চিকিৎসা এক রকম নয়
ডায়াবেটিসে আক্রান্ত প্রত্যেক ব্যক্তির শারীরিক অবস্থা ও চিকিৎসার প্রয়োজন এক নয়। একই এইচবিএ১সি মাত্রা থাকা দুজন রোগীর চিকিৎসাপদ্ধতিও আলাদা হতে পারে।
রোগীর বয়স, কত দিন ধরে ডায়াবেটিস রয়েছে, অন্যান্য রোগ, কিডনির কার্যক্ষমতা, হৃদ্রোগের ঝুঁকি, ওজন, শারীরিক সক্রিয়তা এবং রক্তে শর্করা অতিরিক্ত কমে যাওয়ার আশঙ্কা—সবকিছু বিবেচনা করে চিকিৎসা নির্ধারণ করা উচিত।
টাইপ-২ ডায়াবেটিসে অতিরিক্ত ওজন থাকলে তা নিয়ন্ত্রণ করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ওজন সামান্য হলেও দীর্ঘমেয়াদে কমাতে পারলে ইনসুলিনের কার্যকারিতা, রক্তচাপ, কোলেস্টেরল ও রক্তে শর্করার মাত্রার উন্নতি হতে পারে। উল্লেখযোগ্য ওজন কমানোর মাধ্যমে কিছু রোগীর ডায়াবেটিস রেমিশন বা রোগের লক্ষণ ও রক্তে শর্করার মাত্রা ওষুধ ছাড়াই নির্দিষ্ট সময় নিয়ন্ত্রণে রাখার অবস্থাও তৈরি হতে পারে।
তবে সবার জন্য ওজন কমানো প্রয়োজনীয় নয়। বয়স্ক, দুর্বল কিংবা যাদের পেশির পরিমাণ কম, তাদের ক্ষেত্রে শারীরিক শক্তি ও পুষ্টি বজায় রাখা জরুরি। কোনো কারণ ছাড়াই ওজন কমতে থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে প্রযুক্তির ব্যবহার
রক্তে শর্করার ওঠানামা পর্যবেক্ষণে কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং বা সিজিএম প্রযুক্তি নতুন সম্ভাবনা তৈরি করেছে। এই যন্ত্রের মাধ্যমে দিন-রাত নিরবচ্ছিন্নভাবে রক্তে শর্করার পরিবর্তন পর্যবেক্ষণ করা যায়।
এতে খাবারের পর শর্করা বেড়ে যাওয়া, রাতে শর্করার ওঠানামা এবং রক্তে শর্করা বিপজ্জনকভাবে কমে যাওয়ার মতো বিষয় শনাক্ত করা সহজ হয়। আগে সাধারণ পরীক্ষায় এসব পরিবর্তন অনেক সময় ধরা পড়ত না।
এ ক্ষেত্রে টাইম ইন রেঞ্জ বা নির্দিষ্ট সীমার মধ্যে থাকার সময়কাল একটি গুরুত্বপূর্ণ সূচক। এতে দেখা যায়, একজন রোগীর রক্তে শর্করা কতক্ষণ নির্ধারিত লক্ষ্যমাত্রার মধ্যে থাকছে।
টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি এবং ইনসুলিন ব্যবহারকারী নির্দিষ্ট কিছু টাইপ-২ রোগীর ক্ষেত্রে ইনসুলিন পাম্পও ব্যবস্থাপনা সহজ করতে পারে। রক্তে শর্করার পরিমাপ অনুযায়ী এসব যন্ত্র ইনসুলিন সরবরাহ নিয়ন্ত্রণে সহায়তা করে।
যকৃতের স্বাস্থ্যেও নজর দেওয়া জরুরি
ডায়াবেটিস, অতিরিক্ত শরীরের চর্বি এবং ফ্যাটি লিভারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত অনেকেরই বিপাকীয় সমস্যার সঙ্গে সম্পর্কিত যকৃতে চর্বি জমার রোগ বা এমএএসএলডি থাকতে পারে।
কিছু ক্ষেত্রে এ সমস্যা থেকে যকৃতে প্রদাহ, ফাইব্রোসিস বা টিস্যুতে ক্ষত তৈরি হতে পারে। পরবর্তী সময়ে তা সিরোসিসেও রূপ নিতে পারে। তাই ডায়াবেটিসের নিয়মিত চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে যকৃতের অবস্থার দিকেও নজর দেওয়া প্রয়োজন।
জীবনযাত্রার মানও চিকিৎসার গুরুত্বপূর্ণ লক্ষ্য
এইচবিএ১সি কম থাকলেই যে ডায়াবেটিসের চিকিৎসা ভালো হচ্ছে, তা নয়। এর জন্য যদি ঘন ঘন রক্তে শর্করা কমে যায়, অতিরিক্ত ওজন হ্রাস পায়, ওষুধ গ্রহণ জটিল হয়ে ওঠে কিংবা চিকিৎসার খরচ অসহনীয় হয়, তাহলে তা রোগীর জীবনযাত্রার মানকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
ডায়াবেটিসের সঙ্গে দীর্ঘদিন বসবাসের কারণে মানসিক চাপ ও উদ্বেগও তৈরি হতে পারে। তাই চিকিৎসা কার্যকর হওয়ার পাশাপাশি তা বাস্তবসম্মত, সাশ্রয়ী ও দীর্ঘমেয়াদে চালিয়ে নেওয়ার উপযোগী হওয়া জরুরি।
ধূমপান ও তামাক বর্জন, অ্যালকোহল গ্রহণ সীমিত রাখা, অতিরিক্ত লবণ ও সম্পৃক্ত চর্বি এড়িয়ে চলা এবং স্বাস্থ্যকর ওজন বজায় রাখাও বিপাকীয় ও হৃদ্স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। পাশাপাশি চোখ, কিডনি, স্নায়ু ও পায়ের নিয়মিত পরীক্ষা করলে জটিলতা প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা সম্ভব।
সুস্থ অভ্যাসের বিকল্প নেই
আধুনিক ওষুধ ও প্রযুক্তির অগ্রগতি সত্ত্বেও স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব কমেনি। সুষম খাবার, নিয়মিত শারীরিক পরিশ্রম, পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং পেশির শক্তি বজায় রাখা ডায়াবেটিস ব্যবস্থাপনার অপরিহার্য অংশ।
চিকিৎসক অম্বরীশ মিথালের মতে, আধুনিক ডায়াবেটিস চিকিৎসা এখন শুধু রক্তে শর্করা কমানোর লক্ষ্য থেকে সরে এসে হৃদ্যন্ত্র, কিডনি ও যকৃতের সুরক্ষা, রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ, শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখা এবং জটিলতা প্রতিরোধের দিকে এগোচ্ছে।
অর্থাৎ, ডায়াবেটিস চিকিৎসার উদ্দেশ্য কেবল পরীক্ষার ফল ভালো রাখা নয়; বরং রোগীকে সুস্থ, স্বাভাবিক ও স্বনির্ভর জীবনযাপনে সহায়তা করা।
সুত্র: এনডিটিভি হেলথ
