৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবি
শাহবাগে প্রার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ৫
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি পেছানোর দাবিতে রাজধানীর শাহবাগ মোড় মঙ্গলবার অবরোধ করেন চাকরি প্রার্থীরা। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিপেটা -যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর শাহবাগে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন করা প্রিলিমিনারি উত্তীর্ণ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের তুমুল সংঘর্ষ ও ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, জলকামান ব্যবহার ও লাঠিপেটা করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে। এতে পাঁচ প্রার্থী আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে শাহবাগ থেকে যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে এই ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। একই দাবিতে ঢাকা-আরিচা, রংপুর-দিনাজপুর মহাসড়ক ও ঢাকা-ময়মনসিংহ রেলপথও অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-
হাজারীবাগ ও শাহবাগ (ঢাকা) : শাহবাগে আহতরা হলেন-মো. শাহিন, আশিকুর রহমান, শাকিল আহমেদ, রিয়াজ ও আবরার শাহরিয়ার উল্লাস।
আন্দোলনরত চাকরি প্রত্যাশীদের সঙ্গে মঙ্গলবার বিকাল ৫টার পর থেকে থেমে থেমে এই উত্তেজনা ও ধাওয়া-পালটাধাওয়া চলতে থাকে।
সরেজমিন দেখা যায়, বিপুলসংখ্যক পুলিশ সদস্যরা শাহবাগ থানার সামনে শক্ত অবস্থান নিয়েছে। আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করছেন। ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে এদিন চাকরিপ্রত্যাশীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। এরপর প্রার্থীরা সেখানেই অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। এর আগে, দুপুরে জাতীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা যাত্রা শুরু করেন।
শাকিল আহমেদ বলেন, সেপ্টেম্বরে আমাদের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল ঘোষণা করা হয়। কিন্তু লিখিত পরীক্ষার জন্য পর্যাপ্ত সময় না দিয়ে পরীক্ষা গ্রহণের তারিখ ঘোষণা করা হয়েছে। গত এক মাস ধরে আমরা পরীক্ষা পেছানোর দাবিতে শাহবাগে আন্দোলন চালাচ্ছি। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে বসেছিলাম। আমরা ২৮ ডিসেম্বর পরীক্ষার তারিখ ঘোষণার জন্য অনুরোধ করেছিলাম, কিন্তু সেটা করা হয়নি।
আহত কয়েকজনের মাথা ফেটে গেছে। শাহিনের মাথায় ১০টি সেলাই লেগেছে। একজন গুরুতর আহতকে বাংলাদেশ মেডিকেলের আইসিইউতে নেওয়া হয়েছে।
পরীক্ষার্থীরা অভিযোগ করে বলেন, অতীতে বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে ৬ মাস থেকে এক বছর সময় দেওয়া হলেও এবার সময় দেওয়া হয়েছে ২ মাসেরও কম, যা সম্পূর্ণ অযৌক্তিক।
ঢাকা উত্তর ও জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন মহাসড়কের আরিচাগামী লেনে মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধ করেন। এ সময় ডেইরি গেট থেকে রেডিও কলোনি ও নবীনগর পর্যন্ত দীর্ঘ যানজট লেগে যায়।
বিক্ষোভকারীরা বলেন, যৌক্তিক প্রস্তুতির সুযোগ নিশ্চিত করতে লিখিত পরীক্ষা পেছাতে হবে।
বাকৃবি : আবারও ৩য় দিনের মতো রেলপথ অবরোধ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়সংলগ্ন রেল অবরোধ করেন তারা। এতে ঢাকা-ময়মনসিংহে রেল চলাচল বন্ধ হয়ে যায়। রাত সাড়ে ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ প্রত্যাহার করেননি শিক্ষার্থীরা। একই দাবিতে রাজধানীর শাহবাগে শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টায়ার জ্বালিয়ে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
হাবিপ্রবি : রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন মহাসড়কে তারা অবরোধ শুরু করেন। তারা ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর দাবি করেন। এতে রাস্তার উভয় দিকে যানজট সৃষ্টি হয়। তবে যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে এক ঘণ্টা পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রিলিমিনারির ফলের মাত্র দুই মাসের মধ্যে লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এক ধরনের হঠকারিতা।
