Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

আ.লীগের অপতৎপরতা প্রতিরোধ

মাঠে থাকবে বিএনপি জামায়াত এনসিপি

Icon

নূরে আলম জিকু

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মাঠে থাকবে বিএনপি জামায়াত এনসিপি

Advertisement

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৯ ও ৩০ নভেম্বরের কথিত ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে রাজনৈতিক অঙ্গনে কিছুটা উত্তেজনা রয়েছে। কর্মসূচির আড়ালে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও সহিংসতার আশঙ্কা করছেন রাজনৈতিক দলগুলোর নেতারা। তবে পরিস্থিতি মোকাবিলায় রাজপথে থাকার ঘোষণা দিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর পাশাপাশি তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও মাঠে থাকার প্রস্তুতি নিয়েছে। তারা জানিয়েছে, কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে। এছাড়া কোথাও কোথাও প্রতিবাদ, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। বিশেষ করে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা, দলীয় কার্যালয় এবং নিজ নিজ সাংগঠনিক এলাকায় সক্রিয় থাকার কথা বলেছেন এই তিন দলের নীতিনির্ধারকরা। কয়েকদিন ধরেই আলোচনায় আছে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা। তার মুখপাত্রের বরাতে এ তথ্য প্রকাশের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে তৎপরতা আরও বেড়েছে। বিজয়ের মাসে আওয়ামী লীগের সম্ভাব্য কর্মকাণ্ড মোকাবিলায় বিএনপি, জামায়াত ও এনসিপি নিজেদের কর্মসূচি সাজিয়েছে। সরকারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্য গড়ার উদ্যোগ নিয়েছে।

সূত্র বলছে, কয়েকদিনের মাঠপর্যায় পর্যবেক্ষণ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা সাংগঠনিক ও রাজনৈতিকভাবে প্রতিহতের সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন বিএনপি। এই ইস্যুতে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন দলটির দায়িত্বশীল নেতারা। নাশকতা মোকাবিলায় কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে বিশেষ বার্তা দেওয়া হয়েছে। তবে নেতাকর্মীদের আইন নিজের হাতে তুলে না নেওয়া এবং কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে বলা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হতে দেওয়া হবে না। নেতাকর্মীরা সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে রাজপথে রয়েছেন।

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল যুগান্তরকে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা মোকাবিলায় ইতোমধ্যে আমাদের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয় সংসদ-সদস্যসহ মহানগর ও জেলা পর্যায়ের সংশ্লিষ্ট নেতারা মাঠে থাকবেন। তারা সর্বাত্মকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন। বিএনপির নেতাকর্মীরা কোনো সংঘর্ষে যেতে চান না। তিনি বলেন, জনজীবনে অশান্তি সৃষ্টিকারী ফ্যাসিস্ট আওয়ামী শক্তি যাতে দুর্বল হয়ে যায়-এমনটাই আমাদের প্রত্যাশা। ইতোমধ্যে আগের চেয়ে তারা অনেক দুর্বল হয়েছে। এজন্য যে কৌশল প্রয়োগ করা দরকার, আমাদের নেতাকর্মীরা তা করবে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ যুগান্তরকে বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ আগেও লকডাউন ডেকেছিল, পালিত হয়নি। এবারও তেমনটি হবে। তিনি বলেন, ইতোমধ্যে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষ্যে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আমরা রাজপথে সেগুলো পালন করব। কেউ নাশকতা কিংবা সহিংসতা সৃষ্টি করতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী দেখবে। আমার জনগণের সঙ্গেই আছি। জনগণ যেভাবে চাইবে, আমরা সেভাবেই মাঠে থাকব।

এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের অন্যতম সদস্য আরিফুল ইসলাম আদিব যুগান্তরকে বলেন, ইতোমধ্যে এনসিপি ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে। আলাদাভাবে কোনো কর্মসূচি না থাকলেও আমাদের নেতাকর্মীরা যে যার মতো রাজপথে থাকবে। কোথাও নাশকতার সম্ভাবনা দেখা গেলে প্রতিহত করবে।

ডিসেম্বর ঘিরে আওয়ামী লীগ যে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে, তা গত কয়েকদিনের ঘটনাপ্রবাহে আরও স্পষ্ট হয়েছে। ২৭ ও ২৮ নভেম্বর দলটির মশাল মিছিলের কর্মসূচি ছিল। শুক্রবার সন্ধ্যায় গোপালগঞ্জের পাঁচ উপজেলায় মশাল মিছিল ও বিক্ষোভের খবর পাওয়া গেছে। এর আগে ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন, ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটে। ৭ থেকে ১৯ নভেম্বর ১৩ দিনে ৮৩টি যানবাহনে আগুন দেওয়া হয় এবং ৮৭টি স্থানে ককটেল নিক্ষেপ করা হয়। এছাড়াও কয়েকদিনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতা চালান কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা।

রাজনৈতিক দলগুলোর সংশ্লিষ্ট সূত্র বলছে, এবারের পরিস্থিতি শুধু দুই দিনের লকডাউন কর্মসূচিতে সীমাবদ্ধ থাকছে না। ডিসেম্বরজুড়ে রাজনৈতিক উত্তেজনা বাড়ার আশঙ্কা রয়েছে। চব্বিশের গণ-অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাও পরিস্থিতিকে উসকে দিচ্ছে। এমন পরিস্থিতিতে বিভিন্ন ইস্যুতে মতবিরোধ থাকলেও আওয়ামী লীগের অপতৎপরতা মোকাবিলায় ঐক্যবদ্ধ রয়েছে বিএনপি, জামায়াত, এনসিপিসহ জুলাই আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান স্থান ও সময় নির্ধারণ করলে দলগুলো সংলাপে বসবে। তবে পরিস্থিতি মোকাবিলায় দলগুলোর সতর্ক নজর রয়েছে। এমনকি ডিসেম্বরজুড়ে সাংগঠনিক শক্তি প্রদর্শনের প্রস্তুতিও নিচ্ছে দলগুলো।

বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনগুলো ইতোমধ্যে বিভিন্ন এলাকায় বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ ও মিছিল করছে। ২৯ ও ৩০ নভেম্বর দুই দিন দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে যুবদল। বিএনপির নীতিনির্ধারকরা বলছেন, রাজধানীর পাড়া-মহল্লা থেকে শুরু করে জেলা, উপজেলা ও থানা পর্যায়ে নেতাকর্মীরা মাঠে সক্রিয় আছেন। নাশকতা ও সহিংসতার প্রতিবাদে পর্যায়ক্রমে মিছিল ও সমাবেশ করা হবে। নির্বাচিত সংসদ-সদস্যদের পাশাপাশি গত নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা নিজ নিজ এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে অবস্থান কর্মসূচি পালন করবেন। কেন্দ্রীয়ভাবে ১ ডিসেম্বর ঢাকায় বড় সমাবেশের মধ্য দিয়ে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি। ৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন দিবস ও রাজনৈতিক ইস্যুতে সমাবেশ, মিছিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। দলীয় অঙ্গসংগঠনগুলোকে পৃথক কর্মসূচির মাধ্যমে মাঠে রাখার পরিকল্পনা রয়েছে। বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য সৈয়দ সাদাত আহমেদ বলেন, আওয়ামী নৈরাজ্য মোকাবিলায় কয়েকদিন ধরে আমরা মাঠেই রয়েছি। দিনে-রাতে সব সময় রাজধানীর বিভিন্ন পয়েন্টে আমরা থাকব। কোথাও সন্দেহজনক কিছু দেখা গেলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হবে।

এদিকে জামায়াতও আওয়ামী লীগের তৎপরতা মোকাবিলায় মাঠে থাকার ঘোষণা দিয়েছে। দলটি ১৯ নভেম্বর থেকে ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। ২১ নভেম্বর বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ ও মিছিলের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।

২৫ নভেম্বর ঢাকার বাইরে ১১টি মহানগরীতে সমাবেশ ও মিছিল করেছে দলটি। ৩০ নভেম্বর দেশব্যাপী উপজেলা ও থানা সদরে সমাবেশ ও মিছিল করবে জামায়াত। ৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক ও জাতীয় ইস্যুতে কর্মসূচি অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে দলটির। জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে দলটি রাজপথে থাকবে। জনগণকে সঙ্গে নিয়ে নৈরাজ্য প্রতিরোধ করা হবে। অন্যদিকে এনসিপিও ধারাবাহিক ৩৯ দিনের কর্মসূচি নিয়ে মাঠে রয়েছে। আওয়ামী লীগের বিচার, জুলাই গণহত্যার বিচারসহ পাঁচ দফা দাবিতে এসব কর্মসূচি পালন করা হচ্ছে।

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নেতারা জানান, কর্মসূচি ভিন্ন হলেও আওয়ামী লীগের অপতৎপরতা মোকাবিলায় তারা মাঠে থাকবেন। কোথাও কোনো নাশকতার তথ্য পেলে তাৎক্ষণিভাবেই প্রতিহত করা হবে বলেও জানান তারা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শাহজালাল ইসলামী ব্যাংকে ঋণ পুনঃতফসিল তিন হাজার কোটি টাকার অনিয়ম

তিন হাজার কোটি টাকার অনিয়ম

২২ স্থাপনা ও বাস ট্রেনে আগুন হামলা

২২ স্থাপনা ও বাস ট্রেনে আগুন হামলা

আ.লীগের অপতৎপরতা প্রতিরোধ মাঠে থাকবে বিএনপি জামায়াত এনসিপি

মাঠে থাকবে বিএনপি জামায়াত এনসিপি

সারা দেশে ককটেল-আগুন সন্ত্রাস পরিস্থিতি সামলাতে হবে সরকারকেই

পরিস্থিতি সামলাতে হবে সরকারকেই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম