কৃষকদের বিক্ষোভ অবরোধ, সার লুট
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের রৌমারীতে সোমবার ডিলার মতিউর রহমানের গোডাউন ভেঙে সার নিয়ে যাচ্ছেন কৃষক -যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় দেড় শতাধিক বস্তা ইউরিয়া সার লুটের ঘটনা ঘটেছে। রাজশাহীর পুঠিয়া ও লালমনিরহাটে সারের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন কৃষকরা। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সারের দাবিতে কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করে ক্ষুব্ধ কৃষক। মাগুরায় অবৈধভাবে সার মজুত করায় দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শেরপুরের নালিতাবাড়ীতে সার সংকট নিয়ে জামায়াত নেতার স্ট্যাটাসে নড়েচড়ে বসেছে প্রশাসন ও কৃষি বিভাগ। প্রতিনিধিদের পাঠানো খবর-
কুড়িগ্রাম ও রৌমারী : কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ডিলার পয়েন্ট থেকে দেড় শতাধিক বস্তা সার লুট হয়েছে। তবে ঘটনা অস্বীকার করছে স্থানীয় প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরাও ঘটনাস্থলে টহল দিচ্ছে। উপজেলার বন্দরের ইউনিয়নের মহিলা কলেজ মোড়ের মিতা হাসান ট্রেডার্স গুদাম ঘরের সামনে রোববার মধ্য রাত থেকে কৃষকরা সারের জন্য লাইন দেন। সকাল ৯টার দিকে ডিলার মতিউর রহমান কৃষকদের জানান পুলিশ এনে সার বিতরণ করা হবে। এরপর প্রায় ২ ঘণ্টা পার হলেও সার না পেয়ে উত্তেজিত কৃষকরা গুদাম ঘরের সাটার ও টিনের বেড়া ভেঙে ১৫০ বস্তা সার নিয়ে যায়। এ ঘটনা মুহূর্তেই সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। ডিলার মতিউরের দাবি, ধৈর্যহারা কৃষকরা গোডাউন থেকে আনুমানিক দেড় শতাধিক বস্তা ইউরিয়া সার নিয়ে গেছে।
রাজশাহী ও পুঠিয়া : পুঠিয়ায় পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা এবং খুচরা বাজারে সার সিন্ডিকেট ভাঙার দাবিতে গতকাল বিক্ষোভ করেছেন কৃষকরা। সকালে বানেশ্বর বাজার এলাকায় বিক্ষোভের পর ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। কৃষকদের বক্তব্য, বর্তমানে রোপা আমন মৌসুমে জমিতে সার প্রয়োগের উপযুক্ত সময় চলছে। কিন্তু ডিলারদের কাছে চাহিদা অনুযায়ী সার পাওয়া যাচ্ছে না। তাদের অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করে খোলা বাজারে অতিরিক্ত দামে সার বিক্রি করা হচ্ছে।
কৃষক রফিকুল ইসলাম বলেন, ‘ভোর ৬টা থেকে লাইনে দাঁড়িয়ে ছিলাম। সকাল ১০টার দিকে ডিলার ওছমান আলী বলেন, সার শেষ। আমরা সার না পেলে জমি রক্ষা করব কীভাবে? সিন্ডিকেট করে আমাদের পকেট কাটা হচ্ছে। আমরা এর বিচার চাই।’
কালীগঞ্জ (লালমনিরহাট) : লালমনিরহাটে সার সিন্ডিকেট বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকরা। এতে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের ফকিরের তকেয়া এলাকায় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে উপজেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। কৃষকদের অভিযোগ, চলতি আমন মৌসুমে সময়মতো জমিতে সার দিতে পারছেন না। প্রতিদিন পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা এবং সারের সিন্ডিকেট বন্ধের দাবিতেই তারা এই কর্মসূচিতে নামতে বাধ্য হয়েছেন।
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে খোলা বাজারের সার বিক্রির দাবিতে সড়ক অবরোধ ও উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বারকে অবরুদ্ধ করেছে ক্ষুব্ধ কৃষকরা। পরে উপজেলা নির্বাহী অফিসার খোলা বাজারে সার বিক্রির আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। গতকাল সকালে সোনাহাট ইউনিয়নের বিএডিসি সার ডিলার আমজাদ হোসেনের দোকানে সার বিতরণ শুরু হয়। এ সময় সমবেত কৃষকরা সার না পাওয়ার শঙ্কায় বিক্ষোভ করতে থাকেন। উত্তেজিত কৃষকরা কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করেন। পরে কৃষকদের মধ্যে ৩৩৫ বস্তা ডিএপি, ৯৫ বস্তা টিএসপি ও ১৫৭ বস্তা এমওপি সার বিতরণ করা হয়।
মাগুরা : মাগুরার শ্রীপুরে অবৈধভাবে সার মজুতের অভিযোগে স্থানীয় কৃষি অফিসের করা মামলার আসামি ব্যবসায়ী শহিদ জোয়ার্দার ও নবাব জোয়ার্দারকে গতকাল ভোরে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার কোদলা ও লাঙ্গলবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাদের ধরা হয়। এর আগে শনিবার রাতে তাদের বাড়ি ও গুদামে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার জব্দ করে উপজেলা প্রশাসন। আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।
শেরপুর : শেরপুরের নালিতাবাড়ীতে সার সংকট নিয়ে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল গোলাম কিবরিয়া ফেসবুকে স্ট্যাটাস দেন। তাতে তিনি লেখেন, ‘ধানের সরকার কৃষককে সময়মতো সার দিতে বরাবরের ন্যায় চরমভাবে ব্যর্থ এবং লাইনে দাঁড়িয়েও মিলছে না সার...আপনার এলাকার কী অবস্থা? এই স্ট্যাটাস দেওয়ার পর কমেন্টে ব্যাপক সাড়া মেলে। এরপর তড়িঘড়ি মাঠে নামে জেলা প্রশাসন ও কৃষি বিভাগ। গোলাম কিবরিয়া বলেন, নালিতাবাড়ীর বিভিন্ন স্থানে কৃষকরা সার না পেয়ে ফিরে যাচ্ছেন। তাই আমি ওই ফেসবুক স্ট্যাটাস দিয়েছি। স্থানীয় ডিলার ফিরোজ মিয়ার দাবি, জামায়াতের লোকজন গুজব ছড়াচ্ছে।
