Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

বেপরোয়া বাস-অটোরিকশা সংঘর্ষ

ময়মনসিংহে এক পরিবারের চার সদস্যসহ নিহত ৭

পাঁচ স্থানে সড়কে ঝরল আরও ৫ প্রাণ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহে এক পরিবারের চার সদস্যসহ নিহত ৭

ময়মনসিংহ নগরীর বাইপাস সড়কে শুক্রবার বাসের সঙ্গে সংঘর্ষের পর দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা। দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা তৎপরতা চালান -যুগান্তর

Advertisement

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নারী-শিশুসহ সাতজন নিহত হয়েছেন। তাদের মধ্যে এক পরিবারের চারজন রয়েছেন। শুক্রবার দুপুরে নগরীর বাইপাস সড়কের বাংলাদেশ ব্যাংকের সামনে পূর্ব গন্দ্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ইউনিটের ফায়ার সার্ভিসের কর্মীরা এসে অটোর ভেতর থেকে ক্ষতবিক্ষত লাশগুলো উদ্ধার করে। এছাড়া সড়ক দুর্ঘটনায় পাঁচ স্থানে আরও পাঁচজন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে নারায়ণগঞ্জ ও বরিশালে বৃদ্ধ-বৃদ্ধা, মাদারীপুরে ভ্যানচালক, ফেনীতে অটোচালক ও মৌলভীবাজারে যুবক রয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-

ময়মনসিংহ : নিহতরা সবাই অটোরিকশাযাত্রী। একই পরিবারের নিহত চারজন হলেন-জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকার দড়ি হামিদপুর গ্রামের রাজমিস্ত্রি মোফাজ্জল হোসেন লেবু, তার মা রাশিদা বেগম, মেয়ে মর্জিনা ও মর্জিনার ছেলে শিশু মিনাল। মোফাজ্জল গাজীপুরে রাজমিস্ত্রির কাজ করতেন। গাজীপুরে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত অপর তিনজনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী রাজিব পরিবহণের বাস দুপুরে পূর্ব গন্দ্রপা এলাকায় পৌঁছলে মুক্তাগাছা থেকে ময়মনসিংহ বাইপাসগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিন নারী ও এক শিশুসহ সাতজনের মৃত্যু হয়। দুর্ঘটনার কারণে ময়মনসিংহ-মুক্তাগাছা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়েছে। পুলিশ ঘাতক বাসটি জব্দ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটির বেপরোয়া গতির কারণেই ৭ জন মারা গেল। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ইউনিটের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাস উদ্দিন জানান, অটোরিকশার ভেতর থেকে সবগুলো লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে এক বিবৃতিতে ময়মনসিংহে সাতজন নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

নারায়ণগঞ্জ : আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা ছমিরুন নেছার মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় এক শিশু গুরুতর আহত হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা কাচারী বাজার-মানিকপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছমিরুন নেছা চৈতনকান্দা গ্রামের ইব্রাহীম মিয়ার স্ত্রী।

দাগনভূঞা (ফেনী) : দাগনভূঞায় যাত্রীবাহী বাস-ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে চালক জাহাঙ্গীর আলম নিহত হয়েছেন। দুর্ঘটনায় অটোতে থাকা আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গনিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর দাগনভূঞা থানার অভিরামপুর গ্রামের আব্দুল আলীর ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত অটোরিকশা চালক ছিলেন।

টেকেরহাট (মাদারীপুর) : মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক আশরাফ আলী নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার জলিরপাড় ইউনিয়নের মুন্সি কলিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফ উপজেলার বড় ভাটরা গ্রামের ওহাব আলী মুন্সির ছেলে।

হিজলা (বরিশাল) : হিজলায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক আব্দুল মালেক সিকদার নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার গোলেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক উপজেলার মাসকাটা গ্রামের মৃত নাদের আলী সিকদারের ছেলে। তিনি পানের বরজে কাজ করতেন।

কমলগঞ্জ (মৌলভীবাজার) : কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক সুহেল মিয়ার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের দক্ষিণ বালিগাঁও বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কমছে আয়, ঋণেই ভরসা

কমছে আয়, ঋণেই ভরসা

মিষ্টির পদত্যাগে সতর্কবার্তা আতঙ্কে চাঁদাবাজ সন্ত্রাসীরা

আতঙ্কে চাঁদাবাজ সন্ত্রাসীরা

বিশ্বব্যাংক-আইএমএফ-এর সভা ব্যাংকক বৈঠকে চাওয়া হবে ৫০০ কোটি ডলারের ঋণ

ব্যাংকক বৈঠকে চাওয়া হবে ৫০০ কোটি ডলারের ঋণ

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে সাইমনের ‘টর্চার সেল’

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে সাইমনের ‘টর্চার সেল’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম