হিমছড়ি সৈকতে প্রবল স্রোতে ভেসে তিনজনের মৃত্যু
নিখোঁজ আরও ২
Advertisement
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে সাগরের ঢেউ ও প্রবল স্রোতে ভেসে তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় মেরিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে দুর্ঘটনায় আরও দুইজন নিখোঁজ রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় পর্যটকদের একটি দল হিমছড়ির মেরিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে গোসল করতে নামে। এ সময় সাগরের ঢেউ ও স্রোতের টানে কয়েকজন পর্যটক ভেসে যান। মুহূর্তেই তারা পানিতে হাবুডুবু খেতে থাকেন। তাদের পানিতে ভেসে যেতে দেখে স্থানীয় লোকজন উদ্ধারে এগিয়ে আসেন। তাদের প্রচেষ্টায় কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। পরে সেখানে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই পর্যটক নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের একজনের পরিচয় পাওয়া গেছে। তাদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছে পুলিশ। নিহতদের মধ্যে রয়েছেন রোহান (২৩) ও শহীদুল ইসলাম (২৩)। রাজধানীর উত্তরার দিয়াবাড়ীর রোহানের বাবার নাম মুকাররম হোসেন। তার পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য একটি ফোন নম্বর পাওয়া গেছে। নিহত শহীদুল ইসলামের ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নিখোঁজের একজন নাফিসুল হক নিবিড় (২২)। তার বাবার নাম নাবিবুর রহমান। তিনি ঢাকার আজিমপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। নিখোঁজ আরেকজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সৈকতকর্মী মাহবুব রহমান জানান, প্রথমে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে সেখানেই তার মৃত্যু হয়েছে। আরও দুজন নিখোঁজ রয়েছেন।
রামুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লর রহমান জানান, পর্যটকদের একটি দল মেরিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে গোসল করতে নেমে ঢেউ ও স্রোতে ভেসে যায়। স্থানীয় লোকজন একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে তিন পর্যটকের মৃত্যুর খবর পাওয়া যায়। এখনো দুই পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে পুলিশ তল্লাশি চালাচ্ছে।
