Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

ভাগ্য কি বদলাবে ফিলিস্তিনিদের

দূরের বাতিঘর ক্ষীণ আলো

আইজেনকোটের মন্ত্রিসভায় থাকবেন না উগ্রপন্থি নেতারা * পশ্চিমতীরে হামলাকারীদের বিরুদ্ধে পদক্ষেপ আসতে পারে * ফিলিস্তিন রাষ্ট্র গঠনে কোনো স্পষ্ট বার্তা আসেনি

Icon

তুহিন তৌহিদ

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দূরের বাতিঘর ক্ষীণ আলো

Advertisement

ইসরাইলের সাম্প্রতিক নির্বাচনের পর একটি প্রশ্ন বারবার সামনে আসছে-বেঞ্জামিন নেতানিয়াহু সরে গেলে অব্যাহত নিপীড়নের শিকার ফিলিস্তিনিদের ভাগ্যে কোনো পরিবর্তন আসবে? তবে প্রশ্নটি কেবল গাজা ও অধিকৃত পশ্চিমতীরে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলি আচরণে সীমাবদ্ধ নয়, এটি লেবানন থেকে ইরান পর্যন্ত বিস্তৃত। ক্ষমতার পালাবদল কি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধ করবে? এ যুদ্ধের কারণে কার্যত ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে বিশ্ব অর্থনীতি। বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো বেশি ভোগান্তিতে রয়েছে।

সম্প্রতি নির্বাচনে নেতানিয়াহুর লিকুদ পার্টি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে সাবেক সেনা কর্মকর্তা গ্যাদি আইজেনকোটের সদ্য গঠন করা ইয়াশার পার্টির জোট বড় চমক দেখায়। আইজেনকোট তার দলটি গড়ে তোলেন গত বছরের সেপ্টেম্বরে। এক বছরের মাথায় তার জোট ইসরাইলের পার্লামেন্টে ৪৮টি আসন পেয়েছে। নেতানিয়াহুর জোট ৫৩ আসন পেলেও সরকার গঠনে প্রয়োজনীয় ৬১ আসনে পৌঁছাতে পারেনি। ১৯ আসন জয়ে রেকর্ড গড়েছে আরব দলগুলো। ইতোমধ্যে আরব দলগুলো আইজেনকোটকে সমর্থন জানিয়েছে। পাশাপাশি ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগও তাকে সরকার গঠনের আহ্বান জানান। প্রশ্ন হলো-সরকার গঠনের পর তিনি কি নেতানিয়াহুর ইসরাইলের আগ্রাসী নীতি থেকে সরে আসবেন? ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন কমবে? গাজার বিস্তীর্ণ এলাকা দখল করে আছে ইসরাইলি বাহিনী; তারা কি সেখান থেকে সরে আসবে? তারা কি লেবাননের সঙ্গে লড়াই বন্ধ করবে? অধিকৃত পশ্চিমতীরে প্রতিদিনই উচ্ছেদ করা হচ্ছে ফিলিস্তিনিদের; এসব কি বন্ধ হবে?

ইয়াশার পার্টির যখন জন্ম তখন নেতানিয়াহুর ইসরাইল বিভিন্ন ফ্রন্টে ব্যাপক যুদ্ধে জড়িয়ে আছে। মধ্যডান নীতি নিয়ে দলটির জন্ম হলেও ভাবধারায় এটিও জায়নবাদী। দলটির জোট শরিকদের অনেকেই আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনে অনাগ্রহী। ইয়াশার পার্টির স্লোগান-‘এটা ডানে নয়, বাঁয়েও নয়-এটা সোজা।’

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের নাগরিকত্বধারী ফিলিস্তিনিদের প্রতিনিধিত্বকারী দলের সমর্থন নিয়ে কেউ ক্ষমতায় এলে সেই সরকারের কাছে তাদেরও কিছু দাবি থাকবে। তারা বিনিময়ে কিছু কার্যকর পদক্ষেপ আশা করবে। আরব দলগুলো ইসরাইলের ভেতরে ফিলিস্তিনি জনবসতিগুলোকে গ্রাস করে ফেলা সহিংস অপরাধের ঢেউকে ঠেকাতে সরকারের পদক্ষেপ চাইবে। পাশাপাশি, তারা অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংস হামলাও বন্ধ করতে চাইবে। নেতানিয়াহুর সরকারের শরিকরা-বিশেষ করে কট্টর ডানপন্থি মন্ত্রী ইতামার বেন-গভির ও বেজালেল স্মোত্রিচ-দৃশ্যত এসব হামলাকে সক্রিয়ভাবে উৎসাহিত করে আসছেন। আরব জোটের সদস্য দল বামপন্থি হাদাশ পার্টির আইদা তৌমা-স্লিমান বলেন, আইজেনকোট ফিলিস্তিনি ভোটারদের ওপর নির্ভর করতে চান না। তিনি কট্টরপন্থিদের সঙ্গে ছাড় দিতে রাজি।

তাহলে নেতানিয়াহু থেকে আইজেনকোট কতটা আলাদা হবেন? গাজায় যুদ্ধাপরাধের দায়ে নেতানিয়াহুসহ তার মন্ত্রিসভার কয়েকজন সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত। পাশাপাশি যুক্তরাষ্ট্রে ইসরাইলের গ্রহণযোগ্যতা সর্বকালের সর্বনিম্ন। বিশ্বব্যাপীও অনেকটা একঘরে ইসরাইল। অভিযোগ আছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানে হামলার জন্য প্ররোচিত করেছিলেন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির জন্য এ যুদ্ধকেই এখন দায়ী করা হচ্ছে।

এ কারণে ইসরাইল নেতানিয়াহুকে সরিয়ে নতুন ভাবমূর্তি তৈরির চেষ্টা করতে পারে। সেক্ষেত্রে তাদের সম্প্রসারণবাদের চেষ্টা আইজেনকোট কতটুকু গোছাবেন, সেটাই দেখার বিষয়। মধ্যডানপন্থি হওয়ায় ফিলিস্তিনিদের ওপর কট্টর ইহুদি বসতি স্থাপনকারীদের হামলার বিরুদ্ধে তার সরকারের অবস্থান দেখা যেতে পারে। কিন্তু গাজা ও লেবানন থেকে তিনি সেনা সরিয়ে নেবেন কি না-তা স্পষ্ট নয়।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, আইজেনকোট যদি সরকার গঠন করেন, তবুও ইসরাইলি নীতিতে আমূল পরিবর্তনের আশা করাটা হবে অকালপক্ব। তার সামরিক পটভূমি ও রাজনৈতিক অবস্থান তাকে নেতানিয়াহু থেকে আলাদা করে তোলে। তিনি নিজেকে এমন একজন নেতা হিসাবে তুলে ধরেছেন, যিনি ইসরাইলে ঐক্য ফিরিয়ে আনতে এবং আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি উন্নত করতে সক্ষম। তবে প্রধানমন্ত্রীর পরিবর্তন মানেই যে জাতীয় দিকনির্দেশনার পরিবর্তন-তা কিন্তু নয়।

আইজেনকোট ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়ে কোনো স্পষ্ট প্রতিশ্রুতি দেননি এবং নিরাপত্তা প্রশ্নে তার দৃষ্টিভঙ্গি এখনো সামরিক শক্তি ব্যবহারের ওপরই নিবদ্ধ। তার সরকার হয়তো সুর, জোটের গঠন ও কিছু নীতিগত সিদ্ধান্তের ক্ষেত্রে ভিন্ন হতে পারে, কিন্তু ফিলিস্তিনিদের সামনে বিদ্যমান বাস্তবতায় কোনো মৌলিক পরিবর্তন আসার সম্ভাবনা কম। তবুও আশায় বুক বাঁধছেন ফিলিস্তিনিরা; এ যেন দূরের বাতিঘর থেকে ক্ষীণ আলো আসার মতো। যদি তাদের ভাগ্যে পরিবর্তন আসে!

নেতানিয়াহু-আইজেনকোটের ব্যক্তিগত দ্বন্দ্ব

রাজনৈতিক দ্বন্দ্বের পাশাপাশি নেতানিয়াহু ও আইজেনকোটের ব্যক্তিগত দ্বন্দ্বও রয়েছে। ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দুই ছেলেই বিদেশে থাকেন। বড় ছেলে ইয়ার নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে ও ছোট ছেলে আভনের নেতানিয়াহু যুক্তরাজ্যের বাসিন্দা। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর সাবেক চিফ অব স্টাফ গ্যাদি আইজেনকোটের ছেলে গল মায়ের আইজেনকোট গাজা যুদ্ধে গিয়ে ২০২৪ সালের ডিসেম্বরে নিহত হন। দুই নেতার বিরোধের পটভূমিতে এ ঘটনাটি রয়েছে। আইজেনকোটের মতো অনেক ইসরাইলি মনে করেন-নেতানিয়াহু নিজের সন্তানদের অন্য দেশে রেখে তাদের সন্তানদের যুদ্ধক্ষেত্রে পাঠাচ্ছেন। এছাড়া নেতানিয়াহুকে তারা দুর্নীতিবাজও মনে করেন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলাও চলছে।

হামাসকে হামলার সুযোগ করে দেন নেতানিয়াহু

অভিযোগ আছে, গাজা থেকে ইসরাইলে হামলার সুযোগ নেতানিয়াহুই করে দিয়েছিলেন। ইসরাইলের প্রভাবশালী গণমাধ্যম হারেৎজের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ওই হামলার আগে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ফোন করে বিষয়টি নেতানিয়াহুকে জানান। কিন্তু তিনি এ বিষয়ে চুপ থেকেছিলেন। এছাড়া মিসর থেকেও ইসরাইলে সতর্কবার্তা দেওয়া হয়েছিল।

ইসরাইলের প্রধানমন্ত্রী এমনটা করেছিলেন যাতে ফিলিস্তিনিদের সরিয়ে পুরো গাজা দখলে নেওয়া যায়। কিন্তু শেষ পর্যন্ত এটা হয়নি। নেতানিয়াহু এখন ইসরাইলিদের কাঁধে বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচারিত একটি গণহত্যার দায় চাপিয়ে দিয়ে যাচ্ছেন। পরিহাসের বিষয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই ইহুদিরাই জার্মানিতে গণহত্যার শিকার হয়েছিল।

কূটনীতির পথ খুলতে পারে

খুব বেশি আশা না থাকলেও কিছু পরিবর্তন আসবে, যা পুরো অঞ্চল-এমনটি বিশ্বের জন্য ইতিবাচক হতে পারে। দ্য নিউ আরবের প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুর বিদায় ইসরাইলি সরকার ও তাদের আন্তর্জাতিক অংশীদারদের মধ্যকার সম্পর্কে পরিবর্তন আনতে পারে; অভ্যন্তরীণ বিতর্কের গতিপ্রকৃতি বদলে দিতে পারে এবং ভিন্ন ধরনের কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের সুযোগ তৈরি করতে পারে। তবে কেবল এর মাধ্যমেই দখলদারিত্বের অবসান ঘটবে না, বসতি সম্প্রসারণ থামবে না কিংবা সংঘাতের সমাধান হবে না। এসব অর্জনের জন্য এমন সব সিদ্ধান্তের প্রয়োজন, যা কেবল একজন ইসরাইলি নেতার পরিবর্তে অন্য একজনকে বসানোর গণ্ডি ছাড়িয়ে অনেকদূর পর্যন্ত বিস্তৃত।

জর্জটাউন ইউনিভার্সিটির স্কুল অফ ফরেন সার্ভিসের ‘প্রিন্স আলওয়ালিদ সেন্টার ফর ক্রিশ্চিয়ান-মুসলিম আন্ডারস্ট্যান্ডিং’-এর পরিচালক ড. নাদের হাশেমি বলেন, ‘গাজায় সংঘটিত গণহত্যার ফলে পশ্চিমা বিশ্বে-অর্থাৎ পশ্চিমা জনগণের মধ্যে ইসরাইলের প্রতি সমর্থন সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। তাই নতুন কোনো প্রধানমন্ত্রী, যিনি ইসরাইলের একটি ভিন্ন ভাবমূর্তি তুলে ধরবেন, তাকে বিশ্বজুড়ে ইসরাইলের মিত্ররা-বিশেষ করে পশ্চিমা দেশগুলো স্বাগত জানাবে।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

তামাশার হটলাইন

তামাশার হটলাইন

নথির মারপ্যাঁচে কুড়িগ্রাম বালু গবেষণাকেন্দ্র ১৫ লাখ কর্মসংস্থানের আশা ফিকে

১৫ লাখ কর্মসংস্থানের আশা ফিকে

প্রধানমন্ত্রীর ভিভিআইপি ফ্লাইটে কারিগরি ত্রুটি বিতর্কিত দুই প্রকৌশলীর স্টেশন ত্যাগে নিষেধাজ্ঞা

বিতর্কিত দুই প্রকৌশলীর স্টেশন ত্যাগে নিষেধাজ্ঞা

‘বরিশল’ নামে নতুন উপজেলায় আপত্তি ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৪ ঘণ্টা সড়ক-রেল অবরোধ, দুর্ভোগ

ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৪ ঘণ্টা সড়ক-রেল অবরোধ, দুর্ভোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম