Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

‘বরিশল’ নামে নতুন উপজেলায় আপত্তি

ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৪ ঘণ্টা সড়ক-রেল অবরোধ, দুর্ভোগ

Icon

ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়া প্রতিনিধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৪ ঘণ্টা সড়ক-রেল অবরোধ, দুর্ভোগ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিলের দাবিতে রেলপথ অবরোধ করছেন স্থানীয়রা। রোববার সদর উপজেলার কোড্ডা এলাকায় -যুগান্তর

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিলের দাবিতে রেলপথ ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। রোববার সকাল ৭টা থেকে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথ এবং আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়ক অবরোধ করে রাখেন তারা। এতে রেল যোগাযোগ ও সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী। প্রায় সাড়ে চার ঘণ্টা পর আলোচনার আশ্বাসে বেলা ১১টা ২০ মিনিটের দিকে স্থানীয়রা অবরোধ তুলে নেন। তারা সংকট সমাধানের জন্য তিন দিনের আলটিমেটাম দিয়েছেন।

রেলপথ অবরোধের কারণে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেন সকাল সাড়ে ৮টা থেকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন আটকে যায় ভৈরব রেলওয়ে স্টেশনে। এছাড়া ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ও চট্টলা এক্সপ্রেস এবং চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনও বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। অন্যদিকে আখাউড়া-আগরতলা সড়কে যান চলাচল বন্ধ থাকায় যাত্রীদের অনেককে হেঁটে গন্তব্যে যেতে হয়।

স্থানীয় সূত্র জানায়, মে মাসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম-কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল নিয়ে ‘বরিশল’ নামে নতুন একটি ইউনিয়ন গঠন করা হয়। একে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। এ বিষয়ে ৪ জুন গেজেট প্রকাশিত হয়। শুরু থেকে এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছেন বাসুদেব ইউনিয়নের বাসিন্দারা।

সম্প্রতি সদর উপজেলার বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ইউনিয়ন, বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়ন ও আখাউড়া উপজেলার নবগঠিত বরিশল ইউনিয়ন নিয়ে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব করা হয়। ৯ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগ সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসককে চিঠি দেয়। এরপর থেকে এ প্রস্তাবের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে ওঠেন স্থানীয়রা। তারা প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করেন এবং প্রস্তাব বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দেন।

জানা যায়, জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়া বরিশল গ্রামের বাসিন্দা। তার বাবা ফজলুর রহমান ভূঁইয়া বর্তমানে বরিশল ইউনিয়নের প্রশাসকের দায়িত্বে রয়েছেন। মূলত বিএনপির এই প্রভাবশালী নেতার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রশাসন ওই চিঠি দেয়।

রোববার সকাল থেকেই সদর উপজেলার বাসুদেব ইউনিয়নসহ আশপাশের কয়েকটি ইউনিয়নের বিক্ষুব্ধ লোকজন কোড্ডা লেভেল ক্রসিং এলাকায় জড়ো হতে থাকেন। কর্মসূচিতে নারীরাও অংশ নেন। একপর্যায়ে তারা রেলপথ ও আন্তর্জাতিক সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে রেল যোগাযোগ এবং সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

কোড্ডা লেভেল ক্রসিং এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বাসুদেব ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক চেয়ারম্যান নেসার উদ্দিন শের শাহ, জেলা আইন ফোরামের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মামুন পাঠান, বাসুদেব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন ভূঁইয়া এবং সদর উপজেলা বিএনপির সদস্য শিপন ভূঁইয়া।

বক্তারা বলেন, সদর উপজেলার বাসুদেব, সুলতানপুর ও রামরাইল এবং বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নকে আখাউড়া উপজেলার নবগঠিত বরিশল ইউনিয়নের সঙ্গে যুক্ত করে নতুন উপজেলা গঠনের পরিকল্পনা করা হচ্ছে। বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়ার এ পরিকল্পনা তারা মেনে নেবেন না। এ প্রস্তাব বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

এদিকে অবরোধের খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ-সদস্য খালেদ হোসেন মাহবুবের পক্ষে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল ঘটনাস্থলে যায়। তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের আশ্বাস দেন। পরে তিন দিনের আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম বলেন, আন্দোলনকারীরা তিন দিনের আলটিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করেছেন। জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সংসদ-সদস্যের উপস্থিতিতে এ বিষয়ে আলোচনা করে সমাধান করা হবে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার রফিকুল ইসলাম বলেন, বেলা পৌনে ১২টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। জেলার পুলিশ সুপার মুহাম্মদ জালাল উদ্দিন ফাহিম যুগান্তরকে বলেন, এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ঘটনাস্থলে সতর্ক অবস্থানে ছিল। বর্তমানে সড়ক ও রেলপথে চলাচল স্বাভাবিক রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

তামাশার হটলাইন

তামাশার হটলাইন

নথির মারপ্যাঁচে কুড়িগ্রাম বালু গবেষণাকেন্দ্র ১৫ লাখ কর্মসংস্থানের আশা ফিকে

১৫ লাখ কর্মসংস্থানের আশা ফিকে

প্রধানমন্ত্রীর ভিভিআইপি ফ্লাইটে কারিগরি ত্রুটি বিতর্কিত দুই প্রকৌশলীর স্টেশন ত্যাগে নিষেধাজ্ঞা

বিতর্কিত দুই প্রকৌশলীর স্টেশন ত্যাগে নিষেধাজ্ঞা

‘বরিশল’ নামে নতুন উপজেলায় আপত্তি ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৪ ঘণ্টা সড়ক-রেল অবরোধ, দুর্ভোগ

ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৪ ঘণ্টা সড়ক-রেল অবরোধ, দুর্ভোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম