আইএমএফ’র নতুন ঋণে শর্ত
সবাই পাবেন না ভর্তুকির সুবিধা
|
ফলো করুন |
|
|---|---|
সরকারের দেওয়া ভর্তুকির সুবিধা আর সবাই পাবেন না। বিদ্যুৎ, জ্বালানি, সার কিংবা খাদ্য-যে খাতেই সরকারি অর্থে ভর্তুকি দেওয়া হোক, তার সুফল পৌঁছাতে হবে নির্দিষ্ট জনগোষ্ঠীর কাছে। সচ্ছল ও বেশি আয় করা মানুষ কেন রাষ্ট্রের অর্থে কম দামে বিদ্যুৎ, জ্বালানি কিংবা সার কিনবেন। এমন প্রশ্ন তুলে ভর্তুকির সুবিধাভোগী বাছাইয়ে সরকারকে চাপ দিচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির মতে, ভর্তুকি বন্ধ করা নয়; বরং প্রকৃত দরিদ্র, নিম্ন আয়ের মানুষ ও প্রান্তিক জনগোষ্ঠীকে চিহ্নিত করে তাদের জন্য সহায়তা নিশ্চিত করাই জরুরি। ডিসেম্বরে ৪৫০ থেকে ৫০০ কোটি ডলারের নতুন ঋণচুক্তি সামনে রেখে আলোচনায় ভর্তুকি ব্যয়ের বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ তিন বছরে মোট ছয় কিস্তিতে এ অর্থ পাওয়া যেতে পারে। খবর সংশ্লিষ্ট সূত্রের।
জানা গেছে, নভেম্বরের প্রথম সপ্তাহে আইএমএফের বাংলাদেশ আবাসিক প্রতিনিধি ম্যাক্সিম ক্রিশকোর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন দপ্তরের সঙ্গে ধারাবাহিক বৈঠক করে। অর্থ বিভাগের সামষ্টিক অর্থনীতি অনুবিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে বৈঠকে পুরনো সংস্কার কর্মসূচির পাশাপাশি নতুন ঋণের শর্ত নিয়ে আলোচনা হয়। এতে বিশেষ গুরুত্ব পেয়েছে ভর্তুকির অর্থের সঠিক ব্যবহার, উপকারভোগী চিহ্নিত করা এবং বিদ্যুৎ, জ্বালানি ও কৃষি খাতে ভর্তুকির চাপ কমানোর বিষয়টি। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, আইএমএফের অবস্থান হচ্ছে, ভর্তুকির সুবিধা সবার জন্য উন্মুক্ত না রেখে প্রকৃত প্রয়োজন রয়েছে এমন জনগোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ করতে হবে। বিশেষ করে সচ্ছল পরিবার, বড় শিল্পপ্রতিষ্ঠান ও বাণিজ্যিকভাবে বেশি সুবিধা পাওয়া গ্রাহকদের ক্ষেত্রে সরকারি ভর্তুকি কমিয়ে প্রকৃত ব্যয়ের কাছাকাছি মূল্য নির্ধারণের বিষয়টি বিবেচনা করতে বলছে সংস্থাটি। অন্যদিকে দরিদ্র ও ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা বাড়াতে হবে। এ প্রসঙ্গে অর্থ বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা যুগান্তরকে বলেন, ভর্তুকির ক্ষেত্রে আইএমএফের অবস্থান বেশ কঠোর। সংস্থাটি চায়, টার্গেটেড জনগোষ্ঠীর বাইরে কেউ যেন ভর্তুকির সুবিধা না পায়। বিষয়টি এখন সরকারের উচ্চপর্যায়ে বিবেচনাধীন। তিনি বলেন, ঋণ চুক্তির বিষয়ে আলোচনা এগিয়ে নিতে চলতি মাসের শেষ নাগাদ আইএমএফের আরেকটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসবে।
জাতীয় অধ্যাপক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ্ যুগান্তরকে বলেন, সুনির্দিষ্ট বা টার্গেটেড জনগোষ্ঠীকে ভর্তুকি দেওয়ার বিষয়টি যৌক্তিক হলেও রাজনৈতিক সরকারের জন্য এটি বেশ কঠিন সিদ্ধান্ত। কারণ রাজনৈতিক সরকার সাধারণত দেশের সব শ্রেণির মানুষকে খুশি রাখতে চায়। শুধু নির্দিষ্ট জনগোষ্ঠীকে ভর্তুকি দিলে অন্যদের মধ্যে বৈষম্য তৈরি হচ্ছে কি না, সেটিও বিবেচনায় রাখতে হবে। তিনি বলেন, কৃষি খাতে ভর্তুকি কমানো হলে খাদ্য উৎপাদন কমে যাওয়ার ঝুঁকি রয়েছে। এতে খাদ্যনিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তখন খাদ্য আমদানি বাড়াতে হবে, যা বৈদেশিক মুদ্রার ওপর বাড়তি চাপ তৈরি করবে। তাই ভর্তুকি সংস্কারের নামে কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলা যাবে না। তবে আইএমএফ সব সময় ভর্তুকি ব্যয় কমিয়ে আনার পক্ষে।
বিপুল ভর্তুকির সুফল কারা পাচ্ছে : চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ভর্তুকি ও প্রণোদনা মিলিয়ে বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ২২ হাজার ৪৯৩ কোটি টাকা। এর মধ্যে সরাসরি ভর্তুকি খাতে ৮৯ হাজার ৫৩৮ কোটি এবং বিভিন্ন খাতে প্রণোদনার জন্য ৩২ হাজার ৯৫৫ কোটি টাকা রাখা হয়েছে। সরাসরি ভর্তুকির সবচেয়ে বড় অংশ যাচ্ছে বিদ্যুৎ খাতে। এ খাতে বরাদ্দ ৩৭ হাজার কোটি টাকা। খাদ্য খাতে ৯ হাজার ৭৯৮ কোটি এবং অন্যান্য খাতে ৪২ হাজার ৭৪০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। অন্যদিকে সার ও কৃষি খাতে ভর্তুকি ও প্রণোদনা বাবদ ১৭ হাজার কোটি টাকা রাখা হয়েছে। কিন্তু এর প্রকৃত উপকারভোগী কে, কারা কতটা সুবিধা পাচ্ছে এবং সচ্ছল জনগোষ্ঠীর পেছনে কত অর্থ ব্যয় হচ্ছে, তার পূর্ণাঙ্গ হিসাব ও কার্যকর নজরদারি নেই। আইএমএফের যুক্তি, বিদ্যুৎ ও জ্বালানির উৎপাদন ব্যয় এবং ভোক্তার কাছ থেকে আদায় করা মূল্যের মধ্যে বড় ব্যবধান থাকলে সরকারের ওপর ভর্তুকির চাপ বাড়ে। কম বিদ্যুৎ ব্যবহারকারী নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিয়ে বেশি ব্যবহারকারী ও বাণিজ্যিক গ্রাহকদের ক্ষেত্রে ধাপে ধাপে ব্যয়ভিত্তিক মূল্য নির্ধারণ করতে হবে। সারের ক্ষেত্রেও একই ধরনের পরিবর্তন চায় আইএমএফ। বর্তমানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের পাশাপাশি বড় জমির মালিক ও বাণিজ্যিক কৃষি উৎপাদকরাও ভর্তুকি মূল্যে সার কেনার সুবিধা পান।
টার্গেটেড জনগোষ্ঠী চিহ্নিত করাই বড় চ্যালেঞ্জ : আইএমএফের প্রস্তাব বাস্তবায়নে সবচেয়ে বড় সমস্যা হলো-প্রকৃত উপকারভোগী চিহ্নিত করা। দেশে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের একটি পূর্ণাঙ্গ, হালনাগাদ ও সমন্বিত তথ্যভান্ডার এখনো কার্যকরভাবে গড়ে ওঠেনি। শহরের নিম্ন আয়ের ভাড়াটে পরিবার, গ্রামের ভূমিহীন কৃষিশ্রমিক, ক্ষুদ্র কৃষক, দিনমজুর কিংবা অনানুষ্ঠানিক খাতে কাজ করা মানুষের আয় নিয়মিত নয়। ফলে শুধু মাসিক আয় দিয়ে তাদের আর্থিক অবস্থা নির্ধারণ করাও কঠিন। এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র, পরিবারের সদস্যসংখ্যা, আয়, জমির পরিমাণ, পেশা, সম্পদ, বসতবাড়ির ধরন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির তথ্য একত্র করে একটি সমন্বিত সামাজিক তথ্যভান্ডার তৈরি করতে হবে। একই সঙ্গে নিয়মিত তথ্য হালনাগাদ, উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতা এবং ভুলভাবে তালিকাভুক্ত ব্যক্তিদের বাদ দেওয়ার ব্যবস্থা থাকতে হবে। বিদ্যুৎ খাতে কম ব্যবহারকারী নিম্ন আয়ের পরিবারকে বিশেষ সুবিধা দেওয়া যেতে পারে।
পুরোনো শর্তই নতুন ঋণে : নতুন ঋণ কর্মসূচিতে আইএমএফের আলোচনার বড় অংশজুড়েই রয়েছে আগের সংস্কার শর্তগুলো। এর মধ্যে বিনিময় হার পুরোপুরি বাজারব্যবস্থার ওপর ছেড়ে দেওয়া, রাজস্বনীতি ও রাজস্ব আদায় বিভাগ আলাদা করা, করছাড় যৌক্তিক করা, দেউলিয়া আইন প্রণয়ন, ব্যাংক খাতের দুর্বলতা দূর করা এবং ভর্তুকি কমানোর বিষয় রয়েছে। সাম্প্রতিক সফরে এনবিআরের সঙ্গে বৈঠকেও কর সংস্কার নিয়ে মতপার্থক্য দেখা গেছে। আইএমএফ এক বছরের মধ্যে ভ্যাট ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন, কর অব্যাহতি প্রত্যাহার, জ্বালানি পণ্যে অতিরিক্ত আবগারি শুল্ক আরোপ এবং রাজস্ব আহরণ বাড়ানোর প্রস্তাব দিয়েছে। কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধ, জ্বালানি আমদানির ব্যয় ও ব্যবসার খরচ বৃদ্ধির যুক্তি দেখিয়ে এনবিআর ধাপে ধাপে সংস্কার বাস্তবায়নের পক্ষে মত দিয়েছে। অর্থাৎ সরকার সংস্কারে সম্মত হলেও বাস্তবায়নের গতি ও সময়সীমা নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে।
এ প্রসঙ্গে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, ব্যাংক ও রাজস্ব খাতের সংস্কার এবং ভর্তুকি যৌক্তিক করার বিষয়গুলো আগের ঋণ কর্মসূচিতেও ছিল। কিন্তু নির্ধারিত সময়ে সেগুলো বাস্তবায়ন করা যায়নি। নতুন কর্মসূচিতেও একই ধরনের সংস্কারের বিষয় আসবে। শুধু ঋণের আলোচনা করে এসব সংস্কার আটকে রাখলে লাভ হবে না। জাতীয় স্বার্থেই সংস্কারগুলো বাস্তবায়ন করা প্রয়োজন।

