আলোচনায় হাসিনার পাসপোর্ট
কী বলছে আইন
আদালতে আত্মসমর্পণ করতে চাইলে পাসপোর্ট ছাড়াই বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় হস্তান্তর করা যায়
|
ফলো করুন |
|
|---|---|
শেখ হাসিনা আবেদন করলেও তিনি আদৌ পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র ফিরে পাবেন কি না-এর অনেকটাই নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর। তবে ইতোমধ্যে সরকারের এ বিষয়ে নেতিবাচক মনোভাব স্পষ্ট হয়েছে।
গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সময়ে শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল এবং তার জাতীয় পরিচয়পত্র স্থগিত (লক) করা হয়। সম্প্রতি লন্ডনের আইনি প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ দিল্লির বাংলাদেশ দূতাবাসে পাঠানো চিঠিতে উল্লেখ করেছে, বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকার দলিল অনুযায়ী শেখ হাসিনার নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র পাওয়ার পূর্ণ অধিকার রয়েছে।
ঢাকার পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে জানতে চাইলে এ বিষয়ে তারা বাংলাদেশে বলবৎ ১৯৭৩ সালের পাসপোর্ট আদেশ দেখার জন্য পরামর্শ দেন। এই আদেশের ৬নং অনুচ্ছেদের (ঙ) উপ-অনুচ্ছেদে বলা হয়েছে, ‘আবেদনকারী বাংলাদেশের কোনো ফৌজদারি আদালতে বিচারাধীন মামলায় উপস্থিত এড়াইতেছেন বা এড়াইবার চেষ্টায় আছেন অথবা অনুরূপ কোনো আদালত হইতে বাংলাদেশের বাহিরে যাওয়ার ক্ষেত্রে তার উপর নিষেধাজ্ঞা আরোপিত হইয়া থাকিলে কর্তৃপক্ষ পাসপোর্ট বা ভ্রমণ দলিল ইস্যুর আবেদন প্রত্যাখ্যান করিতে পারিবেন।’
সংশ্লিষ্ট পাসপোর্ট কর্মকর্তারা জানান, ক্ষমতাচ্যুত হওয়ার আগে প্রধানমন্ত্রী হিসাবে নিয়মানুযায়ী শেখ হাসিনার হাতে কূটনৈতিক মর্যাদার বিশেষ লাল পাসপোর্ট ছিল। পরে তা বাতিল করা হয়। ইতোমধ্যে হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। এছাড়া তার বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে।
শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে সোমবার দিনভর ঢাকার আগারগাঁওয়ে পাসপোর্ট অধিদপ্তরের প্রধান কার্যালয়ে নানা আলোচনা চলে। তবে রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ বিবেচনায় এ বিষয়ে প্রকাশ্যে দায়িত্বশীল কর্মকর্তাদের কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা যুগান্তরকে বলেন, হাসিনার পাসপোর্ট কিংবা অন্য কোনো ভ্রমণ দলিলপ্রাপ্তির বিষয়টি পুরোপুরি রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। এক্ষেত্রে আইনি ব্যাখ্যা-বিশ্লেষণ যাই থাকুক না কেন, সেসব তেমন কোনো ধর্তব্যের বিষয় নয়।
এ বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার উদাহরণ টেনে এক কর্মকর্তা বলেন, গুরুতর অসুস্থ অবস্থায় বিদেশ নেওয়ার জন্য বারবার পাসপোর্ট আবেদন করা হলেও আওয়ামী লীগ সরকারের তরফে সাড়া মেলেনি। অবশ্য ২০২৩ সালের দিকে একবার গ্রিন সিগন্যাল দেওয়া হলেও পরে তা বাতিল করা হয়। ফলে শেখ হাসিনার টিকে থাকার সময়কালে খালেদা জিয়া শেষ পর্যন্ত পাসপোর্ট হাতে পাননি।
একইভাবে আওয়ামী লীগ সরকারের টানা ১৭ বছরে বিএনপি-জামায়াতসহ বহু বিরোধী রাজনৈতিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়। এসব মামলায় অনেককে বিভিন্ন মেয়াদে সাজাও দিয়েছিলেন আদালত। দণ্ডপ্রাপ্ত এসব নেতাকর্মীর অনেকে চিকিৎসা কিংবা হজব্রত পালনে বিদেশ গমনের জন্য পাসপোর্ট পাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। তবে সেসময় বহু চেষ্টার পর হাতে গোনা কতিপয় নেতাকর্মী উচ্চ আদালতের আদেশে পাসপোর্ট পেয়েছিলেন।
পাসপোর্ট অধিদপ্তরের উচ্চপর্যায়ের কয়েকজন কর্মকর্তা যুগান্তরকে বলেন, হাসিনা ও আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপিদের পাসপোর্ট বাতিল করা হলেও তারা ঘরে বসে নেই। আগের সেই বাতিল পাসপোর্ট নিয়েই তারা বহাল তবিয়তে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন। কারণ, বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশের ইমিগ্রেশনে তাদের পাসপোর্ট বাতিলের বিষয়টিকে বোঝার কোনো উপায় নেই। বাতিল পাসপোর্টে শুধু দেশে ঢুকতে চাইলেই তারা বাধার মুখে পড়বেন।
শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, তিনি যদি আসলেই দেশে ফিরতে চান, তবে সেটার সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। তিনি ভারত সরকারকে বলুন সেই চুক্তির আওতায় তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে। তিনি এসে আদালতে আত্মসমর্পণ করে সাজা ভোগ করুন।
এদিকে শেখ হাসিনার জাতীয় পরিচয়পত্র ফিরে পাওয়ার আবেদন প্রসঙ্গে জানতে চাইলে যথারীতি নির্বাচন কমিশন কিংবা জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা যুগান্তরকে বলেন, বিষয়টি নিয়ে সোমবার দিনভর কমিশনে আলোচনা হয়েছে। এক্ষেত্রে সরকার যে ধরনের সিদ্ধান্ত দেবে, সে অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন।
নির্বাচন কমিশনসংশ্লিষ্ট সূত্র বলছে, কেউ স্বেচ্ছায় নাগরিকত্ব ত্যাগ না করলে কিংবা অন্য কোনো উপায়ে কারও জাতীয় পরিচয়পত্র বাতিল হয় না। শেখ হাসিনার ক্ষেত্রেও তার জাতীয় পরিচয়পত্র বাতিল করা হয়নি। বরং তার জাতীয় পরিচয়পত্রের নম্বর স্থগিত (নির্বাচন কমিশনের ভাষায় লক) করা হয়েছে। অর্থাৎ তার জাতীয় পরিচয়পত্রটি বর্তমানে সক্রিয় নেই। স্থগিতাদেশ তুলে নেওয়ার নির্দেশ দিয়ে লক খুলে দিলেই সেটি পুনরায় সক্রিয় হয়ে যাবে।
জাতীয় পরিচয়পত্র আইন ২০১০-এর ধারা-১০-এ বলা হয়েছে, ‘কোনো নাগরিকের নাগরিকত্ব অবসান হইলে তাহার জাতীয় পরিচয়পত্র বাতিল বলিয়া গণ্য হইবে এবং উক্ত জাতীয় পরিচয়পত্রে প্রদত্ত পরিচিতি নম্বর অন্য কোনো নাগরিকের বরাবরে প্রদত্ত জাতীয় পরিচয়পত্রে ব্যবহার করা যাইবে না।’

