রুহুল কবির রিজভী
ফ্যাসিবাদ রোধে ব্যারিকেড হবে পথে পথে
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ডিসেম্বর ঘিরে ফ্যাসিবাদের আকাঙ্ক্ষা ও স্বপ্ন প্রতিরোধের ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, জাতীয়তাবাদী শক্তির মাথা নত করানো যাবে না। ফ্যাসিবাদের যে স্বপ্ন তৈরি হয়েছে, তা প্রতিরোধ করতে সারা দেশের জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক শক্তি পথে পথে ব্যারিকেড গড়ে তুলবে। শনিবার রাজধানীতে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের এক বিক্ষোভ মিছিল শেষ সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শাহবাগ পর্যন্ত এই বিক্ষোভ মিছিল হয়। সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের জ্বালাও-পোড়াও এবং ককটেল হামলার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে যুবদল। কর্মসূচিতে অন্যদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা বিদেশে সুখেই আছেন উল্লেখ করে রিজভী বলেন, তাদের কেউ কলকাতায়, কেউ থাইল্যান্ড ও মালয়েশিয়ায় ঘুরে বেড়াচ্ছেন। আর দেশে তৃণমূলের টোকাই নেতাকর্মীদের হাতে বোমা দিয়ে আতশবাজি করা হচ্ছে। এসব আতশবাজিতে বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ভয় পায় না।ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, ‘আপনার গুম, খুনের মধ্যেও তারা বুক চিতিয়ে লড়াই করেছে। তারা ভয় পায় না, মাথানত করেনি।’ বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘এই বিক্ষোভ অন্যায়ের বিরুদ্ধে, জুলুমবাজের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, রক্তপিপাসু শেখ হাসিনার বিরুদ্ধে।’
রিজভী বলেন, ‘তার (শেখ হাসিনা) বাবার রচিত ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। আইনের আওতায় তার যে দণ্ড হয়েছে, সেই দণ্ড তাকে ভোগ করতে হবে। মানুষ হত্যার জন্য, ছাত্র হত্যার জন্য তার যে দণ্ড হয়েছে, আরও যেগুলো বিচারাধীন আছে, প্রত্যেকটির দণ্ড ভোগ করতে হবে।’
