Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

বস্ত্র খাতের উদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

সুতার বন্ড ব্যবস্থা আধুনিকায়নে প্রতিবেদনের নির্দেশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সুতার বন্ড ব্যবস্থা আধুনিকায়নে প্রতিবেদনের নির্দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

Advertisement

রপ্তানিমুখী পোশাক শিল্পের বন্ড ব্যবস্থা আধুনিকায়নে সংশ্লিষ্ট সবপক্ষের মতামতের ভিত্তিতে ২০ নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে আন্তঃমন্ত্রণালয় কমিটিকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সুতা আমদানি নিয়ে দেশীয় বস্ত্রকল মালিক ও তৈরি পোশাক রপ্তানিকারকদের মধ্যে মতবিরোধের পরিপ্রেক্ষিতে সোমবার পোশাক ও বস্ত্র খাতের উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

বৈঠকে বিটিএমএ-এর ভারপ্রাপ্ত সভাপতি ও যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএ-এর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, সহসভাপতি গওহর সিরাজ জামিল, বিটিএমএ-এর পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব. বাদশা মিয়া, সাবেক পরিচালক প্রকৌশলী রাজীব হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্র জানায়, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বাধীন কমিটিকে সংশ্লিষ্ট খাতের উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করে বিদ্যমান বন্ডব্যবস্থা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রতিযোগী দেশগুলোর ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় সংস্কারের সুপারিশও দিতে বলা হয়েছে। দেশের শিল্পায়নের স্বার্থে ছাড় দিয়ে হলেও ২০ নভেম্বরের মধ্যে বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ নেতাদের মধ্যে ঐকমত্যে পৌঁছানোর নির্দেশ দেন তিনি।

৭ সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ১০ থেকে ৩০ কাউন্টের সুতা আমদানিতে শুল্কমুক্ত বন্ড সুবিধা প্রত্যাহার করে আদেশ জারি করে। এইচএস কোড ৫২০৫, ৫২০৬ ও ৫২০৭-এর আওতায় এসব সুতা আমদানিতে প্রযোজ্য শুল্ককর সমপরিমাণ ব্যাংক গ্যারান্টি দেওয়ার শর্ত আরোপ করা হয়। তবে পোশাক রপ্তানিকারকদের আপত্তির মুখে ১৩ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় আদেশটি স্থগিত রেখে পুনর্বিবেচনার অনুরোধ জানায়। পরে বিষয়টি আদালতে গড়ায়। ২৯ অক্টোবর হাইকোর্ট মন্ত্রণালয়ের স্থগিতাদেশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন এবং এ পদক্ষেপের বৈধতা নিয়ে রুল জারি করেন।

টেক্সটাইল মিল মালিকরা বলছেন, বন্ড সুবিধায় ১০-৩০ কাউন্টের সুতা আমদানি নিয়ন্ত্রণ করা হলে দেশীয় পশ্চাৎমুখী বস্ত্রশিল্প শক্তিশালী হবে এবং বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমবে। অন্যদিকে পোশাক রপ্তানিকারকদের যুক্তি, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে প্রতিযোগিতামূলক দামে কাঁচামাল পাওয়ার সুযোগ থাকতে হবে। দেশীয় বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত না করে আমদানি সীমিত করা হলে উৎপাদন ব্যয় বাড়বে এবং রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা কমবে বলে তাদের আশঙ্কা।

এনবিআর-এর তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট এইচএস কোডের আওতায় সুতা আমদানি ২০২২-২৩ অর্থবছরে ৩৫০ দশমিক ৮ মিলিয়ন কেজি থেকে বেড়ে ২০২৪-২৫ অর্থবছরে ৬৯৭ দশমিক ১ মিলিয়ন কেজিতে দাঁড়িয়েছে। ওই অর্থবছরে আমদানি ব্যয় হয়েছে ২৬ হাজার ৭০০ কোটি টাকা।

বৈঠকে বিটিএমএ নেতারা বলেন, স্পিনিং শিল্পে বিপুল বিনিয়োগ, কর্মসংস্থান ও স্থানীয় মূল্য সংযোজন বিবেচনায় ব্যাংক গ্যারান্টি সুবিধা বহাল রাখা জরুরি। এ অবস্থায় কোনো শর্তহীন আমদানি সুবিধা নয়; বরং যথাযথ আর্থিক দায়বদ্ধতা ও তদারকির মাধ্যমে বন্ড সুবিধার অপব্যবহার রোধের পাশাপাশি প্রকৃত রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল সরবরাহ নিশ্চিত করা সম্ভব। এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা, বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও রপ্তানি আয় দেশে প্রত্যাবাসন এবং দেশীয় শিল্পের সক্ষমতাও বিনিয়োগ সুরক্ষায় বিদ্যমান ব্যবস্থা বহাল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিটিএমএ-এর নেতারা আরও বলেন, তৈরি পোশাক ও স্পিনিং শিল্প পরস্পরের পরিপূরক। তাই এক শিল্পের স্বার্থ রক্ষা করতে গিয়ে অন্য শিল্পের বিনিয়োগ ও উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত করা উচিত নয়। জাতীয় অর্থনীতি ও রপ্তানি স্বার্থে ব্যাংক গ্যারান্টি সুবিধা বহাল রেখে কার্যকর তদারকি নিশ্চিত করাই হবে ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

শ্রমিকদের জন্য ৬ হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

শ্রমিকদের জন্য ৬ হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

বিকালে শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন

বিকালে শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন

উত্তর বিএনপিকে সুসংগঠিত করার নির্দেশ তারেক রহমানের

উত্তর বিএনপিকে সুসংগঠিত করার নির্দেশ তারেক রহমানের

কোনো দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটাতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়

কর্মকর্তাদের প্রধানমন্ত্রী কোনো দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটাতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়

প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর বিএনপির নতুন নেতাদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর বিএনপির নতুন নেতাদের সাক্ষাৎ

আরও পড়ুন

পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবদার হাসিনার সাড়া দেবে না সরকার

সাড়া দেবে না সরকার

বিএনপি জামায়াত এনসিপি বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত

বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত

হাসিনার ফেরা নিয়ে সংসদীয় দলের সভা রাজপথে সব ষড়যন্ত্র মোকাবিলার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজপথে সব ষড়যন্ত্র মোকাবিলার নির্দেশ প্রধানমন্ত্রীর

ককটেল-আগুন সন্ত্রাস

ককটেল-আগুন সন্ত্রাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম