ককটেল-আগুন সন্ত্রাস
১৫৮টি অতিরিক্ত চেকপোস্টে তল্লাশি, মোটরবাইকেও তৎপর পুলিশ * তৃণমূলে পুলিশ সদস্যদের আরও সতর্ক থাকতে বলা হয়েছে-অতিরিক্ত আইজিপি
ইমন রহমান
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে সোমবার রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ছে বাস -যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নতুন আতঙ্ক ককটেল ও আগুন সন্ত্রাস। কোনো কিছু বুঝে ওঠার আগেই ককটেল ফাটিয়ে ও বাসে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। রেহাই পাচ্ছে না ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) থানাগুলোও। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কার্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। মূলত জনমনে আতঙ্ক তৈরি করতেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা এসব কর্মকাণ্ড ঘটাচ্ছেন বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। ইতোমধ্যে বেশ কয়েকজন গ্রেফতারও হয়েছেন।
গত কয়েক দিন ধরেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চলছে নাশকতামূলক কর্মকাণ্ড। বিভিন্ন গণপরিবহণে অগ্নিকাণ্ডের ঘটনায় চরম উদ্বেগ দেখা দিয়েছে। সন্ধ্যা নামলেই বাড়ে দুর্বৃত্তদের তৎপরতা। বেশির ভাগ ক্ষেত্রে মোটরসাইকেলে এসে ককটেল মেরে দ্রুত পালিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা। সম্প্রতি রাজধানীতে অন্তত ১০টি বাসে আগুন ও গুরুত্বপূর্ণ স্থানে শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং ককটেল-আগুন সন্ত্রাসীদের প্রতিহত করতে মাঠ পুলিশে কঠোর বার্তা দিয়েছে পুলিশ সদর দপ্তর। তৎপরতা বৃদ্ধিসহ একগুচ্ছ পরিকল্পনা নিয়ে মাঠে সক্রিয় হয়েছে পুলিশ। ডিএমপির দায়িত্বশীল ঊর্ধ্বতন কর্মকর্তারাও মাঠে নেমেছেন। সোমবার থেকে রাজধানীজুড়ে পুলিশের ব্যাপক তৎপরতা লক্ষ করা গেছে।
১৫৮টি অতিরিক্ত চেকপোস্ট বসিয়ে তল্লাশি এবং মোটরসাইকেলে তৎপর রয়েছে পুলিশের টিম। সন্ধ্যার পর অতিরিক্ত কমিশনার থেকে শুরু করে সব পর্যায়ের কর্মকর্তা মনিটরিংয়ে রয়েছেন। ফ্লাইওভারগুলোর প্রতি রয়েছে বাড়তি নজর। বসানো হয়েছে চেকপোস্ট। এছাড়া সাইবার স্পেসেও রয়েছে বাড়তি নজর। কোনো ধরনের নাশকতা সংঘটিত করতে অনলাইন প্ল্যাটফর্মের ব্যবহার ঠেকাতে পুলিশের সাইবার ইউনিটগুলো সক্রিয় রয়েছে।
সোমবারও সকাল থেকে রাত পর্যন্ত এসব নাশকতায় জড়িত থাকা অন্তত ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এত নিরাপত্তার ভেতরও গতকাল রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. আহসান হাবীব পলাশ যুগান্তরকে বলেন, আমরা প্রতিনিয়ত ভিজিলেন্স বাড়ানোর জন্য বলছি। ধারাবাহিকভাবে বার্তা দিচ্ছি। পুলিশ সদস্যদের আরও সতর্ক হওয়ার কথা বলছি। এক প্রশ্নের জবাবে অতিরিক্ত আইজিপি বলেন, ঢাকায় লাখ লাখ মোটরসাইকেল। এসব মোটরসাইকেল ধরে চেক করতে গেলে রাস্তায় জ্যাম লেগে যায়। এমন বহু রকমের সমস্যা রয়েছে। ঢাকার সমস্যা তো আনকাউন্টেবল। আরও সতর্ক অবস্থায় থাকার জন্য তৃণমূল পর্যায়ে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের বলা হয়েছে।
ফার্মগেটে বাসে আগুন, সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ : সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে ‘লাভলী’ পরিবহণের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার। এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর পরপরই পুরো মেট্রোরেল স্টেশনে ফায়ার এলার্ম বাজতে শুরু করে। এতে মানুষজন ভয়ে ছোটাছুটি শুরু করেন। এরপর বন্ধ করা হয় ফার্মগেটে মেট্রোরেল স্টেশনটি।
এর আগে সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ফয়সাল ও সুকুমার হালদার নামে দুজনকে হাতেনাতে আটক করে পুলিশ। তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ডিএমপি প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। একই সময়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় আবারও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় শিক্ষার্থীরা সন্দেহভাজন দুজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেন। তাদের কাছ থেকে একটি ব্যাগে একাধিক ককটেল পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইশরাফিল রতন বলেন, আটক ব্যক্তিদের থানায় সোপর্দ করা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। মালিবাগ মোড়ে গ্যাস পাম্পের সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিষয়ে জানতে চাইলে শাহজাহানপুর থানার ওসি আমিরুল ইসলাম জানান, পলওয়েল জি-গ্যাস স্টেশনের সামনে একটি ও বিপরীত পাশে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এর আগে সোমবার সকালে মহাখালী তিতুমীর কলেজের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটনায় দুর্বৃত্তরা। একই সময়ে রামপুরা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে একটি মিছিল থেকে ছয়টি ককটেল বিস্ফোরণ ঘটে। কাছাকাছি সময়ে রামপুরা বনশ্রী এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় পুলিশ শ্রাবণ সরদার (২০) ও রবিন (২৭) নামে দুজনকে গ্রেফতার করে। অন্যদিকে রোববার রাতে দারুস সালাম থানা এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য রাজু আহমেদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এর আগে, রোববার রাত ৮টার দিকে পল্লবী থানার পাশের ফ্লাইওভারের ওপর থেকে থানা প্রাঙ্গণে একটি ককটেল নিক্ষেপ করা হয়। রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-১ নম্বর সনি হলের সামনে একটি প্রাইভেটকারের ওপর ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। একই দিন রাত সাড়ে ৭টার দিকে মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রোববার রাতে ডিএমপির রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণের চেষ্টাকালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের এক সদস্যকে ককটেলসহ হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। টিএসসি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে, ভিসি চত্বর এবং নীলক্ষেত-সংলগ্ন মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে এসব বিস্ফোরণ ঘটে। টিএসসি এলাকায় রোববার ককটেল বিস্ফোরণের পর তিনজনকে আটক করা হয়। শনিবারও রাজধানীর মহাখালী চেয়ারম্যান বাড়ি এলাকায় সেতু ভবনের সামনে ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
এমন বাস্তবতায় সোমবার থেকে ককটেল সন্ত্রাস ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রাজধানীজুড়ে ঝুঁকিপূর্ণ পয়েন্ট চিহ্নিত করে নতুন করে ১৫৮টি চেকপোস্ট বসানো হয়েছে। মোটরসাইকেল নিয়েও তৎপর রয়েছে পুলিশের টিম।
জানতে চাইলে ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন যুগান্তরকে বলেন, ককটেল সন্ত্রাস কঠোরভাবে প্রতিরোধে আজ (সোমবার) থেকে নতুন করে আমরা ইনিশিয়েটিভ (পদক্ষেপ) নিচ্ছি। ডিএমপির বিভিন্ন স্থানে ১৫৮টি অতিরিক্ত চেকপোস্ট বসিয়েছি। সোমবার সন্ধ্যার পর থেকে সব অফিসার, একেবারে এডিশনাল কমিশনার থেকে শুরু করে সব পর্যায়ের অফিসার এর মনিটরিংয়ে থাকবেন। আগে থেকে থাকা বিভিন্ন চেকপোস্টও কার্যকর করা হচ্ছে। ফ্লাইওভারগুলোর এন্ট্রি-এক্সিট উভয় জায়গায় আমরা চেকপোস্ট বসাচ্ছি। মোটরসাইকেলগুলো চেকিং চলছে। থানাগুলোরও নিরাপত্তা বাড়ানো হয়েছে। সব মিলিয়ে একেবারে সামগ্রিকভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি।
তিনি বলেন, বিভিন্ন বাস-মালিকদের সঙ্গে একটি মিটিং হয়েছে। বাসগুলো যেন তারা নিরাপদে রাখেন। মোটরসাইকেলে যারা ককটেল মেরে চলে যায়, পুলিশ অনেক সময় দাঁড়িয়ে দেখা ছাড়া কিছু করার থাকে না। সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপ কী-জানতে চাইলে যুগ্ম কমিশনার ফারুক হোসেন বলেন, আমরা মোটরসাইকেল পেট্রল বাড়াচ্ছি। প্রতিটি থানায় আমাদের নিজস্ব আট-নয়টি করে মোটরসাইকেল আছে। মোটরসাইকেল টহল দিয়ে আমরা ওদের ধরব।
তিনি বলেন, আমরা মূলত চেকপোস্টের মাধ্যমেই এগুলো দমাব। আর যদি কোথাও কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে তাদের তাড়া করার ক্ষমতা আমাদের আছে।
এদিকে থানা পুলিশের পাশাপাশি তৎপর রয়েছে গোয়েন্দা পুলিশও। ঢাকা মহানগর গোয়েন্দা (দক্ষিণ) পুলিশের যুগ্ম কমিশনার সৈয়দ হারুন অর রশীদ বলেন, এ বিষয়ে আমাদের মনিটরিং আছে। কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। আমরা চেষ্টা করছি যারা এগুলো করছে তাদের আইনের আওতায় আনতে। আমাদের চেষ্টা অব্যাহত আছে।
দেশের বিভিন্ন স্থানে নাশকতা : রোববার বরগুনার আমতলীর পায়রা নদীতে চলাচলকারী ইউটিলিটি টাইপ-৫০ নম্বর ফেরিতে দুর্বৃত্তরা পেট্রোল দিয়ে নাশকতার চেষ্টা চালিয়েছে। এ ঘটনায় ফেরি কর্তৃপক্ষ সোমবার দুপুরে আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
পার্কিং করা বিআরটিসি বাসে মধ্যরাতে আগুন : বরগুনা পুলিশ লাইন্সের সামনের সড়কে পার্কিং করে রাখা বিআরটিসির একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রোববার মধ্যরাতে এ ঘটনা ঘটে। এতে বাসটির কিছু অংশ পুড়ে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বরগুনা সদর থানার ওসি আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।
সাভারে দুই বাসে আগুন : সাভারে দুই বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুটি মামলা হলেও গ্রেফতার হয়নি কেউ। পুলিশ জানায়, সোমবার ভোরে সাভার উপজেলার মেইন গেটের উত্তর পাশে আর্মি সলিভিউশন স্কুলের সামনে একটি পোশাক কারখানার শ্রমিকদের পরিবহণের গাড়িতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসের ৬০ শতাংশ পুড়ে যায়। সোমবার ভোর রাতে সাভার মডেল থানাধীন বলিয়ারপুর বাসস্ট্যান্ডে ঢাকা-আরিচাগামী লেনের টাটা সার্ভিসিং সেন্টারের সামনে রাখা ইতিহাস পরিবহণের একটি বাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোশাররাফ হোসেন (ভারপ্রাপ্ত ওসি) যুগান্তরকে জানান, নাশকতার ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেছে। এখনো কেউ গ্রেফতার হয়নি।
স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর :
মানিকগঞ্জ ডিসি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ : মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সোমবার সন্ধ্যায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। স্থানীয়দের ধারণা-নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মসূচিকে সামনে রেখে এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।
রূপগঞ্জে বিআরটিসি বাসে আগুন : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার নলপাথর এলাকার টিএম মাস্টার ফিলিং স্টেশনের মাঠে পার্কিং করা বিআরটিসি বাসে (ঢাকা মেট্রো-ব-১১-৬৫৩১) আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত ২টার দিকে ৯ সদস্যের একদল দুর্বৃত্ত তিনটি মোটরসাইকেলে এসে আগুন দিয়ে চলে যায়। পুলিশ জানায়, দুর্বৃত্তরা লাঠিতে আগুন জ্বালিয়ে বাসের ভেতর নিক্ষেপ করে। একপর্যায়ে ফিলিং স্টেশনে কর্তব্যরত নৈশপ্রহরীরা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুরে দুই বাসে আগুন : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ফেলে রাখা আজমেরী পরিবহণের যাত্রীবাহী দুটি বাসে অগ্নিংযোগ করেছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় থেকে ঢাকায় চলাচলকারী আজমেরী পরিবহণের একটি বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ফরেস্ট অফিসের পাশে দাঁড় করিয়ে রাখা ছিল। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করে।
একই এলাকায় কাজলী ফিলিং স্টেশনের পাশে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কয়েকজন দুর্বৃত্ত মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করে। কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, একই মালিকের দুটি বাস দুই থেকে তিন মাস ধরে ফেলে রাখা হয়েছে। দুটিতেই ইঞ্জিনসহ গুরুত্বপূর্ণ মালামাল ছিল না।
পোস্তগোলা ব্রিজে ভ্যানে আগুন, চালক উধাও : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পোস্তগোলা ব্রিজের ওপর নারিকেলের ছোবড়া বোঝাই একটি তিন চাকার ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাসনাবাদ এলাকায় ব্রিজের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। অগ্নিসংযোগের পর ভ্যানচালক দ্রুত পালিয়ে যান। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের কর্মীরা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ভ্যানটিতে একটি খালি গ্যাস সিলিন্ডার ও নারিকেলের ছোবড়া ছিল। তবে ভ্যানটিতে কে বা কারা আগুন দিয়েছে এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
লক্ষ্মীপুরে কলেজ ফটকে ককটেল বিস্ফোরণ : লক্ষ্মীপুর সরকারি কলেজের মূল ফটকে তালা-ব্যানার লাগিয়ে পালিয়ে গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতারা। একইভাবে রামগঞ্জ মডেল কলেজের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। সোমবার রাতে এসব ঘটনার খণ্ড খণ্ড ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা। এছাড়া রামগতি উপজেলার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ঝুলানোর ভিডিও ছড়িয়ে পড়েছে। তালার ওপর সাদা কাগজে লেখা ‘সর্বাত্মক ধর্মঘট, স্বার্থক হোক’। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মহসিন কবির সাগর ও সাধারণ সম্পাদক সেবাব নেওয়াজসহ বেশ কয়েকজন ছাত্রলীগ নেতার ফেসবুক পেজে ভিডিওগুলো দেখা যায়।
