Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

হাসিনার ফেরা নিয়ে সংসদীয় দলের সভা

রাজপথে সব ষড়যন্ত্র মোকাবিলার নির্দেশ প্রধানমন্ত্রীর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজপথে সব ষড়যন্ত্র মোকাবিলার নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সোমবার প্রশ্নের উত্তর দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান -পিআইডি

Advertisement

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে সরকার দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে এ ইস্যুকে কেন্দ্র করে নাশকতা-বিশৃঙ্খলার চেষ্টা প্রতিহত করা হবে। সব ষড়যন্ত্র মোকাবিলায় দলীয় সংসদ সদস্যদের রাজপথে থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সংসদে সরকারদলীয় সভাকক্ষে তিনি এ নির্দেশনা দেন। সভার সভাপতিত্ব করেন সংসদনেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভায় উপস্থিত একাধিক দায়িত্বশীল ব্যক্তি সূত্রে জানা যায়, সভা শুরুর কয়েক মিনিট পর শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ উঠে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয়

ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে প্রচলিত আইন, বিধি ও প্রথা অনুসরণ করা হবে। এক পর্যায়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে। রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।’ একটি সূত্র জানায়, শেখ হাসিনার ফেরা ইস্যুতে তারেক রহমান সরাসরি কোনো বক্তব্য দেননি। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র থেমে নেই-এমনটা জানিয়ে তিনি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশনা দেন।

একাধিক সূত্র যুগান্তরকে জানায়, সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী সবাইকে সর্তক করেন। জনগণের জানমালের নিরাপত্তাসহ দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে কাজ করার নির্দেশনা দেন। সূত্র জানায়, সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি আইনশৃঙ্খলা, সড়ক উন্নয়ন, জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতিও আলোচনায় স্থান পায়। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ের কার্যক্রমের বিস্তারিত খোঁজখবর নেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রী অবহিত করেন।

শ্রমিকদের চিকিৎসায় ছয়টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার : শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। হাসপাতালগুলোতে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে। সোমবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ পরিকল্পনার কথা জানান।

প্রধানমন্ত্রী আরও বলেন, এক যুগের বেশি সময় স্বৈরাচারের দুঃসহ শাসনামলে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাকে বিদেশনির্ভর করে ফেলা হয়েছিল। দেশের খনিজসম্পদ দেশের মানুষের কাজে ব্যবহার না করে সবকিছু আমদানিনির্ভর করা হয়েছিল। দেশে শিল্পের বিকাশ না ঘটিয়ে দেশকে আমদানিনির্ভর করে ফেলা হয়েছিল। এমন সব ইচ্ছাকৃত নীতি গ্রহণ করা হয়েছিল-যার ফলে দেশে শিল্পের স্বাভাবিক বিকাশ ঘটতে পারেনি। একইভাবে স্বৈরাচারের আমলে বাংলাদেশের চিকিৎসাব্যবস্থাকে তিলে তিলে ধ্বংস করে দেওয়া হয়েছিল। বিশেষ করে গ্রামীণ মানুষের চিকিৎসাব্যবস্থা অতীতে গণতান্ত্রিক সরকারের সময় যতটুকু ছিল, সেটাও ধ্বংস করে দেওয়া হয়। তিনি বলেন, কিছুদিন আগেই জাতীয় সংসদের একটি অধিবেশনে বিরোধীদলীয় নেতাও বাংলাদেশের চিকিৎসাব্যবস্থা নিয়ে তার উদ্বেগ তুলে ধরেছিলেন।

তারেক রহমান বলেন, বর্তমান সরকার বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত। দেশের প্রত্যেক শ্রেণি-পেশার মানুষের জন্য সরকার কাজ করছে। একইভাবে শ্রমিকদের চিকিৎসার বিষয়টিও সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তিনি বলেন, শ্রমজীবী মানুষের সুচিকিৎসার সুবিধার জন্য সরকার এরই মধ্যে ১০০ বেডের করে ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। দেশের শিল্পাঞ্চল হিসাবে খ্যাত টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে প্রাথমিকভাবে এসব হাসপাতাল নির্মাণ করা হবে। হাসপাতালগুলো শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবদার হাসিনার সাড়া দেবে না সরকার

সাড়া দেবে না সরকার

বিএনপি জামায়াত এনসিপি বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত

বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত

হাসিনার ফেরা নিয়ে সংসদীয় দলের সভা রাজপথে সব ষড়যন্ত্র মোকাবিলার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজপথে সব ষড়যন্ত্র মোকাবিলার নির্দেশ প্রধানমন্ত্রীর

ককটেল-আগুন সন্ত্রাস

ককটেল-আগুন সন্ত্রাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম