প্রধানমন্ত্রীর সঙ্গে জ্বালানি বিভাগের বৈঠক
চার খনি থেকে কয়লা তুলতে চায় সরকার
|
ফলো করুন |
|
|---|---|
দেশের চারটি খনি থেকে কয়লা তুলতে চায় সরকার। বড়পুকুরিয়া (নতুন জোন), ফুলবাড়ী, দীঘিপাড়া ও জামালগঞ্জ খনি থেকে কয়লা উত্তোলন করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে বহুল আলোচিত ফুলবাড়ী খনির কয়লা তোলার ব্যাপারে বিতর্কিত কোম্পানি এশিয়া এনার্জির প্রস্তাব এবং তাদের সঙ্গে সরকারের চুক্তির আইনগত ভিত্তি এখন কতটুকু আছে, তা যাচাই-বাছাই করতে আইন মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেশের সব কয়লাখনি এবং ভোলার গ্যাস নিয়ে জ্বালানি বিভাগের এক বৈঠকে ওই নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে ভোলা থেকে মূল ভূখণ্ড অর্থাৎ বরিশাল পর্যন্ত পাইপলাইন নির্মাণেরও সিদ্ধান্ত হয়। সংশ্লিষ্ট একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। বৈঠকে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ও জ্বালানি সচিব মো. জিয়াউল হকসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান যুগান্তরকে বলেন, কয়লাখনিগুলোর উন্নয়নের ব্যাপারে সরকারের পক্ষ থেকে কিছু সিদ্ধান্ত পাওয়া গেছে। এছাড়া ভোলা-বরিশাল পাইপলাইন নির্মাণের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী।
দেশের পাঁচটি কয়লাখনি-বড়পুকুরিয়া, ফুলবাড়ী, দীঘিপাড়া, জয়পুরহাটের জামালগঞ্জ ও খালাসপীরে কয়লার মজুত রয়েছে ৭ হাজার ৮০০ মিলিয়ন টনের কিছু বেশি। এর মধ্যে শুধু দিনাজপুরের বড়পুকুরিয়া ছাড়া বাকি চারটি খনি থেকে কয়লা উত্তোলন হচ্ছে না। অথচ প্রতিবছর ইন্দোনেশিয়া থেকে ২ কোটি টনের বেশি কয়লা আমদানি করা হয় দেশের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রের জন্য। এজন্য ব্যয় হয় ১১০ কোটি ডলারের বেশি। এ নিয়ে আগস্টে প্রধানমন্ত্রীর সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের এক বৈঠক হয়। সেখানে বড়পুকুরিয়া ও ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিকে গুরুত্ব দিয়ে বেশি পরিমাণে কয়লা তোলার সিদ্ধান্ত দেওয়া হয়। সেই সিদ্ধান্তের আলোকে সোমবার আবার বৈঠক হয় প্রধানমন্ত্রীর সঙ্গে।
চার খনির ব্যাপারে কী সিদ্ধান্ত : বৈঠকে উপস্থিত একজন নাম প্রকাশ না করার শর্তে যুগান্তরকে বলেছেন, ফুলবাড়ী থেকে সরকার উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তুলতে চায়। কিন্তু সমস্যা হচ্ছে এই কয়লাখনি নিয়ে সরকারের সঙ্গে যুক্তরাজ্যের কোম্পানি এশিয়া এনার্জির চুক্তি আছে। সেই চুক্তি এখন কতটুকু গ্রহণযোগ্য বা কী পর্যায়ে আছে, তা বাচাই-বাছাই করতে বলা হয়েছে জ্বালানি ও আইন মন্ত্রণালয়কে। বলা হয়েছে, এ ব্যাপারে জ্বালানি বিভাগ আইন মন্ত্রণালয়কে সব কাগজ সরবরাহ করবে। এরপর আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে সরকার সিদ্ধান্ত নেবে।
সংশ্লিষ্টরা জানান, অস্ট্রেলিয়ার বিএইচপির সঙ্গে বাংলাদেশ সরকার দিনাজপুরে কয়লাসম্পদ অনুসন্ধানের লাইসেন্সসংক্রান্ত চুক্তি স্বাক্ষর করে ১৯৯৪ সালের ২০ আগস্ট। ১৯৯৭ সালে এশিয়া এনার্জির হাতে লাইসেন্স হস্তান্তর করে বাংলাদেশ ছেড়ে যায় বিএইচপি। জ্বালানি বিভাগ জানায়, ফুলবাড়ী কয়লাখনি নিয়ে একটি সমীক্ষা ও কর্মপরিকল্পনার (কয়লা উত্তোলন) জন্য ২০০৪ সালের ২৮ জানুয়ারি জ্বালানি বিভাগের প্রতিষ্ঠান খনিজসম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) কাছ থেকে দুই বছরের অনুমোদন (লাইসেন্স) পেয়েছিল এশিয়া এনার্জি। ওই অনুমোদনের মেয়াদ শেষ হয়েছে ২০০৬ সালের ২৭ জানুয়ারি। এর মধ্যে ২০০৫ সালে এশিয়া এনার্জির উন্মুক্ত খনন পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিরুদ্ধে আন্দোলন চলাকালে ২০০৬ সালের ২৬ আগস্ট রক্তাক্ত হয় দিনাজপুরের ফুলবাড়ী। দেশের সম্পদ রক্ষা ও এশিয়া এনার্জিকে প্রত্যাহার দাবির এই আন্দোলনে সেদিন বিশাল বিক্ষোভে তৎকালীন বিডিআর ও পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন তিন তরুণ। আহত হন ২ শতাধিক আন্দোলনকারী।
তবে এশিয়া এনার্জি এখনো হাল ছাড়েনি। এখনো তারা ঢাকা অফিস ২০ বছর ধরে চালিয়ে যাচ্ছে। সেখানে কয়েকজন স্টাফকে নিয়মিত বেতন দিয়ে যাচ্ছে।
ফুলবাড়ীতে প্রায় ৫৭২ মিলিয়ন বা ৫৭ কোটি ২০ লাখ টন কয়লা মজুত আছে। এশিয়া এনার্জির হিসাব অনুযায়ী, মূলধন ও পরিচালন ব্যয় মিলিয়ে ফুলবাড়ী খনি উন্নয়ন কার্যক্রমে অর্থ প্রয়োজন পড়বে প্রায় ১৫ বিলিয়ন ডলার। এ বিনিয়োগ করা গেলে এখান থেকে কয়লা তোলা যাবে প্রায় ৮৩ বিলিয়ন ডলারের।
বড়পুকুরিয়ার জন্য সিদ্ধান্ত : দেশের একমাত্র কয়লাখনি, যেটি থেকে ভূগর্ভস্থ পদ্ধতিতে এখন কয়লা তোলা হচ্ছে। এটির কেন্দ্রীয় অংশের এক ভাগ থেকে কয়লা তোলা অনেকটা শেষ। এখন কেন্দ্রীয় অংশের উত্তরাংশের দশমিক ৮৬ কিলোমিটার এলাকায় পুনর্ভরণ পদ্ধতিতে কয়লা উত্তোলনের সুপারিশ করে বড়পুকুরিয়া কয়লাখনি কোম্পানি লিমিটেড। প্রধানমন্ত্রী সোমবার সেই সুপারিশ অনুমোদন করেছেন। অর্থাৎ মাটির নিচে কয়লা তুলে সেই জায়গা বালি, সিমেন্ট এবং পাথর দিয়ে ভরাট করে দেওয়া হবে। যাতে বেশি করে কয়লা তোলা যায়। চীনে এই পদ্ধতি জনপ্রিয় হয়েছে।
বড়পুকুরিয়ার উত্তর ও দক্ষিণাংশে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলা সম্ভব বলে মনে করে খনি কর্তৃপক্ষ। উত্তর অংশের ১১৮ থেকে ৩৭০ মিটার গভীরে ২ দশমিক ৮১ কিলোমিটার এলাকাব্যাপী কয়লার মজুত আছে প্রায় ১৩৫ মিলিয়ন টন। দক্ষিণাংশে ২ দশমিক ২২ কিলোমিটার এলাকাব্যাপী ১৫২ থেকে ২৫৬ মিটার গভীরে কয়লার মজুত আছে ৫৪ মিলিয়ন টন। সব মিলিয়ে উত্তর ও দক্ষিণ অংশে ৫ দশমিক ০৩ কিলোমিটারে কয়লার মজুত আছে ১৯৮ মিলিয়ন টন। সরকার উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের সিদ্ধান্ত নিলে এ দুই অংশ থেকে কয়লা তোলা যাবে ১৭০ মিলিয়ন টন। তবে এ ব্যাপারে ভূপ্রকৃতি এবং পানি ব্যবস্থাপনার জন্য আরও পর্যালোচনার দরকার রয়েছে। সোমবার এই খনির উত্তর ও দক্ষিণাংশে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলা যাবে কি না, এর সম্ভাব্যতা যাচাই করতে নির্দেশ দেওয়া হয়।
এছাড়া দীঘিপাড়া এবং জমালগঞ্জ খনি উন্নয়নে সম্ভাব্যতা যাচাই করতে বলা হয়েছে। দিনাজপুরের দিঘীপাড়া কয়লাখনি উন্নয়নে ২০০৫ সালে পেট্রোবাংলাকে লাইসেন্স দেয় সরকার। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (জিএসবি) এ কয়লা খনি আবিষ্কার করে। এ খনিতে ৮৬৫ মিলিয়ন টন কয়লা মজুত রয়েছে। এর উন্নয়ন কাজ ২০১৮ সালে শুরু হয়। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিসিএমসিএল-এর তত্ত্বাবধানে সেসময় জার্মানির দুটি ও অস্ট্রেলিয়ার একটি কোম্পানির সমন্বয়ে গঠিত একটি কনসোর্টিয়াম খনি এলাকায় সম্ভাব্যতা সমীক্ষা চালায়। প্রায় তিন বছর সমীক্ষা চালিয়ে ২০২০ সালে পেট্রোবাংলায় প্রতিবেদন জমা দেয় কনসোর্টিয়ামটি। ওই প্রতিবেদনে দিঘীপাড়া থেকে ভূগর্ভস্থ পদ্ধতিতে কয়লা তোলার সুপারিশ করা হয়। কিন্তু এ ব্যাপারে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
সবচেয়ে বেশি গভীরতার কয়লাখনি অবস্থিত জয়পুরহাটের জামালগঞ্জে। এ খনির গভীরতা ৬৪০ থেকে ১ হাজার ১৫৮ মিটার। খনিটিতে ৫ হাজার ৪৫০ মিলিয়ন টন কয়লার মজুত রয়েছে। ১৯৫৯ সালে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (জিএসবি) এ কয়লা খনি আবিষ্কার করে। এ খনির সম্ভাব্যতা সমীক্ষা করা হলেও কয়লা উত্তোলনে রাষ্ট্রীয় কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি। ইনডিপেনডেন্ট ইউনির্ভাসিটির উপাচার্য এবং জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক এম তামিম যুগান্তরকে কয়লাখনির উন্নয়নের ব্যাপারে বলেছেন, বাংলাদেশে এই খনিগুলো উন্নয়নে সব সময় রাজনৈতিক সিদ্ধান্ত দরকার। তবে এজন্য একটি চাপও আছে। তিনি বলেন, খনি উন্নয়নে পরিবেশ বিশেষ করে পানি ব্যবস্থাপনার জন্য ভালো করে পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। এতে যদি সহনীয় ঝুঁকি থাকে, তাহলে খনির উন্নয়ন করা যায়। তবে যতি অতি ঝুঁকি থাকে তাহলে কোনোভাবে ওই খনির উন্নয়ন করা ঠিক হবে না।
ভোলা থেকে পাইপে আসবে গ্যাস বরিশাল-খুলনায় : দেশের অন্যতম গ্যাস ক্ষেত্র হতে পারে ভোলা। এই ক্ষেত্রে ৩ থেকে ৮ টিসিএফ (ট্রিলিয়ন ঘনফুট) গ্যাস থাকতে পারে মনে করা হচ্ছে। সেখানে মোট ৯টি কূপ খনন করা হয়েছে, যা দিয়ে দৈনিক প্রায় ১২ কোটি ২০ লাখ ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব। যদিও এখন করা হচ্ছে মাত্র ৩ কোটি ৬৩ লাখ ঘনফুট।
ভোলা থেকে বরিশাল হয়ে খুলনায় গ্যাস নিতে গেলে ১৫০ কিলোমিটার পাইপলাইন দরকার। বলা যায়, কয়েক দশক ধরেই পাইপলাইন নিয়ে আলোচনা চলে আসছে। ১৫০ কিলোমিটার পাইপলাইনে ৭ থেকে ৮ হাজার কোটি টাকা খরচের প্রাক্কলন করা হয়। গ্যাস মজুত বেশি না থাকলে পাইপলাইনের খরচ উঠবে কীভাবে, অর্থায়নে নিশ্চয়তা চাইবে ঋণদাতারা। সোমবারের বৈঠকে পেট্রোবাংলা থেকে জানানো হয়, সেখানে এলএনজি করে সেই গ্যাস ঢাকায় আনা সম্ভব নয়। তাই পাইপলাইনই একমাত্র সমাধান। প্রধানমন্ত্রী সেই সুপারিশের প্রতি ইতিবাচক সিদ্ধান্ত দিয়েছেন।

