জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি
১৫০০ টাকার চুক্তিতে ককটেল বিস্ফোরণ ঘটায় নিষিদ্ধ ছাত্রলীগ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীতে একের পর এক ঘটছে ককটেল বিস্ফোরণের ঘটনা। গুরুত্বপূর্ণ সড়ক, পুলিশি স্থাপনা, মেট্রোরেল স্টেশন, শিক্ষাপ্রতিষ্ঠান এমনকি সরকারি কার্যালয়ের সামনেও পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে ককটেল বিস্ফোরণের ঘটনা। কোথাও আবার উদ্ধার হচ্ছে অবিস্ফোরিত বোমা। সর্বশেষ ৯ নভেম্বর রাত থেকে ১০ নভেম্বর ভোর পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন পথচারী আহত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একটি প্রাইভেট কারে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এছাড়া রাজধানীর কয়েক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় ৩৩ জনকে আটক করেছে পুলিশ। ডিএমপি জানায়, হাতেনাতে ককটেলসহ ৯ জনকে আটক করা হয়েছে এবং টাকার বিনিময়ে নাশকতার অংশ হিসাবে ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে।
এদিকে দেশকে অস্থিতিশীল করতে কারা এসব নাশকতা করছে সে বিষয়ে গ্রেফতার হওয়া একজনের জবানবন্দি থেকে পাওয়া গেছে চাঞ্চল্যকর তথ্য। ১৫০০ টাকায় সাবাল সরদার নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক সদস্য ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশি জিজ্ঞাসাবাদে সাবাল তার এই অপরাধের কথা স্বীকার করেছেন। ককটেল বিস্ফোরণ ঘটানোর জন্য রাজধানীর খিলগাঁওয়ের সজীব নামে ছাত্র লীগের এক সদস্য তাকে ওই টাকা দেন। বিস্ফোরণের ভিডিও ধারণের জন্যও আরেকজনকে ভাড়া করা হয়। পুলিশের ধারণা, নগরীতে আতঙ্ক ছড়াতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত। তাদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চলছে।
সেপ্টেম্বরে ঢাকা মহানগরীর ককটেল বিস্ফোরণসংক্রান্ত তালিকা পর্যালোচনায় দেখা যায়, ওই মাসে ৪০টি ঘটনা নথিভুক্ত হয়েছে। তালিকাভুক্ত সংখ্যাগুলো যোগ করলে ককটেলের পরিমাণ দাঁড়ায় ৯৯টি। এতে বিস্ফোরণের পাশাপাশি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে তা নিষ্ক্রিয় করার তথ্যও রয়েছে।
যুগান্তরের হাতে আসা তথ্য অনুযায়ী দেখা যায়, ১৮ থেকে ২০ সেপ্টেম্বর রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিস্ফোরণ ঘটে। ককটেল বিস্ফোরণ ঘটানো হয় মালিবাগ ও মহাখালী ফ্লাইওভার, বাংলাদেশ বেতার ভবনের সামনের এলাকা, মগবাজার চৌরাস্তা, বংশাল ব্রিজ, মতিঝিলের শাপলা চত্বর, কমলাপুর রেলস্টেশন এবং র্যাব-১০ কার্যালয়ের সামনের এলাকায়।
১৮ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানার সামনে ও চৌরাস্তার ট্রাফিক বক্সের কাছে পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এর মধ্যে চারটি বিস্ফোরিত হয়। ঘটনাস্থল থেকে একটি ককটেল উদ্ধার করা হয়। ১৯ সেপ্টেম্বর যাত্রাবাড়ীর সামাদ সুপার মার্কেটের সামনে চারটি ককটেল বিস্ফোরিত হয়। একই দিন শাহবাগ, মতিঝিল, কমলাপুর, লালবাগ ও বাড্ডায় ককটেল-সংক্রান্ত ঘটনা ঘটে। ২০ সেপ্টেম্বর মহাখালী-আমতলী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চারটি ককটেল বিস্ফোরিত হয়। এ ছাড়া মিরপুর, হাজারীবাগ, মগবাজার ও মৌচাক এলাকায় বিস্ফোরণের তথ্য রয়েছে।
সেপ্টেম্বরের শেষ দিকে ২৮ সেপ্টেম্বর শেরেবাংলা নগরের বাণিজ্য মেলার মাঠ থেকে ১৫টি এবং রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এলাকা থেকে পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়। ৩০ সেপ্টেম্বর ধানমন্ডির আইসিটি চৌরাস্তার মোড়ে দুটি ককটেল বিস্ফোরিত হয়। একই দিন কদমতলীর বউবাজার গলি থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
অক্টোবরেও ককটেল বিস্ফোরণ ও উদ্ধারের ঘটনা ঘটে। ৩০ অক্টোবর রাজধানীর কলাবাগানে ককটেল বিস্ফোরণের ঘটনায় চারজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তিনটি অবিস্ফোরিত ককটেলের পাশাপাশি আরও ১০টি ককটেল উদ্ধার করা হয়। সব মিলিয়ে ওই ঘটনায় ১৩টি ককটেল উদ্ধারের তথ্য প্রকাশিত হয়।
২ নভেম্বর সোবহানবাগে ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের সামনে ফুটওভার ব্রিজের নিচে ককটেল বিস্ফোরিত হয়। ৫ নভেম্বর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে। ৬ নভেম্বর আদাবর, শাহবাগ, খিলগাঁও, বিমানবন্দর ও মিরপুরের কালশী এলাকায় অন্তত আটটি ককটেল বিস্ফোরিত হয়। একই দিন প্রগতি সরণির কোকাকোলা ক্রসিং এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়। ৮ নভেম্বর মালিবাগে সিআইডি ও এসবির প্রধান কার্যালয়সংলগ্ন পার্কিং এলাকায় ককটেল বিস্ফোরিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসি, প্রশাসনিক ভবন, ভিসি চত্বরসহ বিভিন্ন স্থানে অন্তত নয়টি বিস্ফোরণের তথ্য পাওয়া যায়। ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন, উত্তরা পূর্ব, ভাটারা ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকাতেও বিস্ফোরণ ঘটে। ৯ নভেম্বর ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে লাব্বাইক পরিবহণের একটি বাসে আগুন দেওয়া হয়। সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। রাতে মিরপুর ১১ নম্বরে বসুমতি পরিবহণের আরেকটি বাসে আগুন দেওয়া হয়। আদাবরের টোকিও স্কয়ারের সামনে পরপর চারটি ককটেল বিস্ফোরিত হয়। একই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়, সিএমএম আদালত প্রাঙ্গণ, তিতুমীর কলেজ, বনানী কবরস্থান, গুলশান ও মহাখালী এলাকাতেও বিস্ফোরণের খবর পাওয়া যায়। ঢাকা মহানগর পুলিশ জানায়, সোমবার অন্তত ১৫টি ককটেল বিস্ফোরণ ও দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ২৬ জনকে আটক করা হয়েছে।
সোমবার রাতে বুয়েটের আহসানউল্লাহ হলের একটি কক্ষের জানালার পাশে ককটেল বিস্ফোরিত হয়। পরে চানখাঁরপুলে জনতা ব্যাংকের ঢাকা মেডিকেল শাখার সামনে আরেকটি ককটেল বিস্ফোরিত হলে এক পথচারী আহত হন। এ ছাড়া মিরপুরের বিআরটিএ কার্যালয়ের সামনে, টেকনিক্যাল মোড়, উত্তরা বিশ্ববিদ্যালয়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, আদাবর, মুগদা ও ভাষানটেক এলাকাতেও বিস্ফোরণের খবর পাওয়া যায়। বনানী পুলিশ ফাঁড়ি লক্ষ্য করেও ককটেল নিক্ষেপ করা হয়।
পুলিশের কর্মকর্তারা বলছেন, কয়েকটি ঘটনায় মোটরসাইকেলে আসা ব্যক্তিরা ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। পুলিশি স্থাপনা লক্ষ্য করে বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং আলোচনায় আসার চেষ্টা থাকতে পারে বলে তাদের ধারণা।
