জ্বালানি আমদানিনির্ভরতা কমাতে দরকার বিদ্যুতায়ন
আলমগীর মিয়া ও মহিউদ্দিন খান রিফাত, আনতালিয়া (তুরস্ক) থেকে
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আনতালিয়া বিমানবন্দরে মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান ও সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানাচ্ছেন তুরস্কের সংস্কৃতি ও পর্যটনবিষয়ক উপমন্ত্রী ড. সর্দার শ্যাম -পিএমও
|
ফলো করুন |
|
|---|---|
জ্বালানি আমদানিনির্ভরতা কমানো, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং কার্বন নিঃসরণ হ্রাসে বিশ্বজুড়ে বিদ্যুতের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর আয়োজক। ২০৩৫ সালের মধ্যে বিশ্বের মোট জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ বর্তমানের প্রায় ২৩ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে একজোট হচ্ছে বিভিন্ন দেশের সরকার, আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন ব্যাংক, ব্যবসাপ্রতিষ্ঠান ও বিনিয়োগকারীরা।
মঙ্গলবার তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলনের দ্বিতীয় দিনে জ্বালানি নিরাপত্তা, বিদ্যুতায়ন, বিদ্যুৎ গ্রিড অবকাঠামো ও টেকসই পরিবহণ বিশেষ গুরুত্ব পায়। দিনব্যাপী প্রায় ৩৭০টি অধিবেশনের মধ্যে ১৪০টি ছিল জ্বালানি ও পরিবহণবিষয়ক। ভূরাজনৈতিক ঝুঁকির মুখে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, নবায়নযোগ্য জ্বালানির অবকাঠামো সম্প্রসারণ এবং বিদ্যুতের ব্যবহার বাড়ানোর পরিকল্পনা নিয়ে এসব অধিবেশনে আলোচনা হয়।
এদিন সকালে সম্মেলনে যোগ দিতে ঢাকা থেকে তুরস্কে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় আনতালিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে বৈঠক করেন তিনি।
১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সরকারি এ সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসাবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, মন্ত্রিপরিষদের সদস্য, রাজনীতিবিদ ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। সফরকালে ১১ ও ১২ নভেম্বর কপ-৩১ সম্মেলনের বিভিন্ন অধিবেশনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তৃতা করবেন তিনি। এ ছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় গুরুত্ব পাবে।
বিদ্যুতায়নে বৈশ্বিক অঙ্গীকার : সম্মেলনের সবচেয়ে বড় উদ্যোগগুলোর একটি ‘কপ-৩১ গ্লোবাল ইলেকট্রিফিকেশন প্লেজ’। সোমবার এ বৈশ্বিক অঙ্গীকারের ঘোষণা দেওয়া হয়। এর আওতায় পরিবহণ, ভবন ও শিল্প খাতে বিদ্যুতের ব্যবহার বাড়ানো হবে। কপ-৩১-এর সভাপতি মুরাত কুরুম বলেন, বিদ্যুতায়ন ত্বরান্বিত করতে এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট বৈশ্বিক লক্ষ্য ছিল না। এ বছরের জ্বালানি সংকট দেশগুলোকে জ্বালানি আমদানির ওপর নির্ভরতার ঝুঁকি সম্পর্কে সচেতন করেছে।
তিনি বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, নিঃসরণ কমানো এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বৈশ্বিক অর্থনীতির বিদ্যুতায়ন অপরিহার্য। তার ভাষায়, ‘বিদ্যুতের যুগের সূচনা হচ্ছে। কপ-৩১ এমন এক সম্মেলন হিসাবে স্মরণীয় হয়ে থাকবে, যখন আমরা সেই পরিবর্তনের সুইচটি চালু করেছি।’
কপ-৩১-এর আলোচনার সভাপতি ক্রিস বোয়েন বলেন, বিদ্যুতায়নের গতি বাড়ানোর পাশাপাশি এর বাস্তবায়নে কার্যকর পথ তৈরি করতে সম্মেলনে ব্যাপক সমর্থন আদায়ের চেষ্টা চলছে। পরিচ্ছন্ন বিদ্যুৎ, শক্তিশালী বিদ্যুৎ গ্রিড ও বিদ্যুৎ সংরক্ষণব্যবস্থা নিশ্চিত করা গেলে পরিবার, পরিবহণ ও শিল্প খাতে জ্বালানি নিরাপত্তা বাড়বে এবং নিঃসরণ কমবে। তবে উচ্চাভিলাষী লক্ষ্য অর্জনে বিনিয়োগ, অবকাঠামো ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
অর্থায়নে নতুন আন্তর্জাতিক জোট : বিদ্যুতায়নের উদ্যোগে অর্থায়ন বাড়াতে বিশ্বব্যাংক ও আফ্রিকান উন্নয়ন ব্যাংকের সহসভাপতিত্বে ‘ইলেকট্রিফাই নাউ ফাইন্যান্স কোয়ালিশন’ নামে নতুন আন্তর্জাতিক জোট গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। ২০২৭ সালে এ দুটি ব্যাংক জোটটির প্রথম দুই সহসভাপতির দায়িত্ব পালন করবে। উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতির দেশগুলোতে বিদ্যুতায়নের জন্য অর্থায়ন সহজ করাই এ জোটের লক্ষ্য।
বিদ্যুৎ খাতের অবকাঠামো উন্নয়নেও বিনিয়োগ বাড়ানোর ঘোষণা এসেছে। ইউটিলিটিজ ফর নেট জিরো অ্যালায়েন্স (ইউএনইজেডএ) বিদ্যুৎ গ্রিড, নবায়নযোগ্য জ্বালানি ও বিদ্যুৎ সংরক্ষণ খাতে বার্ষিক বিনিয়োগের প্রতিশ্রুতি ১৪৮ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ১৫৬ বিলিয়ন ডলার করেছে।
সংস্থাটির সহসভাপতি ও এসএসই পিএলসির প্রধান নির্বাহী মার্টিন পিবওয়ার্থ বলেন, পরিচ্ছন্ন বিদ্যুতায়ন শুধু কার্বন নিঃসরণ কমানোর পথ নয়; বিদ্যুতের বিল কমানো এবং জ্বালানি নিরাপত্তা ও সহনশীলতা বাড়ানোরও উপায়।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) বৈশ্বিক ও আঞ্চলিক বিদ্যুতায়নের অগ্রগতি পর্যবেক্ষণে ‘গ্লোবাল ইলেকট্রিফিকেশন ট্র্যাকিং মেকানিজম’ চালু করবে। সংস্থাটির নির্বাহী পরিচালক ফাতিহ বিরল বলেন, বিদ্যুৎচালিত প্রযুক্তি অনেক ক্ষেত্রে ব্যয়-প্রতিযোগিতায় সক্ষম এবং জ্বালানি আমদানিনির্ভর দেশগুলোর নিরাপত্তা বাড়াতে পারে।
অন্যদিকে আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থা (আইরিনা) উন্নয়নশীল দেশগুলোর বিদ্যুৎ বিতরণব্যবস্থা শক্তিশালী করতে ‘এনাবলিং ডিস্ট্রিবিউশন গ্রিডস ফর ইলেকট্রিফিকেশন’ বা ডি-গ্রিডস কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করবে। এর আওতায় বিদ্যুৎ গ্রিডে বিনিয়োগের প্রয়োজন নিরূপণ, প্রকল্প প্রস্তুত এবং অর্থায়ন পাওয়ার ক্ষেত্রে দেশগুলোকে সহায়তা দেওয়া হবে।
১৮০ কোম্পানির সমর্থন : বিদ্যুতায়নের এ উদ্যোগে বেসরকারি খাতেরও বড় সমর্থন রয়েছে। ভলভো, উবার, আইকিয়া ও সিমেন্সসহ ১৮০টির বেশি কোম্পানি এতে সমর্থন জানিয়েছে। এসব প্রতিষ্ঠানের সম্মিলিত বার্ষিক আয় ১ দশমিক ৬৯ ট্রিলিয়ন ডলারের বেশি।
এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যৌথভাবে প্রথম ‘ইলেকট্রিফিকেশন ফোরাম’ আয়োজন করছে কপ-৩১-এর সভাপতিত্ব। সম্মেলন শেষ হওয়ার পরও সরকার, আন্তর্জাতিক সংস্থা, ব্যবসায়ী ও অর্থায়নকারীদের অংশগ্রহণে ফোরামের কার্যক্রম চলবে।
মঙ্গলবার সম্মেলনের ‘ব্লু জোনে’ আজারবাইজান, কাজাখস্তান ও উজবেকিস্তানের সবুজ জ্বালানি অংশীদারত্ব নিয়ে মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়। পাশাপাশি সবুজ জ্বালানি নিরাপত্তা, ইউক্রেনের জ্বালানি রূপান্তর, ভূরাজনৈতিক ঝুঁকির মুখে জ্বালানি নিরাপত্তা এবং নবায়নযোগ্য জ্বালানির অবকাঠামো সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।
তুরস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টগের উদ্যোগে ‘টেকসই গতিশীলতার নতুন সংজ্ঞা’ শীর্ষক বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। এ ছাড়া টেকসই বিমান জ্বালানি, জ্বালানি সংরক্ষণব্যবস্থা এবং টেকসই পরিবহণ খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা নিয়েও বিভিন্ন অধিবেশন হয়। পণ্য পরিবহণের জন্য পরিবেশবান্ধব ও অধিক সহনশীল করিডর গড়ে তুলতে ‘গ্লোবাল গ্রিন ফ্রেইট করিডরস ইনিশিয়েটিভ’ চালুর উদ্যোগও নেওয়া হয়েছে।
জলবায়ু ক্ষতি মোকাবিলায় তহবিল বাড়ানোর দাবি : এর আগে সোমবার সম্মেলনের প্রথম দিনে খাদ্যনিরাপত্তা, কৃষি, জনস্বাস্থ্য ও পানির সংকট মোকাবিলার বিষয়গুলো গুরুত্ব পায়। জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি উৎপাদন ও খাদ্য সরবরাহব্যবস্থায় তৈরি হওয়া ঝুঁকি মোকাবিলা এবং খাদ্য অপচয় রোধ নিয়ে আলোচনা করেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। এদিকে জলবায়ু পরিবর্তনের কারণে বছরে ১৫ দশমিক ২ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতির হিসাব তুলে ধরে এবারের সম্মেলনে ক্ষয়ক্ষতি মোকাবিলার তহবিল (লস অ্যান্ড ড্যামেজ ফান্ড) বাড়ানোর দাবি জানাবে বাংলাদেশ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, বাংলাদেশ শুধু নিজের জন্য অর্থ বরাদ্দের দাবি তুলবে না; জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্যও তহবিলের পরিমাণ বাড়ানোর বিষয়ে আলোচনা করবে।
সম্মেলনের দুই সপ্তাহের কর্মসূচিতে বিদ্যুতায়নের পাশাপাশি জলবায়ু কার্যক্রমের অগ্রগতি ও ঘাটতি নিয়েও আলোচনা হবে। ১২ নভেম্বর সহনশীল শহর, ১৩ নভেম্বর অর্থায়ন এবং ১৬ নভেম্বর শিল্পবিষয়ক বিশেষ কর্মসূচি রয়েছে।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) ৩১তম সম্মেলন কপ-৩১ ৯ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় শুরু হয়েছে। ২০ নভেম্বর পর্যন্ত চলবে এ সম্মেলন।
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী : কপ-৩১-এ অংশ নিতে তিন দিনের সফরে তুরস্কের আনতালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার ঢাকার সময় সকাল সাড়ে ৭টায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছায়। পরে ভিভিআইপি মর্যাদায় তাকে ইস্তাম্বুল বিমানবন্দরের ভেতরে রাষ্ট্রীয় অতিথি ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বিমানবন্দরের প্রশাসনিক প্রধান ও গভর্নর ড. এম. ইলকের হাকতানকাচমাজ। প্রায় ২ ঘণ্টা যাত্রাবিরতি শেষে বেলা ২টা ৫৫ মিনিটে আনতালিয়ার উদ্দেশে রওয়ানা হন তিনি। স্থানীয় সময় বিকাল ৪টা ৩ মিনিটে সেখানে পৌঁছান প্রধানমন্ত্রী। সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল, প্রেস সচিব সালেহ শিবলী ও উপপ্রেস সচিব হাসান শিপলু।
