Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

সারা দেশে পরিকল্পিত হামলা

সামনে আগুন পেছনে আ.লীগ

পুড়ে বাসচালকের মৃত্যু, শিক্ষার্থী গুরুতর আহত * ৪ দিনে ঢাকায় ৫১ স্থানে বিস্ফোরণ, ১০ বাসে আগুন * নাশকতায় বিদেশ থেকে অর্থায়ন ও অনলাইনে নির্দেশনার তথ্য * চার জেলায় পুড়ল বিএনপির কার্যালয় * পুলিশের গাড়িসহ সারা দেশে ২১ যানবাহনে অগ্নিসংযোগ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সামনে আগুন পেছনে আ.লীগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে মঙ্গলবার নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের দেওয়া আগুনে পুড়ছে পুলিশের গাড়ি -যুগান্তর

Advertisement

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা বেড়েছে। কোথাও কোথাও মুহুর্মুহু বিস্ফোরণ ঘটেছে। দিনের ব্যস্ত সড়ক, রাতের নির্জন এলাকা, ফ্লাইওভার থেকে শুরু করে ট্রেনসহ গাড়ি-বাড়ি ও অফিসে ঘটেছে নাশকতামূলক কর্মকাণ্ড। বিস্ফোরক ছুড়ে পালিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। কোথাও আবার চলন্ত বা দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেওয়া হচ্ছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। পুলিশের তদন্তে এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যাচ্ছে। সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত রাজধানীসহ সারা দেশে ২১টি গাড়িতে অগ্নিসংযোগের তথ্য মিলেছে। এর মধ্যে রাজধানীতে চারটি যাত্রীবাহী বাস ও ঢাকার বাইরে পুলিশের গাড়িসহ ১৯ গাড়িতে আগুন দেওয়া হয়েছে। ফরিদপুরে বাসে ঘুমন্ত এক চালক আগুনে পুড়ে মারা গেছেন। সাভারে আহত হয়েছেন আরেক বাসচালক। রাজধানীর মালিবাগে ককটেল বিস্ফোরণে এসএসসি পাশ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। খুলনা, গোপালগঞ্জ, মাগুরা ও রাজশাহীতে নাশকতার আগুনে পুড়েছে বিএনপির কার্যালয়।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, বিদেশে অবস্থানরত দলটির পলাতক নেতারা অর্থায়ন ও অনলাইনে নির্দেশনা দিচ্ছেন। দেশে থাকা নেতাকর্মীরা সেই পরিকল্পনা বাস্তবায়ন করছেন। ডিসেম্বরে দলটির সভাপতি ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এসব নাশকতা চালানো হচ্ছে।

মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একটি ককটেল ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে পার্কিং করে রাখা একটি প্রাইভেটকারের ওপর পড়লে চালক গুরুতর আহত হন। একই দিন দুপুর সোয়া ১২টার দিকে ধানমন্ডি-৩২ নম্বরে চিরকুটসহ দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। চিরকুটে লেখা ছিল, ‘জয় বাংলা, প্রজন্ম-৭১’। এর আগে বেলা ১১টার দিকে ধানমন্ডি-৩ নম্বরে সড়কে আরও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। বেলা সাড়ে ৩টার দিকে গাবতলী-মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়কে বাংলাদেশ ইউনিভার্সিটির সামনে থেকে একটি ও দুপুরে উত্তর শাহজাহানপুর বিএনপির পার্টি অফিসের পাশে ঝিলপাড় থেকে ৬টি তাজা ককটেল উদ্ধার হয়। এর আগে সোমবার দুপুর থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত রাজধানীর ফার্মগেটে একটি ও মিরপুরে দুটি যাত্রীবাহী বাসে এবং গতকাল রাতে শ্যামলীতে ঠিকানা পরিবহণের বাসে আগুন দেওয়া হয়।

অন্যদিকে ৭ থেকে ৯ নভেম্বর পর্যন্ত ৩ দিনে রাজধানীর অন্তত ৪৯টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ছয়টি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হিসাবে, চলতি মাসে নাশকতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৬৫ জনকে। এর মধ্যে সোমবার ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের সময় ৩৪ জনকে হাতেনাতে আটক করা হয়। এছাড়া নাশকতার পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে বিভিন্নভাবে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও দলটির অঙ্গসহযোগী সংগঠনের দুই শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

নাশকতা বাস্তবায়নে একাধিক নেটওয়ার্ক : পুলিশের তদন্তে উঠে এসেছে, নাশকতার পরিকল্পনা শুধু ঘটনাস্থলে থাকা ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ নয়। এর পেছনে রয়েছে অর্থের জোগানদাতা, পরিকল্পনাকারী এবং মাঠপর্যায়ে তা বাস্তবায়নকারীদের একাধিক নেটওয়ার্ক। বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে অনলাইনে যোগাযোগ করে দেশে থাকা নেতাকর্মীরা নির্দেশনা ও অর্থ সংগ্রহ করছেন। অর্থের বিনিময়ে বিভিন্ন শ্রেণির লোকজনকে ব্যবহার করে বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়া হচ্ছে।

সোমবার রাতে রাজধানীর লালবাগ এলাকায় অভিযান চালিয়ে ঢাকা দক্ষিণ সিটির ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. দিপু ও ২৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের বাজার ইউনিটের সাবেক সহসভাপতি মো. ফারুককে গ্রেফতার করে পুলিশ। লালবাগ থানার ওসি মোহাম্মদ জামিল হোসেন যুগান্তরকে বলেন, পলাতক ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোকাদ্দেস হোসেন জাহিদ, ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হুমায়ূন কবির এবং হাজী সেলিমের ছেলেদের নির্দেশনায় দিপু ও ফারুক মাঠপর্যায়ে অর্থ দিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছিলেন। এর পেছনে বিদেশি অর্থ রয়েছে।

পুলিশ সূত্র জানায়, গত ৩ দিনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণে অন্তত ৯ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির সামনে ককটেল বিস্ফোরণে সোহেল (৩৬) নামের এক প্রাইভেটকার চালক গুরুতর আহত হন। এর আগে সোমবার সন্ধ্যায় মিরপুর-১ নম্বর এলাকায় রিকশায় থাকা ব্যবসায়ী ওমর আলী ককটেলের আঘাতে আহত হন।

পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিসেম্বরে তার দেশে ফেরার পরিকল্পনাকে সামনে রেখে আওয়ামী লীগের পলাতক নেতারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন বলে গোয়েন্দা তথ্য রয়েছে। নাশকতা প্রতিরোধে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ডিএমপি।

ডিএমপির যুগ্ম কমিশনার মো. ফারুক হোসেন যুগান্তরকে বলেন, নাশকতা ঠেকাতে চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে। বিশেষ অভিযান চালানো হচ্ছে। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা যুগান্তরকে বলেন, ‘অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে সঙ্গে গোয়েন্দা নজরদারি, তথ্য সংগ্রহ, প্রযুক্তির ব্যবহার এবং মাঠপর্যায়ে পুলিশের তৎপরতা জোরদার করা হচ্ছে। দেশব্যাপী অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।’

মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতীয় সংসদ অধিবেশনে এক বক্তব্যে বলেছেন, দেশের ভেতরে ও বাইরে থেকে সম্মিলিতভাবে একটি মহল দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। শিগগির নাশকতাকারীদের পূর্ণাঙ্গ তথ্য জনসম্মুখে তুলে ধরা হবে।

বিভিন্ন জেলায় অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ : মঙ্গলবারও সারা দেশে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শরীয়তপুরের জাজিরায় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রাজশাহীতে বোমা আতঙ্কে বিমানবন্দরের পেছনের ফটক দিয়ে সরিয়ে নেওয়া হয় এক মন্ত্রীকে। খুলনা ও নেত্রকোনায় ট্রেনে ও গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এছাড়া ককটেল বিস্ফোরণ, বাসসহ বিভিন্ন গাড়ি ও স্থাপনায় আগুনের নাশকতা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

ফরিদপুর : ফরিদপুর শহরে সোমবার গভীর রাতে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে মো. কালাচাঁদ (৫০) নামের এক চালকের মৃত্যু হয়েছে। গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। কালাচাঁদ গোপালগঞ্জের মুকসুদপুরের দিগনগর গ্রামের বাসিন্দা। তিনি ফরিদপুর-মাদারীপুর রুটে চলাচলকারী ‘কিশোর-তনয়’ পরিবহণের একটি বাসের চালক ছিলেন।

রাজশাহী : মঙ্গলবার সকালে রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের সামনের অংশ থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধারের পর আতঙ্ক ছড়ায়। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ছিলেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। পরিস্থিতি বিবেচনায় তাকে বিমানবন্দরের পেছনের ফটক দিয়ে বের করে নেওয়া হয়। এছাড়া তানোর উপজেলায় বিএনপির একটি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

চট্টগ্রাম : সোমবার রাত ও মঙ্গলবার ভোরে নগরীতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুটি বাস ও একটি ট্রাকসহ তিনটি পরিবহণে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

খুলনা : খুলনায় মঙ্গলবার ভোরে বিএনপির অফিস ও ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুুর্বৃত্তরা। এতে বগির তিনটি চেয়ার ক্ষতিগ্রস্ত হয়।

গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মঙ্গলবার সকালে ছাত্রলীগের সঙ্গে পুলিশের ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বিক্ষোভকারীরা টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে। লাঠিসোঁটা হাতে পাটগাতী বাজারে গিয়ে যুবদলের কার্যালয় ভাঙচুর করে। একপর্যায়ে তারা গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া উচ্চ বিদ্যালয়েরসংলগ্ন সড়কে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। দুপুর ২টার দিকে শহরের পুরাতন লঞ্চঘাট বটতলায় ছাত্রলীগ ও যুবলীগ পেট্রোল ঢেলে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। গ্রামীণ ব্যাংকের শাখায়ও পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়েছে। অন্যদিকে সোমবার রাতে কোটালীপাড়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ঝুলিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। কাশিয়ানীর বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

কক্সবাজার : কক্সবাজার শহর, রামু, টেকনাফ, চকরিয়া ও ঈদগাঁওয়ের বিভিন্ন স্থানে সোমবার রাতে ককটেল ও পেট্রোলবোমার বিস্ফোরণ ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা অগ্নিসংযোগ এবং সড়কে টায়ার জ্বালিয়ে ১০ থেকে ১২টি স্থানে ককটেল ফাটায়।

শরীয়তপুর : শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে টোল প্লাজা অবরোধ করে বিক্ষোভ করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। মঙ্গলবার নাওডোবা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়। গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটায়। একাধিক ভিডিওতে দেখা যায়, বৈঠা হাতে বিপুলসংখ্যক লোক পদ্মা সেতুর টোল প্লাজার সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। ফেসবুকে সরাসরি সম্প্রচারও হয়। তাদের মধ্যে সাবেক সংসদ-সদস্য ইকবাল হোসেন অপুর ছেলে দানিব বিন ইকবালের আইডিও রয়েছে।

নেত্রকোনা : নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে মঙ্গলবার ভোরে আন্তঃনগর হাওড় এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ট্রেনটির একটি বগিতে আগুন দেখতে পান রেলের কর্মীরা। সোমবার রাতে মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকায় নেত্রকোনা-৪ আসনের সাবেক সংসদ-সদস্য সাজ্জাদুল হাসানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ এবং গ্রামীণ ব্যাংকে আগুন লাগার ঘটনা ঘটেছে।

মানিকগঞ্জ : মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ আর টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অন্তত ১২টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশ অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে।

মাগুরা : মাগুরার শ্রীপুর সরকারি কলেজ, দ্বারিয়াপুর কলেজ ও মাগুরা সিদ্দিকীয় কামিল মাদ্রাসাসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। শহীদ সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসে মিষ্টির প্যাকেটের মধ্যে লাল টেপে জড়ানো বোমা সদৃশ বস্তু ফেলে রাখা হয়। শালিখার ছয়ঘরিয়া এলাকায় ওয়ার্ড বিএনপির পুরোনো কার্যালয়ে পেট্রোল ঢেলে আসবাবপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে।

আরও বিস্ফোরণ ও আগুন : এছাড়া কিশোরগঞ্জের বাজিতপুরের পিরিজপুর বাজারে বিআরটিসির বাসে, খাগড়াছড়ির গুইমারায় ওয়ার্ড বিএনপির কার্যালয় ও চাঁদের গাড়িতে আগুন দেওয়া হয়। ঢাকার সাভারে দুটি বাস ও একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটা বাস টার্মিনালে মডার্ন পরিবহণের একটি বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বরগুনার আমতলী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা কল্যাণপুর গ্রামীণ ব্যাংক শাখা, টিয়াখালী কলেজ ও আমতলী-কুয়াকাটা মহাসড়কে আগুন দিয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে দুই যাত্রীবাহী বাসে আগুনের ৩ ঘণ্টা পর ফের মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাসে সোমবার রাতে পেট্রোলবোমা ও মঙ্গলবার ভোরে শাহ আজিজুর রহমান হলের গেটেও হাতবোমা ছোড়ে দুর্বৃত্তরা। ফেনী শহরের পরিবার পরিকল্পনা কার্যালয়ে তিনটি পেট্রোলবোমা ও একটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। এছাড়া নওগাঁয় আল বারাকা পরিবহণের দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় ছাত্রলীগ নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সারা দেশে পরিকল্পিত হামলা সামনে আগুন পেছনে আ.লীগ

সামনে আগুন পেছনে আ.লীগ

জ্বালানি আমদানিনির্ভরতা কমাতে দরকার বিদ্যুতায়ন

জ্বালানি আমদানিনির্ভরতা কমাতে দরকার বিদ্যুতায়ন

আইনের আওতায় আসছেন ইন্ধনদাতারা নাশকতাকারীদের মাস্টার প্ল্যান পুলিশের হাতে

নাশকতাকারীদের মাস্টার প্ল্যান পুলিশের হাতে

না.গঞ্জে গভীর রাতে মাদ্রাসায় আগুন ধোঁয়ায় অসুস্থ ৭৯ শিক্ষার্থীকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি

ধোঁয়ায় অসুস্থ ৭৯ শিক্ষার্থীকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম