Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

জনমনে স্বস্তি ফেরানোই চ্যালেঞ্জ

ইমন রহমান

ইমন রহমান

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জনমনে স্বস্তি ফেরানোই চ্যালেঞ্জ

ছবি: সংগৃহীত

Advertisement

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার কারণে জনমনে কিছুটা উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে অপরাধ বিশেষজ্ঞরা মনে করছেন, জনমনে শান্তি ও স্বস্তি ফিরিয়ে আনা সরকারেরই দায়িত্ব। তাদের মতে, মূল হোতাদের চিহ্নিত করে বিচার করা না গেলে এই নাশকতা আরও বাড়বে। বিশেষজ্ঞদের মতে, আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ দায়িত্ব পালনের পাশাপাশি রাজনৈতিকভাবে বিএনপিসহ ফ্যাসিবাদ দলগুলোর এই নাশকতা মোকাবিলাই প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কেউ কেউ পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন। তারা বলছেন, পুলিশকে আরও সক্রিয় করতে হবে।

যদিও পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, প্রতিটি নাশকতার ঘটনা পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত এবং আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট ইউনিটগুলো কাজ করছে। মাঠপর্যায়ে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলেও তারা জানিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক মনে করেন, জনমনে স্বস্তি আনার ক্ষেত্রে প্রয়োজন আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করা। যুগান্তরকে তিনি বলেন, ‘গোয়েন্দাদের আরও সক্রিয় হতে হবে। আরেকটি কার্যকরী উপায় হচ্ছে রাজধানীতে পুলিশের চেকপোস্ট বাড়ানো। এছাড়া আমাদের রাজনৈতিক ঐক্য প্রয়োজন। এ মুহূর্তে সক্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যে আগুন-সন্ত্রাস প্রতিরোধের প্রশ্নে ঐক্য দরকার। এই ধরনের অস্থিরতার মধ্যে কে বিপদে পড়ল, কে বেশি সুবিধাজনক হবে-এই আলোচনা দেশের স্বার্থে কোনো কাজে আসবে না। বরং ব্যক্তি বা দল লাভবান হওয়ার চেয়ে দেশ লাভবান হবে কোন সিদ্ধান্তে, কোন ভূমিকায়-সেই ঐক্যের প্রশ্নে সবাই একত্রিত হতে পারলে এই ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে।’

‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এখনো একটা ভয় কাজ করে; করাটাও স্বাভাবিক। কারণ, বিভিন্ন জায়গায় তারা আক্রমণের শিকার হচ্ছে। থানার মধ্যে ককটেল মারা হয়েছে। পুলিশ বারবার আক্রমণের শিকার হচ্ছে। সেই আক্রমণকে মোকাবিলা করার জন্য পুলিশ যথাযথ ব্যবস্থা নিতে পারছে না। পুলিশকে ব্যবস্থা নেওয়ার প্রশ্নে আরও কঠোর হওয়া প্রয়োজন; বিশেষ করে আইন প্রয়োগের ক্ষেত্রে। পুলিশ যাতে আইন প্রয়োগের প্রশ্নে কঠোর হয়, নিজেরা যাতে স্বাধীনভাবে আইন প্রয়োগ করতে পারে-সেই সুযোগটির বিষয়ে সরকারেরও নজর দেওয়া প্রয়োজন’, যোগ করেন তৌহিদুল হক। তিনি বলেন, ‘পুলিশের মধ্যে এখনো সমন্বয়হীনতা থাকলে সেটি দূর করতে হবে। মাঠপর্যায়ে যারা কাজ করেন, তাদের মধ্যে মনোবলের ঘাটতি খুবই দৃশ্যমান এবং তারা ভয়ে আছেন; যেটা তাদের চোখেমুখে বা শারীরিক অবয়বে ফুটে ওঠে। এই জায়গাতে এসে তাদের মধ্যে সমন্বয় খুব জরুরি।’

পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, ৭ থেকে ৯ নভেম্বর-তিন দিনে সারা দেশে ২৭টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ১৯টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সংক্রান্তে ১১টি মামলা হয়েছে এবং ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে ঢাকা মহানগর পুলিশের তথ্য বলছে, ২ নভেম্বর থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত নাশকতার আগুনে রাজধানীতে পুড়েছে ২৮টি বাস। এর মধ্যে ৮ নভেম্বর তিনটি, ৯ নভেম্বর পাঁচটি আর ১০ নভেম্বর দুপুর পর্যন্ত সবচেয়ে বেশি ১২টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়াও ট্রাক, লরিসহ নানা স্থাপনায় করা হয়েছে অগ্নিসংযোগ। রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের সময় হাতেনাতে ৩৩ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে ডিএমপির মিডিয়া শাখা।

পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, নাশকতাকারীরা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন অথবা অঙ্গসংগঠনের সঙ্গে জড়িত। আবার কেউ কেউ টাকার বিনিময়ে ককটেল ও আগুন সন্ত্রাসে অংশ নিচ্ছে। তাদের কাজ আতঙ্ক সৃষ্টি করা। তারা বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপের মাধ্যমে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে।

অনেকের মতে, এ ধরনের ঘটনা বাড়তে থাকলে মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হবে।

সূত্র বলছে, নাশকতা ঘটার পর পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে, আলামত সংগ্রহ করছে এবং মামলাও হচ্ছে। তদন্তও চলছে। কিন্তু অপরাধ ঠেকাতে আগাম নজরদারি আর আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে মূল হোতাদের নিবৃত্ত করতে পুলিশ কী পদক্ষেপ নিচ্ছে, গোয়েন্দা সংস্থাগুলো কী করছে-তা নিয়েও জনমনে নানা আলোচনা আছে।

পুলিশের সাবেক আইজি মোহাম্মদ নুরুল হুদা যুগান্তরকে বলেন, বর্তমান পরিস্থিতিতে সাধারণ লোকজনকে সংগঠিত করা উচিত। উচিত ককটেল ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জনমত তৈরি করা। যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের দিয়ে একটা রিঅ্যাসেসমেন্ট বা পুনর্মূল্যায়ন করতে হবে। কিছু অ্যাকশনও দরকার। এক্ষেত্রে গোয়েন্দা তৎপরতা খুবই প্রয়োজন।

বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ করা দরকার কি না-জানতে চাইলে সাবেক এই আইজিপি বলেন, বল প্রয়োগের চেয়ে আগে নাশকতাকারীদের তথ্য দরকার, দুষ্কৃতকারীদের ধরা দরকার। তাছাড়া আমরা তো বল প্রয়োগ করছি না। বল প্রয়োগ তো দুষ্কৃতকারীরাই করছে। তারাই ভেঙে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। এসব ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর বল প্রয়োগ সেভাবে চোখে পড়ছে না। এখন পুলিশের জন্য মূল কাজ তথ্য সংগ্রহ করা। কারা নাশকতা করছে, কোথায় কীভাবে করার চেষ্টা করবে; সে বিষয়ে গোয়েন্দা তৎপরতা বাড়াতে হবে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) কামরুম মুনিরা যুগান্তরকে বলেন, গত এক মাসে সারা দেশে সংঘটিত নাশকতার ঘটনাগুলো পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত এবং আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট ইউনিটগুলো কাজ করছে। অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে সঙ্গে গোয়েন্দা নজরদারি, তথ্য সংগ্রহ, প্রযুক্তির ব্যবহার এবং মাঠপর্যায়ে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ইতোমধ্যে দেশব্যাপী অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। নাশকতায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনাই আমাদের লক্ষ্য। যে কোনো ধরনের নাশকতা, সহিংসতা ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় আইনানুগ ও পেশাদার আচরণ নিশ্চিত করা হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সারা দেশে পরিকল্পিত হামলা সামনে আগুন পেছনে আ.লীগ

সামনে আগুন পেছনে আ.লীগ

জ্বালানি আমদানিনির্ভরতা কমাতে দরকার বিদ্যুতায়ন

জ্বালানি আমদানিনির্ভরতা কমাতে দরকার বিদ্যুতায়ন

আইনের আওতায় আসছেন ইন্ধনদাতারা নাশকতাকারীদের মাস্টার প্ল্যান পুলিশের হাতে

নাশকতাকারীদের মাস্টার প্ল্যান পুলিশের হাতে

না.গঞ্জে গভীর রাতে মাদ্রাসায় আগুন ধোঁয়ায় অসুস্থ ৭৯ শিক্ষার্থীকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি

ধোঁয়ায় অসুস্থ ৭৯ শিক্ষার্থীকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম