দেশে ফেরা না ফেরার ‘কূটচাল’
বন্দি প্রত্যর্পণ চুক্তিই হাসিনার ‘পাসপোর্ট’
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
|
ফলো করুন |
|
|---|---|
রাজনীতিতে এখন ‘টক অব দ্য কান্ট্রি’ শেখ হাসিনার পাসপোর্ট আবেদন। গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক এই প্রধানমন্ত্রী আদৌ পাসপোর্ট পাওয়ার যোগ্য কিনা-এ নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা এখন সরগরম। দেওয়া হচ্ছে পালটাপালটি যুক্তি। হচ্ছে তর্ক-বিতর্ক। তবে আইনের ভাষায় বাস্তবতা হলো-দণ্ডিত ব্যক্তির আদালতে আত্মসমর্পণের আগে অন্য কোনো অধিকার পাওয়ার সুযোগ নেই। এক্ষেত্রে বন্দি প্রত্যর্পণ চুক্তিই এখন তার ‘বিশেষ পাসপোর্ট’। অর্থাৎ এ আইনের আওতায় তিনি পাসপোর্ট ছাড়াই আসতে পারবেন।
এদিকে হাসিনাপন্থি লোকজন তাদের মতো করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বয়ান তৈরি করছেন। এর বিপরীতে সরকারের তরফ থেকে দায়িত্বশীল ব্যক্তিরাও দিচ্ছেন পদে পদে হাসিনার আইন লঙ্ঘনের স্পষ্ট তথ্যপ্রমাণ। এমতাবস্থায় শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরা না ফেরা নিয়ে যতই কূটচাল দিক না কেন-কোনো লাভ হবে না। সরকার তাকে দেশে ফিরতে দিচ্ছে না-এমন যুক্তি কেউ মানবে না।
এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ফিরে পেতে শেখ হাসিনার সম্প্রতিক আবেদন এক ধরনের রাজনৈতিক স্টান্টবাজি। এক্ষেত্রে তার পাসপোর্ট আবেদন একটি অজুহাত মাত্র। যাতে আওয়ামী লীগের পক্ষে নতুন করে বয়ান হাজির করা সহজ হয়। তারা এখনই বলছেন-নেত্রী দেশে ফিরতে চাইলেও সরকার তাকে পাসপোর্ট দিচ্ছে না। কিন্তু তিনি ডিসেম্বরে ফিরে না এলে ভবিষ্যতে তার আর কোনো কথা কেউ আমলে নেবে না।
সংশ্লিষ্টরা বলছেন, দেশে ফিরতে চাইলে হাসিনা আরও আগেই আদালতের আশ্রয় নিতে পারতেন। কিন্তু চলমান বিচার প্রক্রিয়ার প্রতি তিনি ন্যূনতম শ্রদ্ধা দেখাননি। এমনকি নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি রায়ের বিরুদ্ধে যথাসময়ে আপিল আবেদনও করেননি।
হাসিনার পাসপোর্ট প্রাপ্তির আবেদন ঘিরে সম্প্রতি দলটির বেশ কয়েকজন পলাতক নেতা এবং সাবেক মন্ত্রী তাদের মতো করে যুক্তি তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দিচ্ছেন। এদের মধ্যে সাবেক তথ্য প্রতিমন্ত্রী এবং হাসিনার ঘনিষ্ঠভাজন হিসাবে পরিচিত মোহাম্মদ আলী আরাফাত সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেছেন, তারা (সরকার) বলছিল শেখ হাসিনা ফেরত আসতে চাইলে তাকে স্বাগত জানানো হবে। এখন তিনি নিজেই ফিরতে চাইছেন, তাহলে তাকে ফিরতে দেওয়া হচ্ছে না কেন।
এদিকে প্রবাসী সাংবাদিক ও নেত্র নিউজের প্রধান সম্পাদক তাসনিম খলিল সম্প্রতি হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, নতুন পাসপোর্ট না দিয়ে শেখ হাসিনাকে একমুখী ট্রাভেল পাশ কিংবা টিকিট দেওয়া উচিত। যুক্তি দিয়ে তিনি বলেন, কোনো পলাতক আসামি যদি নিজে থেকেই দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান তখন তার আনুষ্ঠানিক প্রত্যর্পণের আইনি প্রক্রিয়া গুরুত্বহীন হয়ে পড়ে। সরকারের উচিত এ বিষয়ে হাসিনার চাল ধরা এবং তাকে দেশে ফেরানোর সুযোগ হিসাবে ট্রাভেল পাশ ইস্যু করা। এছাড়া ভিন্ন আরেক পোস্টে তিনি লেখেন-দুনিয়ার কোনো দেশের সরকার কি দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে নতুন পাসপোর্ট দেয়?
তবে শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের বিষয়ে স্বাভাবিকভাবেই বর্তমান সরকার বেশ কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে। সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দেশ কোনো সন্ত্রাসী বা পলাতক অপরাধীকে পাসপোর্ট বা ভ্রমণ নথি প্রদান করে না। ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি সক্রিয় প্রত্যর্পণ চুক্তি রয়েছে। হাসিনার দেশে ফেরার একমাত্র বৈধ উপায় হলো-এই প্রত্যপর্ণ প্রক্রিয়ার মাধ্যমে ফিরে আসা।
সরকারের পক্ষ থেকে আরও বলা হচ্ছে, আইনজীবীর মাধ্যমে এ ধরনের আবেদন মূলত একটি রাজনৈতিক কৌশল এবং লোক দেখানো স্টান্ট মাত্র। দেশে ফিরে আইন মেনে চলার প্রকৃত কোনো ইচ্ছা তার নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ায় হাসিনার বিরুদ্ধে থাকা গুরুতর অভিযোগের কারণে তাকে পাসপোর্ট দেওয়া বিচারের প্রতি এক ধরনের উপহাস হবে।
সংশ্লিষ্টরা বলছেন, শেখ হাসিনা নিজেও জানেন পাসপোর্ট পাওয়া সম্ভব নয়। কিন্তু পাসপোর্ট না পেলে সেটিকে তার ডিসেম্বরে দেশে না ফেরার যুক্তি হিসাবে হাজির করা হতে পারে। কিন্তু আওয়ামী লীগের এমন রাজনৈতিক অপকৌশল বুঝতে এখন কারও বাকি নেই।
আইন বিশেষজ্ঞরা বলছেন, সাজাপ্রাপ্ত ব্যক্তির তখনই আইনগত অধিকার তৈরি হয় যখন তিনি আদালতের কাছে আত্মসমর্পণ করে ন্যায়বিচার প্রার্থনা করেন। কিন্তু কেউ যদি আদালতের আদেশ অমান্য করে পলাতক থাকেন, তবে তার ক্ষেত্রে আইনগত অধিকার প্রযোজ্য হয় না। এক্ষেত্রে শেখ হাসিনা ভারতীয় কর্তৃপক্ষকে নিজে থেকেই বাংলাদেশে প্রত্যর্পণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানাতে পারেন। অর্থাৎ ‘প্রত্যর্পণ চুক্তিই হচ্ছে হাসিনার ‘পাসপোর্ট বা ট্রাভেল পাশ।’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবীরা বলছেন, আদালতে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরুর পর বিজ্ঞপ্তি দিয়ে তাকে আদালতে হাজির হতে বলা হয়। কিন্তু হাসিনা আইনের প্রতি ন্যূনতম সম্মান দেখাননি। অথচ তিনি এখন সেই একই আইনের দোহাই দিয়ে পাসপোর্ট ফিরে পেতে চাইছেন।
কার্যক্রম নিষিদ্ধ দলটির আরেক নেতা আ ফ ম বাহাউদ্দিন নাছিম হাসিনার পক্ষে অনলাইনে নানা বক্তব্য দিচ্ছেন। শেখ হাসিনার পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলছেন-প্রত্যেক মানুষের নিজস্ব পরিচয়পত্র এবং পাসপোর্ট পাওয়ার অধিকার রয়েছে। এটি তার সাংবিধানিক ও মৌলিক অধিকার। সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করার অধিকার কে দিয়েছে? সংবিধান তো সরকারকে সেই অধিকার দেয়নি।
আওয়ামীপন্থি আইনজীবীদের দাবি-জেনেভা কনভেনশন ও ভিয়েনা চুক্তি বোঝে না বিএনপি। হাসিনার ক্ষেত্রে প্রত্যর্পণ চুক্তি প্রযোজ্য নয়-কারণ তিনি সে দেশে বন্দি হননি। বরং তিনি ভারত সরকারের সম্মানিত অতিথি হিসাবে অবস্থান করছেন।
হাসিনার পাসপোর্ট প্রাপ্তির বিষয়ে মঙ্গলবার বিদ্যমান আইনের ব্যাখ্যা তুলে ধরেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, আইন অনুযায়ী দণ্ডিত আসামি পাসপোর্ট পাবেন না। যখন আসামি পাসপোর্ট চান, তার থেকে ৫ বছরের মধ্যে যদি তিনি দণ্ডপ্রাপ্ত হন, সেই দণ্ডের পরিমাণ যদি সর্বনিম্ন ২ বছর পর্যন্ত হয়, তাহলে কর্তৃপক্ষ তাকে কোনো পাসপোর্ট দেবে না।
আইনে আরও বলা আছে, নৈতিকস্খলনের কারণে দণ্ডিত ব্যক্তির পাসপোর্ট জব্দ করা যেতে পারে। মানবতাবিরোধী অপরাধকে মোরাল টারপিটিউড (নৈতিকস্খলন) বলা হয়। যেহেতু তিনি দণ্ডিত, পাসপোর্ট কর্তৃপক্ষের কোনো এখতিয়ার নেই কোনো দণ্ডিত ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার। তিনি বিচারের মুখোমুখি হতে চাইলে আগেই তিনি দেশে ফিরে আসতেন।
