Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

রাজশাহীর বিদ্যুৎ স্থাপনা

দুই রাতে পেট্রোলবোমা ও গুলি, ট্রান্সফরমারে আগুন

তানজিমুল হক

তানজিমুল হক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দুই রাতে পেট্রোলবোমা ও গুলি, ট্রান্সফরমারে আগুন

Advertisement

হামলার আশঙ্কায় রাজশাহীর দুই বিদ্যুৎ কেন্দ্র ও ২৮টি উপকেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কয়েকটি স্থাপনায় নিয়োগ দেওয়া হয়েছে আনসার সদস্য। বেড়েছে পুলিশের টহল ও গোয়েন্দা নজরদারি। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) এবং পল্লী বিদ্যুৎ সমিতিও নিজস্ব উদ্যোগে নিরাপত্তা বাড়িয়েছে। এ জন্য স্থানীয় প্রশাসন ও পুলিশের কাছে নিরাপত্তা চেয়ে চিঠিও দিয়েছে প্রতিষ্ঠান দুটি। তবে বাড়তি সতর্কতার মধ্যেও রাজশাহী মহানগরীর উপকণ্ঠ খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ কেভি উপকেন্দ্রে পরপর দুই রাতে হামলার ঘটনা ঘটেছে। দ্বিতীয় রাতে পেট্রোলবোমার বিস্ফোরণে ট্রান্সফরমারে আগুন ধরে যায়। এ সময় গুলিও ছোড়ে হামলাকারীরা। এসব ঘটনায় নেসকো ও পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজশাহী মহানগরীর উপকণ্ঠ কাটাখালি ও মিঞাপুরে দুটি বিদ্যুৎকেন্দ্র রয়েছে। জেলার নয় উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির ২১টি উপকেন্দ্র রয়েছে। এর মধ্যে রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় পাঁচ উপজেলায় ১৪টি। বাকি চার উপজেলার উপকেন্দ্র নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও ২-এর আওতাধীন। এ ছাড়া রাজশাহীতে নেসকোর সাতটি উপকেন্দ্র রয়েছে।

রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের উপমহাব্যবস্থাপক (ডিজিএম, সদর-কারিগরি) সপ্তর্ষি পাল বলেন, মাসখানেক আগে উপকেন্দ্রগুলোর নিরাপত্তা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। কয়েকটিতে আনসার সদস্য নিয়োগ করা হয়েছে। আগে তিন শিফটে একজন করে নিরাপত্তারক্ষী দায়িত্ব পালন করতেন। এখন প্রতিটি উপকেন্দ্রে চার থেকে পাঁচজন করে নিরাপত্তারক্ষী দায়িত্ব পালন করছেন।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মহাব্যবস্থাপক টিএম মেসবাহ উদ্দিন বলেন, তাদের আওতাধীন উপকেন্দ্রে হামলার ঘটনা ঘটেনি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে প্রবেশদ্বার সব সময় বন্ধ রাখা হচ্ছে। নিরাপত্তারক্ষীরা সতর্ক রয়েছেন। পুলিশের টহল ও নজরদারিও রয়েছে।

নেসকোর ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমান শনিবার সকালে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি বলেন, উপকেন্দ্রগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তায় নিজস্ব প্রহরীর পাশাপাশি আনসার সদস্য কাজ করছেন। পুলিশও সহযোগিতা করছে। নাশকতা ঠেকাতে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

খড়খড়ি উপকেন্দ্রে বৃহস্পতিবার রাতে প্রথম পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় আগুন ধরেনি। এ ঘটনায় থানায় এজাহার দেওয়া হয়। বাড়ানো হয় নিরাপত্তাকর্মীর সংখ্যাও। কিন্তু শুক্রবার রাত ২টার দিকে ৮ থেকে ১০ জনের একটি দল আবারও হামলা চালায়। তারা ট্রান্সফরমার লক্ষ্য করে কয়েকটি পেট্রোলবোমা নিক্ষেপ করে এবং তিন রাউন্ড গুলি ছোড়ে। একপর্যায়ে একটি পেট্রোলবোমার বিস্ফোরণে ট্রান্সফরমারে আগুন ধরে যায়। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। এ সময় কিছুক্ষণের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।

পল্লী বিদ্যুৎ সমিতির নওহাটা সদর দপ্তরের লাইনম্যান মনির হোসেন বলেন, পরপর দুই রাতের হামলায় কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। উপকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকলেও হামলাকারীদের মুখ বাঁধা ছিল। তারা পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং পেট্রোলবোমা নিক্ষেপ করে। এভাবে গভীর রাতে কাজ করা কঠিন হয়ে পড়েছে। কর্মীরা নিরাপদ বোধ করছেন না।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও গোয়েন্দা বিভাগের উপকমিশনার গাজিউর রহমান বলেন, বিদ্যুৎ স্থাপনাগুলোর নিরাপত্তায় নজরদারি বাড়ানো হয়েছে। রাতে এসব স্থাপনা পরিদর্শন করছে পুলিশের টহল দল। পাশাপাশি গোয়েন্দা তথ্য সংগ্রহ ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, বিদ্যুৎ স্থাপনাগুলোর নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করছে পুলিশ। সার্বক্ষণিক নজরদারি করছে পেট্রোল টিম।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শাহজালাল ইসলামী ব্যাংকে ঋণ পুনঃতফসিল তিন হাজার কোটি টাকার অনিয়ম

তিন হাজার কোটি টাকার অনিয়ম

২২ স্থাপনা ও বাস ট্রেনে আগুন হামলা

২২ স্থাপনা ও বাস ট্রেনে আগুন হামলা

আ.লীগের অপতৎপরতা প্রতিরোধ মাঠে থাকবে বিএনপি জামায়াত এনসিপি

মাঠে থাকবে বিএনপি জামায়াত এনসিপি

সারা দেশে ককটেল-আগুন সন্ত্রাস পরিস্থিতি সামলাতে হবে সরকারকেই

পরিস্থিতি সামলাতে হবে সরকারকেই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম