Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

খুব গরম চা কফিতে তিনগুণ ঝুঁকি ক্যানসারের

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

খুব গরম চা কফিতে তিনগুণ ঝুঁকি ক্যানসারের

Advertisement

খুব গরম চা ও কফি পান করলে খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি তিনগুণ বেড়ে যেতে পারে। পানীয়ের সঙ্গে ক্যানসারের সম্পর্ক নিয়ে বিশ্বের সবচেয়ে বড় গবেষণায় এ তথ্য উঠে এসেছে। ক্যানসার বিশেষজ্ঞরা বলছেন, চা বা কফি খুব গরম থাকলে তা কিছুটা ঠান্ডা করে আরামদায়ক তাপমাত্রায় পান করা উচিত। এতে এ রোগের ঝুঁকি কমতে পারে।

গবেষণায় নেতৃত্ব দিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জনসংখ্যা স্বাস্থ্য বিভাগের জ্যেষ্ঠ পুষ্টি মহামারিবিদ ডা. কেরেন পাপিয়ের। প্রায় ৯ লাখ ৮০ হাজার মানুষের তথ্য বিশ্লেষণ করে এই গবেষণা করা হয়েছে। তারা সবাই যুক্তরাজ্যের বাসিন্দা ছিলেন। খবর দ্য গার্ডিয়ানের।

গবেষণায় দেখা গেছে, পানীয় কতটা গরম এবং একজন ব্যক্তি কত ঘন ঘন খুব গরম পানীয় পান করেন-দুটিই খাদ্যনালির স্কোয়ামাস সেল কারসিনোমা (এসসিসি) হওয়ার সম্ভাবনা বাড়ায়। তবে খুব গরম পানীয় খাদ্যনালির আরেক ধরনের ক্যানসার অ্যাডেনোকারসিনোমা (এসি) হওয়ার ঝুঁকি বাড়ায়নি। গবেষণায় বলা হয়, উষ্ণ পানীয়ের তুলনায় ‘খুব গরম’ পানীয় পান করলে এসসিসির ঝুঁকি প্রায় তিনগুণ বেশি। পানীয় কত ঘন ঘন পান করা হয়, সেটিও হিসাবের মধ্যে নেওয়ার পর এ ফল পাওয়া গেছে। তবে এসসিসির তুলনায় এসি হওয়ার ঝুঁকির সঙ্গে এমন সম্পর্ক পাওয়া যায়নি।

এ গবেষণায় অংশগ্রহণকারীদের ১৪ বছর ধরে পর্যবেক্ষণ করা হয়। এর মাধ্যমে দীর্ঘ সময় ধরে তাদের পানীয় পানের অভ্যাস এবং স্বাস্থ্যের ওপর এর প্রভাব দেখা হয়েছে। অংশগ্রহণকারীদের জিজ্ঞেস করা হয়েছিল, তারা সাধারণত কী তাপমাত্রায় গরম পানীয় পান করতে পছন্দ করেন। উত্তরের জন্য কয়েকটি বিকল্প ছিল-‘খুব গরম’, ‘গরম’, ‘উষ্ণ’ এবং ‘গরম পানীয় পান করি না।’ তবে গবেষণায় পানীয়ের সঠিক তাপমাত্রা মাপা হয়নি। অংশগ্রহণকারীরা নিজেদের ধারণা অনুযায়ী পানীয় কতটা গরম ছিল, সেটিই জানিয়েছেন। গবেষণায় পশ্চিম ইউরোপের মানুষের ক্ষেত্রে যে ফল পাওয়া গেছে, তা এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও মধ্যপ্রাচ্যে পরিচালিত আগের গবেষণার ফলের সঙ্গে মিলে গেছে।

এসব গবেষণায় দেখা গেছে, ৭০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রায় চা কিংবা মাতের মতো পানীয় পান করলে খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি বাড়ে। মানে হলো ক্যাফেইনযুক্ত এক ধরনের ভেষজ পানীয়। দক্ষিণ আমেরিকায় এটি বেশ জনপ্রিয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অধীন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার (আইএআরসি) ২০১৬ সালে জানিয়েছিল, খুব গরম পানীয় ‘মানুষের জন্য সম্ভবত ক্যানসার সৃষ্টিকারী।’ সংস্থাটি আরও বলেছিল, খুব গরম পানীয় খাদ্যনালির ক্যানসারের একটি সম্ভাব্য কারণ হতে পারে। ধারণা করা হয়, অতিরিক্ত গরম পানীয় খাদ্যনালির ভেতরের কোষে তাপজনিত ক্ষতি করে। এভাবেই ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

৮৫০০ কিমি. খননের উদ্যোগ নদীভাঙনে ছোট হচ্ছে ভূখণ্ড

নদীভাঙনে ছোট হচ্ছে ভূখণ্ড

এক দশক পর আজ খুলছে জুলাই স্মৃতিতে সেজেছে ওসমানী উদ্যান

জুলাই স্মৃতিতে সেজেছে ওসমানী উদ্যান

মুক্তি পাননি ককরোচ নেতা সৌরভ-আশুতোষ

মুক্তি পাননি ককরোচ নেতা সৌরভ-আশুতোষ

ইয়েমেনে লড়াই তীব্র, বাড়ছে মানবিক সংকট

ইয়েমেনে লড়াই তীব্র, বাড়ছে মানবিক সংকট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম