Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান গ্রেফতার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান গ্রেফতার

Advertisement

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেফতার হয়েছেন। ১৫ অক্টোবর তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১৪ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগের মামলা রয়েছে। রোববার দুদকের নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান এ তথ্য জানান।

দুদক সচিব বলেন, পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের মাধ্যমে শেখ আব্দুল হান্নানের গ্রেফতারের বিষয়টি দুদক প্রথমে অনানুষ্ঠানিকভাবে এবং পরে আনুষ্ঠানিকভাবে জানতে পেরেছে। বাংলাদেশ পুলিশের সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) মাধ্যমে এ তথ্য নিশ্চিত হয় দুদক।

সচিব সাইদুর রহমান খান জানান, শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংক হিসাবে ১৪ কোটি ৮ লাখ ৫৭ হাজার ১৪৫ টাকার অস্বাভাবিক লেনদেন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে।

দুদক সূত্র জানায়, এসব অভিযোগের সত্যতা পাওয়ার পর ২০২৫ সালের ২৭ জুলাই কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলা করা হয়। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলাটি করা হয়। এর আগে ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি দুদকের প্রধান কার্যালয়ের স্মারকের ভিত্তিতে শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়। ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধন, ঘুস গ্রহণ, নিয়োগ বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ, বিদেশে অর্থ পাচার এবং নিজের ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে তিন সদস্যের দল গঠন করা হয়।

দুদকের উপপরিচালক তানজির হাসিব সরকারকে প্রধান করে গঠিত ওই দল অনুসন্ধান শেষে মামলার সুপারিশ করে। পরে মামলাটির তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয় দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসানকে।

তদন্তের অংশ হিসাবে শেখ আব্দুল হান্নানের কাতার, কানাডাসহ বিভিন্ন দেশে থাকা সম্পদের তথ্য সংগ্রহের উদ্যোগ নেয় দুদক। এ বিষয়ে ২০২৬ সালের ২৩ মে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে এবং ২১ জুন বাংলাদেশ পুলিশের এনসিবির এআইজির কাছে চিঠি পাঠানো হয়।

দুদক সচিব জানান, কমিশনের অনুমোদনক্রমে আদালতের আদেশে শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রীর নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা হয়েছে। এসব সম্পদের দেখভালের জন্য রিসিভার নিয়োগ করা হয়েছে।

শেখ আব্দুল হান্নানকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে দুদক সচিব বলেন, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও সরবরাহে কমিশন সব ধরনের উদ্যোগ নিয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও দুদক সমন্বিতভাবে কাজ করছে।

সাইদুর রহমান খান বলেন, বিভিন্ন কর্তৃপক্ষের কাছে চাওয়া তথ্য সংগ্রহে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। কাতারের দোহা, সুইজারল্যান্ডসহ বিভিন্ন স্থানে থাকা সংশ্লিষ্ট কার্যালয়ের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ বিষয়ে অদূরভবিষ্যতে ইতিবাচক খবর পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। দুদক সচিব আরও জানান, শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে করা মামলাটি বর্তমানে তদন্তাধীন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

৮৫০০ কিমি. খননের উদ্যোগ নদীভাঙনে ছোট হচ্ছে ভূখণ্ড

নদীভাঙনে ছোট হচ্ছে ভূখণ্ড

এক দশক পর আজ খুলছে জুলাই স্মৃতিতে সেজেছে ওসমানী উদ্যান

জুলাই স্মৃতিতে সেজেছে ওসমানী উদ্যান

মুক্তি পাননি ককরোচ নেতা সৌরভ-আশুতোষ

মুক্তি পাননি ককরোচ নেতা সৌরভ-আশুতোষ

ইয়েমেনে লড়াই তীব্র, বাড়ছে মানবিক সংকট

ইয়েমেনে লড়াই তীব্র, বাড়ছে মানবিক সংকট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম