কক্সবাজারে এবার হোটেলে আগুন
৩ শতাধিক পর্যটকের অল্পের জন্য রক্ষা
Advertisement
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পে রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
|
ফলো করুন |
|
|---|---|
কক্সবাজারে এবার হোটেলে আগুন লাগে। শুক্রবার শহরের সুগন্ধা পয়েন্টের দ্য সি প্রিসেন্স আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। এ সময় হোটেলটিতে তিন শতাধিক পর্যটক ছিলেন। তবে দ্রুত সবাইকে বের করে আনায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। কেউ হতাহত হননি।
স্থানীয়রা জানান, বিকাল ৪টার দিকে হোটেলটির নিচতলার পার্কিংয়ে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে পার্কিং এলাকায় থাকা জেনারেটরসহ বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, প্রাথমিকভাবে জেনারেটরের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
হোটেলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের বলেন, হোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে। কর্মীদের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। পর্যটকরা সবাই নিরাপদে আছেন।
গত ১৭ অক্টোবর উখিয়ার ইনানী এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যু হয়। সেই ঘটনার ছয় দিনের মাথায় কক্সবাজারের এই আবাসিক হোটেলে আগুন লাগল। এতে হোটেলগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। দ্য সি প্রিসেন্স হোটেলে হতাহত না হলেও পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
