Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

মাগুরায় যুবদল নেতা হত্যা

লুটের সোনা বাঁটোয়ারা নিয়েই সাকের খুন

বাসযাত্রীর কাছ থেকে ৩ কেজি ২শ’ গ্রাম সোনার চালান বাঁটোয়ারা নিয়েই বিরোধের সূত্রপাত * শ্রমিক দল নেতা মারুফ গ্রেফতারের পরই খুনের জট খুলতে শুরু করেছে

Advertisement

Icon

আবু বাসার আখন্দ, মাগুরা

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

লুটের সোনা বাঁটোয়ারা নিয়েই সাকের খুন

Advertisement

অবশেষে মাগুরায় যুবদল নেতা সাকের হোসেন হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হতে শুরু করেছে। ঢাকা থেকে ভারত সীমান্তের উদ্দেশে নিয়ে যাওয়া প্রায় সাড়ে ৩ কেজি সোনার একটি চালান লুটের পর তার ভাগবাঁটোয়ারা নিয়ে বিরোধের জেরে খুনের ঘটনা ঘটেছে। নিহত সাকের হোসেন মাগুরা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি শহরের পারনান্দুয়ালী গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে।

মাগুরা শহরের পারনান্দুয়ালী গ্রামের বাড়ি থেকে শুক্রবার ভোরে লুট করা সোনার একাংশসহ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শ্রমিক নেতা মারুফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে প্রায় ৫০ ভরি সোনার বার উদ্ধার করা হয়েছে। মারুফ হত্যাকাণ্ড ও সোনা লুটের বিষয়ে পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।

মাগুরা সদর থানার ওসি মো. ফারুক আহমেদ হত্যার ঘটনায় মারুফের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তদন্তের স্বার্থে উদ্ধার করা সোনার পরিমাণ বা অন্য কোনো তথ্য জানাতে রাজি হননি তিনি। ওসি জানান, মারুফকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করছেন তারা।

সূত্র জানায়, খুনের অন্তত এক সপ্তাহ আগে সাকের তার বান্ধবী লুবনার কাছ থেকে ঢাকা থেকে ভারত সীমান্তের উদ্দেশে পাঠানো বড় একটি সোনার চালান পাচারের খবর পান। সাকের পরে তার রাজনৈতিক দলের ঘনিষ্ঠ কয়েকজনকে সঙ্গে নিয়ে মাগুরা-ফরিদপুর সড়কের রামনগর এলাকায় ঢাকাগামী ওই পরিবহণটি আটকান।

গাড়ির ভেতরে এক নারী যাত্রীর কাছে থাকা প্রায় ৩ কেজি ২০০ গ্রাম ওজনের সোনার চালানটি সাকের ও সহযোগীরা ছিনিয়ে নেয়। পরবর্তী সময়ে লুটের সোনা ভাগাভাগি নিয়ে সাকেরের সঙ্গে তার সহযোগীদের বিরোধ তৈরি হয়। সেই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি সংশ্লিষ্ট সূত্রের।

এদিকে জেলা শহরে বসবাসকারী যুবদলের কয়েকজন নেতাসহ বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের প্রথম সারির কয়েকজন নেতার লুট করা সোনা ভাগাভাগির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। মারুফ গ্রেফতারের পর তাদের অনেকেই গাঢাকা দিয়েছেন বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে। গত ২১ অক্টোবর ভোরে মাগুরা বাস টার্মিনালে রয়েল এক্সপ্রেসের কাউন্টারের ভেতরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মাগুরা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেন। দীর্ঘদিন ধরে সাকের ওই কাউন্টারে কাউন্টার মাস্টার হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনার দিন ভোর সাড়ে ৫টার দিকে দুই যুবক মোটরসাইকেলে এসে কাউন্টারে ঢুকে সাকেরকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে মাগুরা ২৫০ শয্যার হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ সময় হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের কেউ কেউ সাকের স্ট্রোক করে মারা গেছেন বলে প্রচার করে দ্রুত লাশ বাড়িতে নিয়ে দাফনের তোড়জোড় শুরু করেন। তবে বাড়িতে নেওয়ার পর মাথা থেকে রক্ত বের হতে দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তাকে আবার হাসপাতালে নেওয়া হলে ময়নাতদন্তে মাথার ভেতর থেকে একটি গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহত সাকেরের স্ত্রী শারমিন নাহার মাগুরা সদর থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। ঘটনার রাতেই সাকেরের ঘনিষ্ঠ বন্ধু ঢাকা মহানগর যুবদলের সদস্য রনি শিকদার ও তার বান্ধবী শামীমা তাবাসসুম লুবনাকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ। পরে তাদের জিজ্ঞাসাবাদে বিশেষ করে বান্ধবী লুবনার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সোনার চালান লুটের বিষয়টি সামনে আসে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।

হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মাগুরা ডিবির এসআই কামরুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বেচ্ছাসেবক দলের নেতা মারুফ হত্যাকাণ্ড ও সোনা-সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাকে আদালতে উপস্থাপনের প্রক্রিয়া চলছে। আরও তথ্য পেতে রিমান্ডের আবেদন করা হবে। এর আগে ঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে অনিমেষ মজুমদার নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেফতারের পর আদালতে উপস্থাপন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে স্বেচ্ছাসেবক দলের নেতা মারুফ হোসেন ফেতারের ঘটনায় মাগুরা জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদের বক্তব্য নেওয়ার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে সংগঠনটির সদস্য সচিব আবদুর রহিম বলেন, দলের শৃঙ্খলাবিরোধী কোনো কর্মকাণ্ডে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুবদল নেতা খুন: মাগুরা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেফতার

যুবদল নেতা খুন: মাগুরা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেফতার

মাগুরায় যুবদল নেতা হত্যাকাণ্ডের জট খুলছে

মাগুরায় যুবদল নেতা হত্যাকাণ্ডের জট খুলছে

বিএনপি নেতা হত্যা মামলায় পুলিশ কর্মকর্তা কারাগারে

বিএনপি নেতা হত্যা মামলায় পুলিশ কর্মকর্তা কারাগারে

দুর্গাপূজার মেলায় গিয়ে অতিরিক্ত মদ্যপান, ২ জনের মৃত্যু

দুর্গাপূজার মেলায় গিয়ে অতিরিক্ত মদ্যপান, ২ জনের মৃত্যু

যুবদল নেতার লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

যুবদল নেতার লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

‘হাসিনার কবর দেশে দেওয়ার মতো সাহস আ.লীগের নাই’

‘হাসিনার কবর দেশে দেওয়ার মতো সাহস আ.লীগের নাই’

আরও পড়ুন

সংশোধিত বিধিমালার খসড়া চূড়ান্ত বদলে যাচ্ছে সম্পত্তির বাজার মূল্য নির্ধারণ কমিটি

বদলে যাচ্ছে সম্পত্তির বাজার মূল্য নির্ধারণ কমিটি

পঞ্চগড়ের নাজিরপাড়া গ্রাম আকাশজুড়ে পাখির মেলা

আকাশজুড়ে পাখির মেলা

বদলে যাচ্ছে দেশের অর্থবছরের হিসাব এবার ৯ মাসের বাজেট করবে সরকার

এবার ৯ মাসের বাজেট করবে সরকার

বিটিএমএ’র ভারপ্রাপ্ত সভাপতি শামীম ইসলাম

বিটিএমএ’র ভারপ্রাপ্ত সভাপতি শামীম ইসলাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম