ভ্রমণ ভিসায় এসে বিয়ের নামে প্রতারণা
চীনা নাগরিকের ফাঁদে ১৫ নারী
টিকটকে প্রেম, স্ট্যাম্পে ভুয়া বিয়ের কাগজ * উদ্ধার ১৪ বছরের স্কুলছাত্রী
যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
টিকটকে পরিচয়, এরপর প্রেমের সম্পর্ক। বিয়ের প্রলোভন দেখিয়ে তৈরি করা হতো স্ট্যাম্পে বিয়ের ভুয়া কাগজপত্র। তারপর নারীদের ঢাকার বিভিন্ন বাসায় নিয়ে আটকে রেখে ধর্ষণের অভিযোগ। এভাবে তিন মাসে অন্তত ১৫ নারীকে বিয়ের ফাঁদে ফেলার অভিযোগ উঠেছে চীনা নাগরিক চেন ইয়ংয়ের বিরুদ্ধে। সর্বশেষ মানিকগঞ্জের ১৪ বছর বয়সি এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভনে ঢাকায় নিয়ে আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে আরও কয়েকজন নারী ঘটনাস্থলে এসে তার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করেন। সোমবার রাতে ঢাকার উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। এ সময় চেন ইয়ংকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৭ নভেম্বর স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয় ওই শিক্ষার্থী। পরদিন তার বাবা মানিকগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর তদন্ত শুরু করে পুলিশ। সোমবার রাতে ওই শিক্ষার্থী তার বড় বোনকে ফোন করে জানায়, টিকটকের মাধ্যমে চেন ইয়ংয়ের সঙ্গে তার পরিচয় হয়। পরে বিয়ে ও নানা প্রলোভন দেখিয়ে তাকে মানিকগঞ্জের একটি রেস্টুরেন্ট থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে একটি বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করে সে।
বড় বোনের দেওয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের ওই বাসার অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে অভিযান চালিয়ে শিক্ষার্থীকে উদ্ধার এবং চেন ইয়ংকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি চীনা পাসপোর্ট, দুটি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকের মাধ্যমে কিশোরী ও অবিবাহিত নারীদের সঙ্গে পরিচিত হতেন চেন ইয়ং। পরে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রস্তাব দিতেন। স্ট্যাম্পে বিয়ের ভুয়া কাগজপত্র তৈরি করে বিশ্বাস অর্জনের পর নারীদের ঢাকার বিভিন্ন এলাকার ভাড়া বাসায় নিয়ে যেতেন। সেখানে আটকে রেখে ধর্ষণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গ্রেফতারের পর অভিযোগের বিষয়ে খোঁজ নিতে গিয়ে গত তিন মাসে অন্তত ১৫ নারীকে বিয়ে করার তথ্য পেয়েছে পুলিশ।
চেন ইয়ংয়ের গ্রেফতারের খবর পেয়ে সোমবার রাতে বিভিন্ন বয়সি কয়েকজন নারী ঘটনাস্থলে হাজির হন। তাদের মধ্যে ঢাকার সাভারের এক নারীও তাকে নিজের স্বামী বলে দাবি করেন। পুলিশের ধারণা, এ ঘটনায় আরও নারী ভুক্তভোগী থাকতে পারেন। এর পেছনে অন্য কেউ জড়িত কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা চেন ইয়ংকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন।
মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জুলুস খান পাঠান জানান, শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় জিডি হওয়ার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করে। বড় বোনের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা থেকে তাকে উদ্ধার এবং চেন ইয়ংকে গ্রেফতার করা হয়। বুধবার চেন ইয়ংকে আদালতে পাঠানো হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দোলন বিশ্বাস তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
