চাঁপাই বিলে নতুন সম্ভাবনা
পদ্ম ডাঁটায় ‘রেশম’, হাতছানি বৈদেশিক মুদ্রার
তৈরি হচ্ছে মিহি ও বিশ্বমানের সুতা * আন্তর্জাতিক বাজারে দাম প্রতি কেজি ২০০০-৩৫০০ ডলার
জাহিদ রিপন, ফরিদপুর
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুরের চাঁপাই বিল পাড়ের নারীরা পদ্ম ফুলের ডাঁটায় তৈরি ‘লোটাস সিল্ক’ বা ‘পদ্মরেশম’ সুতা উৎপাদন করে স্বাবলম্বী হওয়ার আশা করছেন। একই সঙ্গে এই পরিবেশবান্ধব সুতায় বৈদেশিক মুদ্রা আর্জনের নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামের ঐতিহ্যবাহী ওই বিল ভরে উঠেছে পদ্মফুলে। সম্প্রতি রনকাইল গ্রাম পরিদর্শন করেছেন ফরিদপুর সদর আসনের সংসদ-সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গবেষণা প্রতিষ্ঠান বিপিআরডি’র গৃহীত ‘পদ্মফুলের বৈচিত্র্য, ব্যবহার উপযোগিতা ও সংরক্ষণ’ শীর্ষক প্রকল্পের আওতায় কানাইপুরের রনকাইল গ্রামের নারীদের প্রশিক্ষণ দেওয়া হয়। মাত্র তিন দিনের প্রশিক্ষণেই তারা পদ্মের ডাঁটা থেকে মানসম্মত সুতা কাটতে সক্ষম হন। পরবর্তী সময়ে নিয়মিত চর্চার মাধ্যমে তারা অত্যন্ত মিহি ও বিশ্বমানের সুতা তৈরি করছেন। এই সুতা দিয়ে সোনারগাঁয়ের দক্ষ কারিগরদের মাধ্যমে জামদানি বুননে দৃষ্টিনন্দন স্কার্ফ ও কাপড় তৈরি করা হয়েছে। এলাকার কারিগররা জানান, ২০২২ সালে দেশে পদ্মফুলের বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে গবেষণা শুরু হয়। তবে তা আর এগোয়নি।
যেভাবে সুতা তৈরি হয় : তাজা পদ্মের ডাঁটা এক ইঞ্চি পর পর আলতো করে ভেঙে টান দিলে ভেতরের ক্ষুদ্র কূপ থেকে প্রাকৃতিক আঠালো কষ বা তন্তু বেরিয়ে আসে। বাতাসের সংস্পর্শে এলে এই তন্তু দ্রুত শুকিয়ে যায়। ফলে আলাদাভাবে রোদে শুকানোর প্রয়োজন পড়ে না। পরে নারীরা হাতের তালু দিয়ে পাকিয়ে এই তন্তু থেকে উজ্জ্বল হলুদ রঙের মিহি সুতা তৈরি করেন। কোনো ধরনের রাসায়নিক ব্যবহার বা কীটপতঙ্গের ক্ষতি ছাড়াই উৎপাদিত হয় বলে এটি শতভাগ পরিবেশবান্ধব।
আন্তর্জাতিক বাজারে চাহিদা : ফরিদপুর ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের তথ্যমতে, মিয়ানমার, ভিয়েতনাম বা কম্বোডিয়ায় এক কেজি ‘পদ্মরেশম’ সুতা তৈরিতে প্রায় ৩০ হাজার পদ্মের ডাঁটা প্রয়োজন হয়। কিন্তু ফরিদপুরের উর্বর পলিমাটিতে জন্মানো পদ্ম থেকে মাত্র ১৫ হাজার ডাঁটাতেই এক কেজি সুতা পাওয়া সম্ভব। আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত চাঁপাই বিলে প্রচুর পদ্ম পাওয়া যায়। ডাঁটা কাটার পরও দ্রুত নতুন ডাঁটা গজায়।
জানা যায়, সাধারণ রেশম বা সুতি কাপড়ের চেয়ে পদ্মরেশম অনেক বেশি টেকসই, শতভাগ পানিরোধী এবং সহজে কুঁচকে যায় না। আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি লোটাস সিল্ক সুতা ২ হাজার থেকে ৩ হাজার ৫০০ ডলারে বিক্রি হয়। এই সুতা দিয়ে তৈরি কাপড় প্রতি গজ মানভেদে ২৫ থেকে ১ হাজার ডলার পর্যন্ত বিক্রি হয়।
দরকার সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা : স্থানীয়রা জানান, বাণিজ্যিকভাবে এই সুতা উৎপাদন ও বাজারজাত করতে সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা, আধুনিক চরকা এবং সরাসরি ক্রেতাদের সঙ্গে সংযোগ স্থাপন করা প্রয়োজন। এসব উদ্যোগ নেওয়া গেলে ফরিদপুরের পদ্মবিল লোটাস সিল্কের প্রধান কেন্দ্রে পরিণত হতে পারে।
রনকাইল গ্রামের নারী কারিগর রেখা রানী বলেন, পদ্মরেশমে বাড়তি আয়ের পথ খুললেও তারা আশানুরূপ লাভ পাচ্ছেন না। কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন বলেন, ‘পদ্মফুলের মধ্যে যে এমন জিনিস লুকিয়ে আছে, তা আমরা আগে জানতেই পারিনি। সুতা উৎপাদন করে অর্থনৈতিকভাবে আমরা সমৃদ্ধ হওয়ার আশা রাখছি।’ এ বিষয়ে ফরিদপুর-৩ আসনের সংসদ-সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, ‘গত সরকার এমন সুন্দর উদ্যোগকে থামিয়ে দিয়েছিল। বর্তমান সরকার এই কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাদের পাশে দাঁড়াবে। আমি তাদের সব ধরনের সহযোগিতা দিয়ে এ শিল্পকে বিশ্ববাজারে তোলার চেষ্টা করব।’
