মুন্সীগঞ্জে বিএনপির দুপক্ষের গোলাগুলি, নিহত ১
ককটেল বিস্ফোরণ আহত ২০ * নিখোঁজ ১, চার বছরের শিশুর নাড়িভুঁড়ি বেরিয়ে গেছে * একনলা বন্দুক, কার্তুজ ও ককটেল উদ্ধার
যুগান্তর প্রতিবেদন, মুন্সীগঞ্জ ও গজারিয়া প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির বিবদমান দুপক্ষের মধ্যে ফের সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত চলা এ সংঘর্ষে মো. সেলিম নামে এক মিশুকচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। এছাড়া আলমগীর দালাল নামে একজন নিখোঁজ রয়েছেন। সংঘর্ষে ককটেলের স্পিন্টারে গুরুতর আহত হয়েছে চার বছরের শিশু আব্দুর রহিম। তার পেটের নাড়িভুঁড়ি বের হয়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
নিহত সেলিম চরডুমুরিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে। তার লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের দাবি, জীবিকার তাগিদে মিশুক নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন সেলিম। এ সময় দুপক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়। আহতদের মধ্যে গুলিবিদ্ধ সজিবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সহসভাপতি আওলাদ হোসেন মোল্লা ও ফ্রান্স প্রবাসী বিএনপিকর্মী রহিম মোল্লার সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এ বিরোধ আরও তীব্র হয়েছে। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনায় ইউনিয়নের বিভিন্ন গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে দুজন নদীতে পড়ে গেছেন বলে স্থানীয়দের দাবি। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। নিখোঁজ আলমগীর দালালের সন্ধানে স্থানীয় একটি খালেও উদ্ধার অভিযান চালানো হচ্ছে। নিহত সেলিমকে নিজেদের পক্ষের লোক দাবি করে দুপক্ষের সমর্থকরা হাসপাতালে ভিড় করেন। তার ভাইকেও নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করেন তারা। সেলিমের ছোট বোন ফাহিমা আক্তার বলেন, তার ভাই কোনো পক্ষের হয়ে কাজ করতেন না। জীবিকার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন।
আওলাদ হোসেন মোল্লার দাবি, জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে তারা এলাকাছাড়া ছিলেন। এক মাস আগে তার লোকজন এলাকায় ফিরলে রহিম মোল্লার সমর্থকরা একের পর এক হামলা চালাচ্ছেন। বৃহস্পতিবার ভোরেও তাদের ওপর হামলা চালিয়ে সেলিমকে হত্যা করা হয়েছে। রহিম মোল্লার সমর্থক রসুল খাঁর দাবি, সেলিম তাদের পক্ষের লোক। তাকে আওলাদ মোল্লার লোকজন হত্যা করেছে। রহিম মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনাস্থল থেকে একনলা বন্দুক, বিপুল পরিমাণ কার্তুজ ও ককটেল উদ্ধার করা হয়েছে। এর আগে ১২ নভেম্বর একই বিরোধে চরাঞ্চলে দুপক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হন।
