উপাচার্য নিয়োগ নিয়ে সংকট
চুয়েটে ফের কমপ্লিট শাটডাউন
চুয়েট প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থা ও সংকট নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় ‘চুয়েটের সকল শিক্ষার্থী’ ব্যানারে বিক্ষোভ। বৃহস্পতিবার চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে -যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য নিয়োগ ঘিরে সৃষ্ট সংকটের সমাধান না হওয়ায় ফের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। এদিকে এই আন্দোলন চট্টগ্রাম শহর পর্যন্ত গড়িয়েছে।
চলমান আন্দোলনকে আরও বেগবান ও কার্যকর করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে বুধবার রাতে আলোচনা সভা হয়। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সভা শেষে শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেন। তারা বলেন, দুই মাসেরও বেশি সময় ধরে চলমান আন্দোলনে সব শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এবং ঘোষিত কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে পালন করেছেন। যদিও বিদ্যমান সংকটের সমাধান এখনো হয়নি। তাই একাডেমিক কার্যক্রমের পাশাপাশি ক্যাম্পাসের প্রশাসনিক কর্মকাণ্ডে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে; যার ভুক্তভোগী সাধারণ শিক্ষার্থীরা। এ অবস্থায় সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ২৬ নভেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করা হবে।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীরা রাত ২টায় বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। এছাড়া বৃহস্পতিবার বেলা ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। সেখানে দীর্ঘদিন ধরে চলমান সংকটের সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিনের অচলাবস্থার কারণে বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় ওষুধ, জ্বালানি, লেখার কালি, পরীক্ষার খাতা ও প্রশ্নপত্র তৈরির কাগজসহ বিভিন্ন জরুরি সামগ্রীর সংকট দেখা দিয়েছে। পাঁচ মাস ধরে বিশ্ববিদ্যালয়ের গবেষণা সহকারীদের বেতন বন্ধ রয়েছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম আরও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
চুয়েটের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আসাদুল্লাহিল গালিব বলেন, ‘আপনারা আমাদের ক্লাসে ফিরতে সাহায্য করুন। আমরা ক্লাসে ফিরতে চাই। আমাদের সেই সুযোগটা করে দিন।’
তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, শিক্ষামন্ত্রীর কাছে, সরকারের যারা নীতিনির্ধারক রয়েছেন, তাদের সবার কাছে আমাদের আবেদন-আমরা এই মুহূর্তে একজন ভিসি চাই। আমাদের প্রশাসনিক সমাধানটা করে দিন। আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করে ক্লাস-পরীক্ষায় ফিরে যাব।’
কর্মসূচিতে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম বলেন, ‘সেশন জট এড়িয়ে চুয়েটের শিক্ষা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করাই আমাদের মূল লক্ষ্য। চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার আইইবি চট্টগ্রাম কেন্দ্রের না থাকলেও সরকারের নীতিনির্ধারণী মহলে শিক্ষার্থীদের দাবিগুলো জোরালোভাবে তুলে ধরে কার্যকর সমাধানের পথ তৈরিতে আমরা কাজ করছি।’
তিনি আরও বলেন, ‘এ বিষয়ে আইইবির কেন্দ্রীয় নেতাদের ইতিবাচক সাড়া পাওয়া গেছে। পাশাপাশি সরকারের সচিব পর্যায়সহ উচ্চপর্যায়ে দায়িত্ব পালনরত চুয়েটের সাবেক শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিষয়টি সরকারের সর্বোচ্চ মহলে পৌঁছানো হয়েছে। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে আমরা আশা করছি।’
অবস্থান কর্মসূচি শেষে আইইবি চট্টগ্রাম কেন্দ্র থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি নগরীর কাজীর দেউড়ি মোড় প্রদক্ষিণ করে পুনরায় আইইবি চট্টগ্রাম কেন্দ্রে গিয়ে শেষ হয়। এর আগে নিয়োগের তিন সপ্তাহ পর গত ১২ অক্টোবর ক্যাম্পাসে প্রবেশ করলে অবরুদ্ধ হন চুয়েট নতুন ভিসি অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ৩০ ঘণ্টা পর ডিসি-এসপির সহায়তায় মুক্ত হন তিনি। এরপর আর ক্যাম্পাসে ফেরেননি তিনি। এতে উপাচার্যবিহীন ক্যাম্পাসে সৃষ্টি হয়েছে নানা জটিলতা। অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে ২১ সেপ্টেম্বর মাত্র ৫৬ দিনের মাথায় অপসারণ করে অধ্যাপক শরীফুল আলমকে উপাচার্য পদে নিয়োগ দেওয়ায় ২২ সেপ্টেম্বর থেকে আন্দোলন করে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা।
