Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

২ ডিসেম্বর কুষ্টিয়ায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দ্বিতীয় ধাপে কার্ড পাচ্ছেন ২ লাখ ৯০ হাজার কৃষক

আমিরুল ইসলাম

আমিরুল ইসলাম

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দ্বিতীয় ধাপে কার্ড পাচ্ছেন ২ লাখ ৯০ হাজার কৃষক

Advertisement

আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী কুষ্টিয়ার সদর উপজেলায় কৃষকদের মধ্যে কৃষক কার্ড পাইলটিংয়ের দ্বিতীয় ধাপ উদ্বোধন করবেন। এ কার্যক্রমের আওতায় খুলনা ও ঢাকা বিভাগের প্রায় ২ লাখ ৯০ হাজার কৃষক অন্তর্ভুক্ত থাকবেন। ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক বছরে ২ হাজার ৫০০ টাকা হারে পাবেন। ২ লাখ ৬৯ হাজার কৃষকের ব্যাংক হিসাবে আইবাসের মাধ্যমে প্রায় ৬৭ কোটি ২০ লাখ টাকা বিতরণ করা হবে। ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর বিভাগের কৃষক কার্ড বিতরণ এবং কৃষি উপকরণ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ওই বিভাগের প্রায় ১ লাখ ৫৪ হাজার কৃষককে অন্তর্ভুক্ত করা হবে। প্রায় ১ লাখ ৩৭ হাজার কৃষকের ব্যাংক হিসাবে আইবাসের মাধ্যমে প্রায় ৩৪ কোটি ৪৩ লাখ টাকার সহায়তা বিতরণ করা হবে। ডিসেম্বরে ঢাকা, খুলনা ও রংপুর বিভাগের পাশাপাশি পর্যায়ক্রমে অন্যান্য বিভাগের কৃষকদের জন্য পৃথকভাবে কৃষক কার্ড উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, সরকার দেশের কৃষিকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে এই খাতকে অর্থনীতির প্রধান খাতে পরিণত করতে কাজ করছে। আধুনিক চাষাবাদ পদ্ধতি ও প্রযুক্তির সম্প্রসারণ করে চাহিদামাফিক উৎপাদনব্যবস্থা চালু করতে সরকার কৃষক কার্ড কর্মসূচি হাতে নিয়েছে। পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণসহ ফসল উৎপাদনের সব ধরনের সেবা কৃষক এই কার্ডের মাধ্যমে পাবেন।

দেশব্যাপী চলমান কৃষক কার্ড কার্যক্রমের আওতায় আগামী চার বছরে দেশের ২ কোটি ৩৫ লাখ কৃষককে পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করা হবে। দেশের ৬৪টি জেলায়, ৫০৩টি উপজেলায়, ১৬টি মেট্রোপলিটন এলাকা এবং ১৪ হাজার ১৮০টি কৃষি ব্লকে এ কর্মসূচি বাস্তবায়িত হবে। এ কার্যক্রমের আওতায় আগামী বছর জুন পর্যন্ত প্রায় ৪৩ লাখ কৃষককে কৃষক কার্ড প্রদান করা হবে। ৩৯ লাখ কৃষককে প্রায় ৯৭০ কোটি টাকা কৃষি উপকরণ সহায়তা প্রদানের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। সে লক্ষ্যে দেশব্যাপী কৃষক তথ্য সংগ্রহের জন্য সব উপজেলায় সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে মাঠপর্যায়ে প্রায় ৭ হাজার ২০০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা কাজ করছেন।

কৃষক কার্ড কর্মসূচির সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৬ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী প্রায় ২৭ লাখ ৩ হাজার কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে সংশ্লিষ্ট উপজেলা কমিটির প্রায় ১৯ লাখ ১১ হাজার কৃষকের তথ্য অনুমোদন দেওয়া হয়েছে। প্রায় ১৬ লাখ ৫৬২ হাজার কৃষকের ব্যাংক হিসাব খোলা হয়েছে।

চলতি বছর ১৪ এপ্রিল বাংলা নববর্ষের প্রথম দিনে টাঙ্গাইল সদর উপজেলায় কৃষক কার্ডের প্রি-পাইলটিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দেশের আট বিভাগের ১০ জেলার ১১টি উপজেলার ১১টি কৃষি ব্লকে ২০ হাজার ৮৩২ জন কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হয়। পরে ১ অক্টোবর ফেনীর ফুলগাজী উপজেলায় পাইলট পর্যায়ের কার্যক্রম উদ্বোধন করা হয়। ওই অনুষ্ঠানের মাধ্যমে দেশের ৭৭টি উপজেলার প্রায় ১ লাখ কৃষকের ব্যাংক হিসাবে কৃষি উপকরণ সহায়তা বাবদ অর্থ দেওয়া হয়।

বছরে জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা কৃষি উপকরণ সহায়তা দেওয়ার পাশাপাশি এ কার্যক্রমের আওতায় পর্যায়ক্রমে দেশের সব কৃষককে ডিজিটাল ব্যবস্থাপনায় ন্যায্যমূল্যে কৃষি উপকরণ বিতরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা বিতরণ, ন্যায্যমূল্যে কৃষি উপকরণ সরবরাহ, ন্যায্যমূল্যে সেচ সেবা প্রদান, সহজ শর্তে কৃষিঋণ বিতরণ, স্বল্পমূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ, মোবাইলে ফসলের বালাই ব্যবস্থাপনা সেবা প্রদান, কৃষিবিষয়ক প্রশিক্ষণসংক্রান্ত সেবা প্রদান, মোবাইলে আবহাওয়া ও বাজারের তথ্য প্রদান, কৃষি বিমা সুবিধা প্রদান এবং ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রয়ের সুবিধা দেওয়া হবে।

কৃষক কার্ডের আওতায় তথ্য সংগ্রহের সময় প্রকৃত কৃষককে অন্তর্ভুক্ত করতে জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর, জমির পরিমাণ ও কৃষিকাজ সংক্রান্ত তথ্য যাচাই করা হচ্ছে। একই সঙ্গে ব্যাংক হিসাব খোলাসহ কার্ড মুদ্রণ ও বিতরণের পাশাপাশি অন্যান্য সেবা প্রদানের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধির কাজ সমন্বিতভাবে এগিয়ে নেওয়া হচ্ছে। ভুল তথ্য দিয়ে কেউ যাতে এ কর্মসূচির সুবিধা নিতে না পারেন, সে বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি প্রকৃত কোনো কৃষক যাতে বঞ্চিত না হন, তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

কৃষি সচিব মো. সেলিম খান বলেন, কৃষক কার্ডের মাধ্যমে দেশের সব কৃষকের চাষযোগ্য জমির পরিমাণ, ফসলের বৈচিত্র্য, কৃষিপণ্যের চাহিদা, মাটির স্বাস্থ্যসহ কৃষিসংশ্লিষ্ট যাবতীয় তথ্য নিয়ে গড়ে তোলা হচ্ছে একটি সমন্বিত বৃহৎ ডেটাবেজ। কৃষক কার্ড শুধু একটি পরিচয়পত্র নয়, এটি কৃষকের মর্যাদাকে নতুন উচ্চতায় উন্নীত করবে। কৃষিকে একটি স্বীকৃত ও মর্যাদাপূর্ণ পেশা হিসাবে প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রামপাল ও পায়রা বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন

বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন

চাঁপাই বিলে নতুন সম্ভাবনা পদ্ম ডাঁটায় ‘রেশম’, হাতছানি বৈদেশিক মুদ্রার

পদ্ম ডাঁটায় ‘রেশম’, হাতছানি বৈদেশিক মুদ্রার

আমদানি ছাড়াই স্থিতিশীল বাজার রেকর্ড উৎপাদন ও আধুনিক সংরক্ষণে পেঁয়াজে স্বস্তি

রেকর্ড উৎপাদন ও আধুনিক সংরক্ষণে পেঁয়াজে স্বস্তি

মুন্সীগঞ্জে বিএনপির দুপক্ষের গোলাগুলি, নিহত ১

মুন্সীগঞ্জে বিএনপির দুপক্ষের গোলাগুলি, নিহত ১

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম