রাজধানীতে বাস-অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত ৪
ট্রাকের ধাক্কা, বাবার সাইকেল থেকে ছিটকে শিশুর মৃত্যু * কলেজছাত্র, ব্যবসায়ীসহ সড়কে ঝরল আরও ৬ প্রাণ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীতে বাস-অটোরিকশার সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। বুধবার সকালে শাহ আলী থানাধীন বেড়িবাঁধের নবাবেরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহের ত্রিশালে ট্রাকের ধাক্কায় বাবার বাইসাইকেল থেকে ছিটকে পড়ে এক শিশুসন্তানের প্রাণ গেছে। এছাড়া দুর্ঘটনায় চার স্থানে আরও ছয়জন নিহত হয়েছেন। তাদের মধ্যে যশোরে কলেজছাত্রসহ তিনজন, নাটোরে চা বিক্রেতা, নওগাঁয় ব্যাংককর্মী এবং ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ী রয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-
ঢাকা ও ধামরাই : নিহত একজনের লাশ শনাক্ত করেছেন স্বজনরা। তার নাম শফিকুল ইসলাম। তার গ্রামের বাড়ি নওগাঁর ধামইরহাট থানার তাহেরপুরে। তিনি পরিবার নিয়ে নবাবেরবাগ এলাকায় ভাড়া থাকতেন। সন্ধ্যা ৭টা পর্যন্ত নিহত অন্য তিনজনের পরিচয় মেলেনি। এ ঘটনায় আরও এক নারী সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সকাল সোয়া ৭টার দিকে নবাবেরবাগ এলাকায় এশিয়ান ইউনিভার্সিটির একটি বাস ও দুই অটোরিকশার সংঘর্ষ হয়। এতে দুই নারী ও দুই পুরুষ ঘটনাস্থলেই প্রাণ হারান। স্বজনদের অনুরোধে শফিকুলের লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। বাকি হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এদিকে ধামরাইয়ে ট্রাক্টর উলটে প্রাণ হারিয়েছেন চালক ভুবন মোহন দাস। তিনি উপজেলার খাগাইল দাসপাড়া এলাকার বাসিন্দ গঙ্গা দাসের ছেলে। নিজের জমিতে হালচাষ শেষে বাড়ি ফেরার পথে তিনি দুর্ঘটনার কবলে পড়েন।
ত্রিশাল (ময়মনসিংহ) : ত্রিশালে সড়ক দুর্ঘটনায় শিশু তাওহীদের মৃত্যু হয়েছে। সে ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের বানিয়া ধলা গ্রামের ইমামুল হাসানের ছেলে। বুধবার সকালে বাবার বাইসাইকেলে চড়ে ডাক্তার দেখাতে যাচ্ছিল। পথে বাইসাইকেলে ট্রাক ধাক্কা দিলে তাওহীদ ছিটকে পড়ে।
অভয়নগর (যশোর) : অভয়নগরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার সকালে যশোর-খুলনা মহাসড়কে ভৈরব সেতুসংলগ্ন মশরহাটী গ্রামে ভ্যান-বাস সংঘর্ষে দুজন এবং মঙ্গলবার রাতে চেঙ্গুটিয়া এলাকায় উড়োতলায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র প্রাণ হারান।
নিহত কলেজছাত্র আব্দুল্লাহ আল আপন উপজেলার বুইকারা গ্রামের ওবাইদুল কাদেরের ছেলে। তিনি পায়রাহাট ইউনাইটেড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। এছাড়া নিহত ভ্যানচালক আব্দুল ওহাব উপজেলার দেয়াপাড়া গ্রামের হায়দার আলীর ছেলে এবং যাত্রী আব্দুস সামাদ বিশ্বাস একই গ্রামের আব্দুল মঈন বিশ্বাসের ছেলে।
বাগাতিপাড়া (নাটোর) : বাগাতিপাড়ায় ইজিবাইকের ধাক্কায় চা বিক্রেতা অমিয় কুমার নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। অমিয় উপজেলার পৌর এলাকার বিহারকোল মহল্লার মৃত কার্তিক সরকারের ছেলে। তিনি উপজেলার বিহারকোল বাজারের চা বিক্রেতা ছিলেন। মঙ্গলবার ভোরে বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন।
বদলগাছী (নওগাঁ) : বদলগাছীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী আব্দুল হান্নানের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার কোলা ইউনিয়নের কেশাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হান্নান উপজেলার রুকুনপুর গ্রামের রমজান আলীর ছেলে। তিনি রূপালী ব্যাংক পিএলসির জয়পুরহাটের আক্কেলপুর শাখায় অফিস সহায়ক হিসাবে কর্মরত ছিলেন।
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) : কসবায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী সোহেল চৌধুরীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার তিনলাখপীর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোহেল কসবা উপজেলার ৫ নম্বর বিনাউটি ইউনিয়নের নেমতাবাদ গ্রামের বাসিন্দা।
