বিজয়নগরে সংঘর্ষে আহত অর্ধশতাধিক
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একাধিক স্থানে সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ সময় বিভিন্ন স্থানে ১৫-২০ বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সোমবার সকাল থেকে উপজেলার চান্দুরা ইউনিয়নের জালালপুর গ্রামে ও একই সময় ইছাপুরা ইউনিয়নের ডালপা গ্রামে কয়েকঘণ্টা ঘরে সংঘর্ষ চলে। আহতদের জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চান্দুরা ইউনিয়নে বাবুল মিয়া ও আরজু মিয়ার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে কয়েকদিন ধরে দফায় দফায় সংঘর্ষ চলে। তার ধারাবাহিকতায় সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত চলে সংঘর্ষ। এ সময় উভয় পক্ষের ৪০-৪৫ জন আহত হওয়ার পাশাপাশি ১৫-১৬টি বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই সময় উপজেলার ইছাপুরা ইউনিয়নের ডালপা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বকুল গ্রুপ ও আক্তার গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ৪-৫টি বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বিজয়নগর থানার ওসি মো. আহসান উল্লাহ জানান, একই সময় একাধিক স্থানে সংঘর্ষের খবর পেয়ে দ্রুত অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
