বাইক-অটো সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত মা ও খালা
তিন বাইক আরোহীসহ ঝরল আরও ৪ প্রাণ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের বন্দরে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে ছয় মাসের শিশু সাইফানের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় শিশুটির মা সুমী বেগম ও খালা শারমীন বেগম আহত হয়েছেন। শনিবার দুপুরে বন্দর উপজেলার মদনগঞ্জ-মদনপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া দুর্ঘটনায় তিন স্থানে আরও চারজন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে গোপালগঞ্জে দুই যুবক, ভোলায় বাইক আরোহী ও ময়মনসিংহে এনজিওকর্মী রয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-
বন্দর (নারায়ণগঞ্জ) : নিহত শিশু সাইফান বন্দরের সোনাকান্দা এনায়েতনগর এলাকার তোফাজ্জল মিয়ার বাড়ির ভাড়াটিয়া দিনমজুর মোজাম্মেল হোসেনের ছেলে। মোটরসাইকেলটি ওই স্থান দিয়ে বেপরোয়া গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে অটোকে ধাক্কা দেয়। এতে অটোতে থাকা শিশু সাইফান ঘটনাস্থলেই নিহত হয় এবং শিশুটির মা সুমী বেগম ও খালা শারমীন বেগম আহত হন।
গোপালগঞ্জ : বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-তৌহিদুল ইসলাম ও রিফাত সরদার। দুজনের বাড়ি খুলনার শিরোমণি এলাকায়।
ভোলা : ভোলা-চরফ্যাশন মহাসড়কে বাসচাপায় বাইক আরোহী শাহজান কবিরের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে লালমোহন উপজেলার গজারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শাহজান লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং তিনি কালমা ইউনিয়নের বাসিন্দা।
ভালুকা (ময়মনসিংহ) : ভালুকায় পিকআপ-বাইক সংঘর্ষে এনজিওকর্মী উত্তম সরকারের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বন্দিয়া এলাকায় ভরাডোবা-ঘটাইল সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত উত্তম সরকার টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার চরনিকলা গ্রামের ভবেশ সরকারের ছেলে। তিনি ত্রিশাল এলাকায় রূপসীবাংলা নামে একটি এনজিওতে কর্মরত ছিলেন।
বগুড়া : শাজাহানপুর উপজেলার বীরগ্রাম বাজার এলাকায় বাস-ট্রাকের সংঘর্ষ হয়েছে। শনিবার বিকালে বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে ট্রাকচালক আহত হয়েছেন।
