রংপুরে কেবল ওয়ান অফিসে হামলা, বন্ধ ইন্টারনেট সেবা
Advertisement
রংপুর ব্যুরো
প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ডিশ ব্যবসায়ের ফিডের নিয়ন্ত্রণ নিয়ে রংপুর মহানগরীতে ‘সিগন্যাল অপারেটর কেবল ওয়ান’র অফিসে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ম্যানেজারকে মারধর এবং জিএমকে সপরিবারে গুলি করে হত্যার হুমকি দেয় দুর্বৃত্তরা।
ফলে অফিস তালাবদ্ধ করে সবাই পালিয়ে বেড়াচ্ছেন। এ ঘটনার পর থেকে সিগন্যাল অপারেটর ক্যাবল ওয়ানের প্রায় ১০ হাজার গ্রাহক ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত রয়েছেন।
জানা গেছে, দুর্বৃত্তরা একটি দলের যুব সংগঠনের নাম ভাঙিয়ে এ ঘটনা ঘটিয়েছে। তারা রোববার সন্ধ্যায় নগরীর প্রেস ক্লাবের সামনে ক্যাবল ওয়ান অফিসে এই হামলা করে। ক্যাবল ওয়ান কর্তৃপক্ষের অভিযোগ, নগরীর ২৪নং ওয়ার্ডের কামালকাছনা এলাকার কেবল ওয়ানের ফিড মালিককে বাদ দিয়ে গালিব নামে এক ব্যক্তিকে দেওয়ার জন্য ওয়ান কর্তৃপক্ষের কাছে চাপ প্রয়োগ করা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় ২৩ ফেব্রুয়ারি কামালকাছনা এলাকার ডিশের লাইন কেটে দেয় গালিব ও তার বাহিনী। বিষয়টি নিয়ে ২৮ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ফিড মালিক। ক্যাবল ওয়ান কর্তৃপক্ষের অভিযোগ, এই ঘটনার জেরে গালিব তার সন্ত্রাসী বাহিনী নিয়ে কেবল ওয়ান অফিসে হামলা ভাঙচুর করে। এ সময় ম্যানেজার পরাগকে মারধর করা হয়।
মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার তোফায়েল আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাত ১০টা পর্যন্ত থানায় কেউ মামলা করেনি।
