ফতুল্লায় ন্যাড়া বাহিনী প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা
Advertisement
ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান তালিকাভুক্ত সন্ত্রাসী রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবুকে পেটে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এসময় লিটন নামে তার এক সহযোগী ছুরিকাহত হন। বৃহস্পতিবার ভোর ৪টায় ফতুল্লার পঞ্চবটি মোড়ে এ ঘটনা ঘটে। কিলার বাবু ফতুল্লার লালপুর পৌষাপুকুরপাড় এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
এলাকাবাসী জানান, হাসিনা নামে এক নারীকে টুকরো টুকরো করে হত্যার পর কিলার বাবু নামে পরিচিতি পায় রিয়াজ উদ্দিন। এরপর সে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটী বন বিভাগ থেকে লোহার মার্কেট পর্যন্ত প্রতিনিয়ত ছিনতাইয়ের জন্য গড়ে তুলেছিল বিশাল এক বাহিনী, যা ন্যাড়া নামে পরিচিত। সম্প্রতি কিলার বাবু লালপুর ও পঞ্চবটি এলাকায় চাঁদাবাজি ও ছিনতাইয়ে বেপরোয়া হয়ে উঠেছিল।
বাবুর পরিবারের বরাতে পুলিশ জানায়, ভোরে নাঈম, মামুন, সেলিম ও শাকিলসহ ১২ থেকে ১৫ জন সন্ত্রাসী বাবুকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে পঞ্চবটি এলাকায় ঘেরাও করে তার পেটে ছুরিকাঘাত করে। এসময় বাবুকে বাঁচাতে তার বন্ধু লিটন এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পুলিশ জানায়, কিলার বাবুর নামে ৫টি হত্যা, ছিনতাইসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে।
ফতুল্লা মডেল থানার এসআই মিরাজ হোসেন জানান, লিটনকে ঢাকা মেডিকেলে পাঠানো হলে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। কারা তাদের কুপিয়েছে, এ বিষয়ে জানার চেষ্টা চলছে। ভিক্টোরিয়া হাসপাতালে বাবুর লাশের ময়নাতদন্ত করা হবে।
