পরীক্ষায় নকল ধরায় তেজগাঁও কলেজে শিক্ষককে মারধর
Advertisement
তেজগাঁও (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্রে শুক্রবার অনুষ্ঠিত এলএলবি ফাইনাল পরীক্ষায় নকলের অভিযোগে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় দায়িত্ব পালনরত এক শিক্ষক লাঞ্ছিত ও মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
অভিযুক্ত দুই পরীক্ষার্থী হলেন-আইডিয়াল ল’ কলেজের এলএলবি শেষ বর্ষের শিক্ষার্থী রাসেল মিয়া ও শরিফুল ইসলাম। প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্র জানায়, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক সোহেল রানা পরীক্ষার হলে নকলের অভিযোগে দুই পরীক্ষার্থীকে শনাক্ত করেন এবং পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটিকে জানালে অভিযুক্তরা তাকে লাঞ্ছিত করে। পরীক্ষা শেষে হল থেকে বের হলে ওই দুই পরীক্ষার্থী শিক্ষক সোহেল রানার ওপর অতর্কিত হামলা ও মারধর করে আহত করে। অন্য শিক্ষকদের সহায়তায় আহত শিক্ষককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
কলেজ প্রশাসন জানায়, নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং কলেজ প্রশাসনের কঠোর নজরদারির অংশ হিসাবে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার কার্যক্রম অব্যাহত রয়েছে। শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত দুই পরীক্ষার্থীকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে।
তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব অধ্যাপক শামীমা ইয়াসমিন বলেন, অভিযুক্ত পরীক্ষার্থীদের বহিষ্কার করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষক সোহেল রানা জানান, অতর্কিত হামলা চালিয়ে তারা শারীরিকভাবে লাঞ্ছিত করে।
