মসজিদে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৩
Advertisement
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের বন্দরের সোনাকান্দা কিল্লা জামে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব ও রাজনৈতিক বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার তারাবির নামাজের আগ মুহূর্তে এই সংঘর্ষ হয়। এ ঘটনায় জামায়াত নেতাসহ ৩ জন আহত হয়েছেন। তারা হলেন-জামায়াত নেতা কাজী রেদওয়ানুল হক মামুন, মোহাম্মদ আল আমিন সুমন ও মো. শ্যামল।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় নাসিক ২১নং ওয়ার্ড বন্দরের সোনাকান্দা কিল্লা জামে মসজিদে তারাবির নামাজ শুরুর আগে মসজিদ কমিটির এক সদস্য বক্তব্য দেন। এটাকে রাজনৈতিক বক্তব্য বলে বাধা প্রদান করেন আগের কমিটির মো. সাখায়াত হোসেন পারভেজ। এর জেরে মসজিদের ভিতরেই শুরু হয় বাগ্বিতণ্ডা ও মারামারি।
মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাদের মধ্যে দীর্ঘদিন মতবিরোধ চলছিল। ৫ আগস্টের আগে মসজিদ পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন বন্দর থানা বিএনপির সাবেক আহ্বায়ক নূর মোহাম্মদ পনেছ, আর ৫ আগস্টের পরে মসজিদ পরিচালনা কমিটির আহ্বায়ক হন বন্দর থানা দক্ষিণ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. মামুন। আগের কমিটির সঙ্গে বর্তমান কমিটির দ্বন্দ্ব চলছিল।
এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফউদ্দিন জানান, বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে মসজিদের ভিতরে সংঘর্ষ হয়েছে। বিষয়টি নিয়ে বন্দর থানায় তাৎক্ষণিক উভয়পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
