ঠাকুরগাঁয়ে ‘মব’ সৃষ্টি করে নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাই
Advertisement
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ‘মব’ সৃষ্টি করে একটি কারিগরি কলেজের নিয়োগ পরীক্ষার সব নথিপত্র ও খাতা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীন ও তার সহযোগীদের বিরুদ্ধে। শুক্রবার বিকালে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের ভেতরেই এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন হরিপুর মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ‘আয়া’ ও ‘পরিচ্ছন্নতা কর্মী’ পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মোট ৮ জন প্রার্থী অংশ নেন। পরীক্ষা শেষে ফলাফল যাচাই ও মৌখিক পরীক্ষার প্রস্তুতির জন্য কলেজের অধ্যক্ষ ও নিয়োগ বোর্ডের সদস্যরা ইউএনও রায়হানুল ইসলামের কক্ষে অবস্থান করছিলেন। মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ অভিযোগ করে বলেন, ‘পরীক্ষা শেষে আমরা ইউএনও স্যারের রুমে বসে নথিপত্র দেখছিলাম। হঠাৎ বিএনপি নেতা জামাল উদ্দীন ও তার লোকজন রুমে ঢুকে অতর্কিত হামলা চালায় এবং আমাদের হাত থেকে নিয়োগসংক্রান্ত সব কাগজপত্র ও খাতা ছিনিয়ে নিয়ে যায়।
ইউএনও রায়হানুল ইসলাম বলেন, ‘সুষ্ঠুভাবে নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। নিরীক্ষক দল আমার কক্ষে বসে মৌখিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় উপজেলা বিএনপির সভাপতি ও তার সহযোগীরা রুমে ঢুকে ‘মব’ (বিশৃঙ্খলা) সৃষ্টি করেন এবং জোরপূর্বক সবার কাছ থেকে পরীক্ষার খাতা ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নিয়ে যান। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা জামাল উদ্দীন বলেন, ‘আমরা কোনো ছিনতাই করিনি। ওই শিক্ষা প্রতিষ্ঠানটি আওয়ামী লীগের লোকজন দ্বারা নিয়ন্ত্রিত এবং সেখানে আওয়ামী লীগের কর্মীদেরই নিয়োগ দেওয়া হচ্ছিল। আমাদের ছেলেরা এর প্রতিবাদ করতে গেলে ইউএনও তাদের সঙ্গে খারাপ আচরণ করেন। মূলত ইউএনও জামায়াতের লোক হওয়ায় আমাদের ওপর দোষ চাপাচ্ছেন।’ এদিকে হরিপুর থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিবেন।
